পাশের ছবিটি থিয়েটারের স্পর্ধা নাটকের। নাটকটির রচনা ও নির্দেশনা আবদুুল্লাহ আল-মামুনের। নাটকটির ছবিতে ফেরদৌসী মজুমদার, আবদুল্লাহ আল-মামুন ও মারুফ কবিরকে দেখা যাচ্ছে। এখানে মারুফ কবিরের চরিত্রের নাম নাট্টু। ফেরদৌসী মজুমদার ও আবদুল্লাহ আল-মামুন হলো নাট্টুর বোনের শ্বশুর-শাশুড়ি। নাট্টুর চরিত্র হলো এক ধরনের ম্যাচমেকার রকমের। বোনের বাসায় গিয়ে নানা ফন্দি-ফিকির করে, কথার পিঠে কথা রেখে বোনের শ্বশুরবাড়ির লোকজনকে আকৃষ্ট করে। এবং ওখানেই অবস্থান করে। একটা সময় অসৎ পথে পা বাড়ায় নাট্টু। নাটকটির কথা বলতে গিয়ে মারুফ কবির বলেন, ‘বেইলি রোড, বর্তমান নাটক সরণিতে থিয়েটারের “থিয়েটার কমপ্লেক্স” ছিল। ওখানেই আমরা মহড়া করতাম। তবে খুব কম সময়ে নাটকটি মঞ্চে উঠেছিল।’ তিনি আরও বলেন, ‘এ নাটকটি দিয়েই আমার প্রথম ঢাকার মঞ্চে অভিষেক। নাটকটি নিয়ে অনেক ঘটনা আছে। এটি ১৯৯২ সালে প্রথম মঞ্চে আসে। তখন থিয়েটার এত ভাগাভাগি হয়নি। সে সময় নাটকটির দু-তিনটি প্রদর্শনী হয়েছিল। পরে থিয়েটার বেশ কয়েকটি ভাগে ভাগ হলে ১৯৯৩ সালে থিয়েটারে যোগ দিই। তবে থিয়েটারে যোগ দেওয়ার আগেই আমি এ নাটকটিতে অভিনয় করি। থিয়েটার ভাগ হয়ে গেলে বেইলি রোড হয়ে ১৯৯৪ সালে এ নাটকটি মহিলা সমিতিতে আবারও নতুন করে উদ্বোধন করা হয়। সেই থেকেই নাটকটিতে কাজ করে আসছি।’মারুফ কবির বলেন, ‘নাটকটি ১৯৯৯ সাল পর্যন্ত একটানা মঞ্চে ছিল। পরে ২০০৯ সালে এসে আবার নতুন করে নাটকটি মঞ্চে আসে।’