শৈশবে স্পাইডারম্যান হতে চায়নি, এমন মানুষের দেখা মেলা ভার, যদি সে অন্তত একবারের জন্য হলেও এই কমিক বই পড়ে থাকে। অ্যান্ড্রু গারফিল্ডও ব্যতিক্রম নন। শৈশবে এই কমিক বইয়ে বুঁদ হয়ে থাকতেন তিনি। মায়ের চোখ ফাঁকি দিয়ে পড়ার বইয়ের ভাঁজে রেখে পড়েছেন—বলা ভালো, গোগ্রাসে গিলেছেন। কিন্তু মায়ের চোখকে কি আসলে ফাঁকি দেওয়া যায়? ছেলের স্পাইডারম্যান হওয়ার শখ মা ঠিকই পূরণ করে দিতেন প্রতিবার হ্যালোইনে। ‘যেমন খুশি তেমন সাজো’র উৎসবে গারফিল্ড হয়ে যেতেন স্পাইডারম্যান!তাতেও ঠিক শখ মিটত না গারফিল্ডের। হাত দিয়ে যে জাল বের হতো না! কতবার মাকে জ্বালিয়েছেন এ নিয়ে। অবশেষে সেই শখ পূরণ হয়েছে তাঁর। মিছেমিছি আর নয়, এবার তিনি সত্যিকারের স্পাইডারম্যান! আগামী ৩ জুলাই মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিন্তু যুক্তরাজ্যে বেড়ে ওঠা গারফিল্ডের নতুন ছবি দি অ্যামেজিং স্পাইডারম্যান।পরিচালক পাল্টেছে। স্যাম রাইমির জায়গায় মার্ক ওয়েব। নায়কও পাল্টেছে। টবি ম্যাগুইয়ের বদলে গারফিল্ড। নায়িকা হিসেবে এসেছেন এমা স্টোন। ২০০২, ২০০৪ ও ২০০৭ সালে স্পাইডারম্যান সিরিজের তিনটি ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার পর সনি পিকচার্স এবার নতুন মোড়কে নতুন স্পাইডারম্যান উপহার দিতে চলেছে দর্শকদের। এই স্পাইডারম্যান শুধু অতিমানবীয় ক্ষমতার সুপারহিরো নয়, রক্ত-মাংসের মানুষও, আবেগের জোয়ার-ভাটা যার ব্যক্তিজীবনকেও করে দেয় উথালপাতাল।২০০২ সালে টবি ম্যাগুইয়েরের স্পাইডারম্যান যখন মুক্তি পায়, গারফিল্ড তখন ১৮ বছরের তরুণ। থিয়েটারে চুটিয়ে অভিনয় করেন, আর বাসায় ডিভিডিতে দেখেন রাজ্যের যত ছবি। এমনিভাবে ম্যাগুইয়েরের স্পাইডারম্যান তাঁর ডিভিডিতেই দেখা। সেটিও টানা দুবার! কেন দেখলেন দুবার?‘প্রথম দেখাতেই মনে হলো, আরে! এ তো আমার গল্পই বলছে। আমি তখন আরও শুকনো ছিলাম। তালপাতার সেপাই। স্কুলেও বন্ধুদের কাছে পাত্তা পেতাম না। স্পাইডারম্যান হলো আমার মতো বাচ্চাদের আশার প্রতীক। স্পাইডারম্যান আমাদের মতো ঠাট্টার শিকার হওয়া স্কুলছাত্রদের শেষ আশ্রয়। আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস। তাকে দেখে আমরা সাহস পাই।’ বলেছেন এই ২৮ বছর বয়সী।স্পাইডারম্যান আরও দুটি কারণে তাঁর কাছে ‘বড় কিছু’। ‘প্রথম কারণ হলো, যখন তিন-চার বছর বয়স ছিল, তখন এ বাড়ির দালান থেকে ও বাড়িতে রশি ঝুলিয়ে কতই না খেলেছি। আমার শৈশবের সঙ্গে মিশে আছে স্পাইডারম্যান। হ্যালোইনে মা আমাকে স্পাইডারম্যান সাজিয়ে দিতেন। লুুকিয়ে লুকিয়ে কত পড়েছি স্পাইডারম্যান-এর কমিক।’ আর দ্বিতীয় কারণ? গারফিল্ডের উত্তর, ‘আমার কাছে স্পাইডারম্যানকে সুপারহিরোর চেয়ে তারুণ্যে পা দিতে চলা এক কিশোরই বেশি মনে হয়, যার নিজের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করতে চায়।’দি অ্যামেজিং স্পাইডারম্যান সেই গল্প নিয়েই বানানো ছবি। টিন এজ পিটার পার্কারের গল্প দেখা যাবে ছবিতে, যে একেবারেই নিঃসঙ্গ, যে তার রহস্যঢাকা অতীতের ধাঁধার সমাধান করতে চায়, আর চায় হাইস্কুলের সহপাঠী স্ট্যাসির মন জিততে। পিটার তার বাবার রহস্যজনক এক ব্রিফকেস খুঁজে পায়। এই ব্রিফকেসের সূত্র ধরেই সে খোঁজ পায় বাবার পুরোনো সহকর্মী ড. কার্টিস কনোর্সের। ধীরে ধীরে পিটার তার নিজের অতিমানবীয় শক্তির অস্তিত্বও বুঝতে পারে। এই শক্তি নিয়েই সে মুখোমুখি হয় কনোর্সের, যে কিনা আসলে লোভী, হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ একটা টিকটিকি।রাজীব হাসানতথ্য: হলিউড রিপোর্টার