স্পাইডারম্যান স্রষ্টার নজর এবার ভারতীয় সুপার হিরোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরা দ্য ইনভিন্সিবল
চকরা দ্য ইনভিন্সিবল

স্পাইডারম্যান, আয়রনম্যান, হালক, এক্স-মেনের মতো তুমুল জনপ্রিয় সুপার হিরো চরিত্র যৌথভাবে রচনা করেছেন মার্কিন কমিক বই লেখক এবং মার্ভেল কমিকসের সাবেক চেয়ারম্যান স্ট্যান লি। এবার তাঁর রচিত প্রথম ভারতীয় সুপার হিরো চরিত্র অবলম্বনে নির্মিত হচ্ছে বলিউডের ছবি ‘চকরা দ্য ইনভিন্সিবল’।

মুম্বাইয়ের প্রেক্ষাপটে নির্মিত হবে সুপার হিরো-নির্ভর ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করবে পাও! এন্টারটেইনমেন্ট এবং গ্রাফিক ইন্ডিয়া।

এ প্রসঙ্গে পাও! এন্টারটেইনমেন্টের চিফ ক্রিয়েটিভ অফিসার স্ট্যান লি বলেন, ‘আমি সব সময় বলিউডের ছবির ভক্ত। আমার প্রথম বলিউডের সুপার হিরো ছবি চকরা দ্য ইনভিন্সিবল সবার সামনে আনার সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

স্ট্যান লি আরও বলেন, ‘এরই মধ্যে ভারতীয় চলচ্চিত্রের প্রচণ্ড মেধাবী কয়েকজন নির্মাতা ও অভিনেতার সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি নিঃসন্দেহে বলতে পারি, মেধাবী এই মানুষগুলো চকরা দ্য ইনভিন্সিবল ছবিকে ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় ও সফল করতে অনেক সাহায্য করবেন।’

এদিকে নীল রঙের পোশাকে চকরা চরিত্রটির কনসেপ্ট ইমেজও প্রকাশ করেছেন ৯১ বছর বয়সী স্ট্যান লি।