
প্রবেশমুখে দীর্ঘ সারি। সামান্য খোলা দরজার ফাঁক গলে ভেসে আসছিল গিটারের টুংটাং। আয়োজকদের একজন বললেন, নিচে জায়গা নেই, দয়া করে ওপরে গিয়ে বসুন। দোতলায় গিয়েও দেখা গেল বেশ কজন দাঁড়িয়ে শুনছেন ভিক্টর মঙ্গের গিটারের জাদুকরি ঝংকার।
গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চ মাতালেন স্পেনের এই শিল্পী। সঙ্গে ছিলেন আরও তিন বাদ্যযন্ত্রী। ক্যারি ব্যারোনা বাজাচ্ছিলেন চেলো, জুলিয়ান ভাকুইরোর হাতে ছিল গিটার আর ভিক্টর মঙ্গের ছেলে জুনিয়র ভিক্টর মঙ্গে বাজালেন কঙ্গোর মতো একগুচ্ছ যন্ত্র। ক্যারি জানালেন, এর নাম কাহোং।
শুরুতেই ভিক্টরের গিটারের সঙ্গে ছিল ক্যারির বাজানো চেলোর সকরুণ সুর। কখনো সেতারের মতো করে তারগুলো টেনে টেনে বাজাচ্ছিলেন সেটি। এই সুর অংশটির নাম তারান্তা। এটি ফ্লেমেনকোর একটি ভীষণ আকর্ষণীয় ধারা। পরিবেশনা শেষে মঙ্গে স্প্যানিশ ভাষায় ব্যাখ্যা দিলেন এই সংগীতাংশটির। ক্যারি ইংরেজিতে জানালেন, নদীর কলতান ও খনির গভীরতাই উঠে এসেছে এই সুরে। এসব বলার আগেই অবশ্য দর্শকের হৃদয় ছুঁয়েছিল সুরটা। ফলে দুই হাত এক করে গিটারিস্ট ও অন্য যন্ত্রীদের অভিবাদন জানান তাঁরা।
এরপরের পরিবেশনাটির নাম সোলেয়া। ফ্লেমেনকোর একটি প্রাচীন ধারা এটি। এই দুটি পরিবেশনা শেষে একাই বাজাতে থাকেন মঙ্গে। বিশ্বজুড়ে তিনি সেরানিতো নামেই পরিচিত। পাশে দাঁড়িয়ে বাবার পরিবেশনা দেখছিলেন জুনিয়র মঙ্গে।
এরপর আরও কয়েকটি সুর বাজায় এই দলটি। এর মধ্যে রয়েছে কোমা উন সুয়েনো এবং রোমান্স পারা উন পোয়েটা। শেষ এই অংশটুকু উৎসর্গ করা হয়েছে কবি ফেদরিকো গার্সিয়া লোরকাকে। কেননা, ওই কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়েই এই সুর সৃষ্টি।
তুরস্ক ও স্পেনের রাষ্ট্রদূতেরা ছাড়াও বেশ কজন বিদেশি নাগরিক এসেছিলেন এই পরিবেশনা উপভোগ করতে।