স্পাইসি অপেরা থেকে ফায়ারফ্লাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ারফ্লাই ব্যান্ডের সদস্যরা
ফায়ারফ্লাই ব্যান্ডের সদস্যরা

স্পাইসি অপেরার শুরুটা হয়েছিল ২০০৯ সালে। তখন বিভিন্ন ক্লাব, দূতাবাস, লাউঞ্জ ও মিউজিক ক্যাফেতে জনপ্রিয় ইংরেজি গান করত ব্যান্ডটি।
জানা গেল, একটি মিউজিক ক্যাফেতে স্পাইসি অপেরা টানা আট মাস প্রতি সন্ধ্যায় ইংরেজি গান করেছে। পাশাপাশি টিভি চ্যানেলের লাইভ শোতেও গান করেছে। বাংলা নয় সব কটি অনুষ্ঠানে তারা গেয়েছে ইংরেজি গান। পাঁচ বছর পর নিজেদের গান তৈরির উদ্যোগ নেওয়া হয়। আর তখনই ব্যান্ডের নাম পরিবর্তনের প্রয়োজন অনুভব করেন স্পাইসি অপেরার সদস্যরা।
কেন? গানের জন্য শুধু গান করা নয়, সৃষ্টি আর সৃজনশীল কাজ বেঁচে থাকে মানুষের আবেগকে ছুঁয়ে, অধিকারের কথা বলে। ব্যান্ডটি নিজেদের আলোয় আলোকিত করতে চায় সমাজের অন্ধকার দিক, আর তা জোনাকির মতো, নিজস্ব সৃষ্টি দিয়ে। আর এই হলো স্পাইসি অপেরা থেকে ফায়ারফ্লাই হওয়ার গল্প। মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ফায়ারফ্লাই নতুনভাবে কম্পোজিশন করে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কবাট’ গানটি। মূল গানের বাণী আর সুর ঠিক রেখে রক ঘরানার কম্পোজিশন এবং গানটির মিউজিক ভিডিও কয়েক ধাপ এগিয়ে দেয় ফায়ারফ্লাইয়ের পথ চলা। ইউটিউবে ‘কারার ঐ লৌহ-কবাট বাই ফায়ারফ্লাই’ দিলেই দেখা যাবে ভিডিওটি।
দীর্ঘ প্রস্তুতির পর এখন ফায়ারফ্লাই বিভিন্ন টিভি চ্যানেল আর এফএম রেডিওতে লাইভ অনুষ্ঠান করছে। পাশাপাশি নিজস্ব গান নিয়ে অংশ নিচ্ছে বিভিন্ন উন্মুক্ত কনসার্টেও। পাশাপাশি গান করেছে কয়েকটি মিশ্র ব্যান্ডের অ্যালবামে। এ বছরই আসবে ফায়ারফ্লাইয়ের প্রথম অ্যালবাম।
পুরোপুরি রক ধারার এই ব্যান্ডের সদস্যরা হলেন লাইনআপ রিয়াজ (কণ্ঠ), সোহান (গিটার ও কণ্ঠ), টুটুল (গিটার ও কণ্ঠ), নেওয়াজ (বেজ গিটার), মিঠুন (কিবোর্ড), রাজীব (ড্রামস)।