স্পিলবার্গ ও হ্যাংকসের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিজ অব স্পাইজ ছবিতে টম হ্যাংকস
ব্রিজ অব স্পাইজ ছবিতে টম হ্যাংকস

স্নায়ুযুদ্ধের যুগ কবেই ফুরিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সেই সোভিয়েত আমলের আবহ ফিরিয়ে এনেছেন নন্দিত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তাঁর নতুন ছবি ব্রিজ অব স্পাইজ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ১৬ অক্টোবর। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাংকস। আরও আছেন অ্যালেন অ্যালডা, মার্ক রায়ল্যান্স, অ্যামি রায়ান, অস্টিন স্টোয়েল প্রমুখ।
ছবির প্রধান চরিত্র নিউইয়র্কের আইনবিদ জেমস ডোনোভান (টম হ্যাংকস)। তিনি রুশ গুপ্তচর রুডলফ আবেলকে আইনি সুরক্ষা দেন। পরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করেন ডোনোভান। তখন তাঁর দায়িত্ব সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝোতার মাধ্যমে ফ্রান্সিস পাওয়ার্স নামের একজন মার্কিন পাইলটকে ফিরিয়ে আনা।
ছবির নাম শুনে মনে হতে পারে, পুরোটাই বুঝি গুপ্তচরদের কাহিনি। স্নায়ুযুদ্ধের উপাদান হিসেবে আপনি হয়তো আশা করছেন ছবির গল্পে কোনো না কোনো গোপন অভিযানের ঘটনা অবশ্যই থাকবে। কিন্তু ব্রিজ অব স্পাইজ আসলে পারিবারিক গল্প। ডোনোভান সিআইএর ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ায় তাঁর স্ত্রী-সন্তানেরা উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়ে যান। ছবিতে সেসব বিষয়ও সমান গুরুত্ব পেয়েছে।
ব্রিজ অব স্পাইজ ছবির সঙ্গে স্টিভেন স্পিলবার্গের নিজের জীবনের গল্পও মিশে আছে নিবিড়ভাবে। ১৯৬০ সালে পাওয়ার্সের গোয়েন্দা বিমানটি সোভিয়েত বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়ার কয়েক দিন পরই স্পিলবার্গের বাবা তড়িৎ প্রকৌশলী আরনল্ড স্পিলবার্গ মস্কোয় যান সেই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখতে। তখন তাঁর পাসপোর্ট নিয়ে যান সোভিয়েত কর্মকর্তারা। তিরস্কারও করেন এই বলে, ‘দেখুন, আপনার দেশ আমাদের বিরুদ্ধে কী করছে!’
স্পিলবার্গ বলেন, ‘কপাল ভালো, আমার বাবা তাঁর পাসপোর্ট ফেরত পেয়েছিলেন। নইলে হয়তো আমি এত দূর পৌঁছাতে পারতাম না। বাবা ফিরে এসে প্রথমে যে জিনিসটি আমাকে দেখিয়েছিলেন, সেই বিমান ও পাইলটের পোশাকের ছবি। সেগুলো আমার ওপর বড় রকমের প্রভাব ফেলেছিল।’
ষাটের দশকের পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যকার উত্তেজনাকেও নতুন রূপে তুলে ধরেছেন স্পিলবার্গ। বার্লিনকে তিনি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বেছে নিয়েছেন। স্পিলবার্গ ও হ্যাংকস একসঙ্গে কাজ করে আগেও সফল হয়েছেন। সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান ও দ্য টার্মিনাল তার উদাহরণ। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও পছন্দ টম হ্যাংকসের অভিনয়। তবে ব্রিজ অব স্পাইজকে তাঁরা নিখুঁত না বললেও প্রশংসা করেছেন।
দ্বন্দ্বময় সময়ের সত্যিকার ছবি তুলে ধরা হয়েছে স্পিলবার্গের এই ছবিতে। তিনি দেখিয়েছেন শূন্যতার মধ্যেও আশাবাদ নিয়ে মানুষের বেঁচে থাকার চেষ্টা, নৈতিক লড়াই ও আপস। ব্রিটিশ নাট্যকার ম্যাট চারম্যানের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন জোয়েল ও এথান কোয়েন।
স্নায়ুযুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে আজকের রুশ-মার্কিন সম্পর্কের তুলনা সম্পর্কে স্পিলবার্গ বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কে একধরনের কুয়াশার আবরণ পড়েছে। এ ধরনের পরিস্থিতির সঙ্গে তিনি বেশ পরিচিত। কারণ, তিনি যে বেড়ে উঠেছেন সেই স্নায়ুযুদ্ধের যুগে।
ভ্যারাইটি, ভ্যানিটি ফেয়ার, বোস্টন গ্লোব, সিনেমা ব্লেন্ড, ডেট্রয়েট ফ্রি প্রেস ও গার্ডিয়ান অবলম্বনে