স্বজনদের ভালোবাসায় সিক্ত কবি আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানসন্ততি আর প্রিয়জনদের সঙ্গে নিয়ে ৯০তম জন্মদিন পালন করলেন কবি আবুল হোসেন। প্রকৃতপক্ষে তাঁর জন্মদিনটি পেরিয়ে গেছে ১৫ আগস্ট। ওই দিন ছিল জাতীয় শোক দিবস, তার ওপর চলছিল রমজান মাস। সে কারণেই ঈদের পর জন্মদিনের আয়োজন। গতকাল বুধবার রাতে রূপসী বাংলা হোটেলের বলরুমে কাছের মানুষদের নিয়ে তাদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো জন্মদিনের আনুষ্ঠানিকতা।দেয়ালের সঙ্গে ডিজিটাল প্রিন্টে কবির প্রতিকৃতি আর কবিতা টাঙানো। মঞ্চে বাদ্যযন্ত্র সাজানো। দুই পাশে পর্দায় দেখানো হচ্ছিল তাঁর কর্মময় জীবনের নানা মুহূর্তের ছবি। আর মৃদু শব্দে বাজছিল গান। নৈশভোজের ব্যবস্থা ছিল। অতিথিরা এলেন একটু বিলম্বেই। রাত আটটা নাগাদ কবির বড় মেয়ে ফারহাত হোসেনের ঘোষণায় শুরু হলো আনুষ্ঠানিকতা।প্রথমেই কবির জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হলো। তাতে তাঁর জীবন ও কাব্য সম্পর্কেও যেমন প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা হয়েছে, তেমনি কবির কাজ নিয়ে মূল্যায়ন করেছেন বিশিষ্ট সমালোচক ও বিদগ্ধজনেরা।কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় লেখক সৈয়দ শামসুল হক বলেন, তাঁদের কাব্যচর্চার শুরুর দিকে অগ্রজ কবি আবুল হোসেন তাঁকে, শামসুর রাহমানকে নানা পরামর্শ ও প্রেরণা দিয়েছেন। জনসমক্ষে সেই ঋণ স্বীকার করে হক বলেন, তাঁর কবিতা এখনো প্রাসঙ্গিক। এরপর প্রকাশক সিকদার আবুল বাশার কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কবিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিচারপতি, শিল্পী, কবি-সাহিত্যিক, শুভানুধ্যায়ী ও বন্ধুরা। তাঁদের মধ্যে ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সাবেক অর্থসচিব মুস্তাফিজুর রহমান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, আলী যাকের, মুস্তাফা জামান আব্বাসী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামসহ অনেকে।কবির কবিতা আবৃত্তি, প্রিয় গান দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। কবিকে শ্রদ্ধা জানিয়ে আসাদুজ্জামান নূর আবৃত্তি করেন ‘হাওয়া, তোমার কী দুঃসাহস’ ও ‘একই কাজ’। জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি করেন ‘দিক নির্ণয়’। হাসান আরিফ আবৃত্তি করেন ‘বাজারদর’ ও ‘যখন যেতেই হবে’। তিনটি নজরুলসংগীত শুনিয়েছেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। গানগুলো ছিল ‘দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল’, ‘বাগিচায় বুলবুলি তুই’ এবং ‘চেয়ো না সুনয়না’। অদিতি মহসীন শোনান ‘জগতে আনন্দযজ্ঞে’, ‘বরিষ ধরা মাঝে’ এবং ‘শুধু তোমার বাণী’। গান ও আবৃত্তির পর দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও সুহূদদের সঙ্গে নিয়ে কবি জন্মদিনের কেক কাটেন।কবি আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাটের ফকিরহাট থানার আড়ুয়াভাঙা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারের উচ্চপদে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।সেলিম আল দীন উৎসব: শিল্পকলা একাডেমীতে সেলিম আল দীন উৎসবের পঞ্চম দিনে গতকাল বুধবার সন্ধ্যায় তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। নাট্যশালার মূল মিলনায়তনে কলকাতার নাট্যদল নয়ে নাটুয়া মঞ্চস্থ করে একক অভিনয়ভিত্তিক দুটি নাটক বড়দা বড়দা ও কাব্যে গানে। অভিনয় করেন গৌতম হালদার। একই সময় পরীক্ষণ থিয়েটারে ইউনিভার্সেল থিয়েটার মঞ্চস্থ করে মাজহারুল হক পিন্টু রচিত ও নির্দেশিত নাটক মহাত্মা। এতে অভিনয় করেন আজাদ, শওকত, মাজহারুল, নজরুল, রাজ্জাক, শ্যামল প্রমুখ।নাট্যকর্মীদের বিক্ষোভমহাকাল নাট্য সম্প্রদায়ের মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী নাটক নিশিমন বিসর্জন-এর সেট পানিতে ফেলে দেওয়ার ঘটনায় নাট্যকর্মীরা বিক্ষোভ করেছেন।গতকাল বুধবার বিকেলে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় বক্তারা এর সঙ্গে জড়িত শিল্পকলা একাডেমীর কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।আইটিআইর সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, লিয়াকত আলী ঝুনা চৌধুরী, কেরামত মওলা, মোরশেদুল ইসলাম, মান্নান হীরা, মহাকাল প্রমুখ।