শওকত ওসমান খুব ভালো এসরাজ বাজাতেন। ছেলে ইয়াফেস ওসমানকে কাছে ডেকে প্রায়ই বলতেন তাঁর সঙ্গে গান করতে।
জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার কক্ষে এভাবেই বাবার সম্পর্কে বললেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। গতকাল ২ জানুয়ারি ছিল কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৯তম জন্মবার্ষিকী। তাঁর স্মরণে বিকেলে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণসভা ও আবৃত্তিসন্ধ্যা।
স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘তিনি যে সময়কার মানুষ, সে সময় বাবারা ছিলেন বাড়ির হেডমাস্টার। সবাই বাবাদের ভয় পেতেন। তাই দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হতো। কিন্তু শওকত ওসমান সন্তানের গায়ে কোনো দিন হাত তোলেননি। যদি কখনো খুব বিরক্ত হতেন, তখন হয়তো একটু উঁচু গলায় শক্ত কথায় বকে দিতেন। কিন্তু তারপরই উপহার নিয়ে আসতেন। চাইতেন না সন্তান মনে ব্যথা নিয়ে থাকুক।’
ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ১২ বছরের বড় হলেও শওকত ওসমান তাঁর বন্ধু ছিলেন। তিনি যতটা সাহিত্যিক, ততটাই রাজনীতিসচেতন ছিলেন। ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক মানুষ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
সকালে জাতীয় জাদুঘরেও হয় শওকত ওসমান স্মরণে আলোচনা অনুষ্ঠান। কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন ইয়াফেস ওসমান। আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক সলিমুল্লাহ খান প্রমুখ। শওকত ওসমানের কর্মময় জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক আবুল আজাদ। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান আজিজ।