পাশের ছবিটি থিয়েটারের স্পর্ধা নাটকের। এটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। নাটকটির ছবিতে দেখা যাচ্ছে, মারুফ কবির, তানভিন সুইটি ও আপন আহসানকে। ছবিটির কথা বলতে গিয়ে মারুফ কবির বললেন, ‘এখানে আমার চরিত্রের নাম লাড্ডু। সুইটি আমার বোন আর আপন বোনের স্বামী। ছবিটিতে আমি আমার বাড়ি তৈরির নকশা বোন আর বোনজামাইকে দেখাচ্ছি। আর বলছি, “বাড়ি তৈরি হয়ে গেলে আমি একাই বাড়িতে উঠব। বাবা-মাকে সাথে নেব না।”’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানালেন, মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে ছেলেমেয়েদের কাছে তাঁরা অবহেলার পাত্রে পরিণত হন। এই বিষয়টিই নাটকটির গল্পে উঠে এসেছে।নাটকটি মঞ্চে আসার সময়কালের স্মৃতির কথা তাঁর মুখ থেকে উঠে এল। তিনি বললেন, ‘এই নাটকে আমি প্রথম থেকে অভিনয় করিনি। পাঁচ কি ছয়টি প্রদর্শনী হয়ে গেলে আমি অভিনয় শুরু করি। প্রথম দিকে নাটকটির মহড়া হতো ইস্কাটনের বয়েজ হাইস্কুলে। পরে নাটক সরণিতে (বেইলি রোড) থিয়েটার কমপ্লেক্সে রিহার্সেল হতো। ১৯৯৩ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছিল মহিলা সমিতি মঞ্চে। টানা ১৯৯৮ সাল পর্যন্ত নাটকটি মঞ্চে ছিল। ওই সময়ে নাটকটির ৭৫টির বেশি প্রদর্শনী হয়েছিল। এর পর থেকে টানা প্রায় ১০ বছর প্রদর্শনী বন্ধ ছিল। আবদুল্লাহ আল-মামুন মারা যাওয়ার পর ২০০৯ সালে তাঁর নামে একটি নাট্যোৎসব করা হয়। ওই উৎসবে নতুন করে আবার নাটকটি মঞ্চে আনা হয়।’