স্বতন্ত্র ও মহিমান্বিত এক হ্যামলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের হ্যামলেট নাটকের দৃশ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের হ্যামলেট নাটকের দৃশ্য

তড়িঘড়ি করে ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে গিয়ে দেখা গেল, তখনো দর্শক জটলা করে দাঁড়িয়ে আছে মিলনায়তনের বাইরে। খবর পাওয়া গেল একজন অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রদর্শনী হবে কি হবে না, সেটাই হলো প্রশ্ন। এমন একটা হ্যামলেটীয় দ্বিধাদ্বন্দ্ব পার করে ১৫ মিনিট পরে শুরু হলো হ্যামলেট নাটকটি। হাল ফ্যাশনের কালো প্যান্ট-শার্ট পরে কিছু তরুণ-তরুণী অভিনয়স্থলে বসে বা দাঁড়িয়ে নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। শুরুতেই নির্দেশক বুঝিয়ে দিলেন, তিনি প্রথাগত পথের বাইরে চলতে যাচ্ছেন তাঁর হ্যামলেট নিয়ে। উইলিয়াম শেক্‌সপিয়ারের হ্যামলেট এমন এক নাট্যাখ্যান, যার প্রতিটি ঘটনায়, প্রতিটি সংলাপে রয়েছে নানা মাত্রিকতা। সুতরাং সব সম্ভাবনাকেই নির্দেশক কাজে লাগাতে চাইবেন, এটাই স্বাভাবিক। এই মহাকাব্যিক উপাখ্যান নিয়ে সারা বিশ্বে কত রকমের যে কাজ হয়েছে, তার সংখ্যা নিরূপণও আমাদের জন্য কষ্টসাধ্য।

আমাদের দেশেও হ্যামলেট-এর নানা রকম প্রযোজনা লক্ষ করেছি আমরা। সব হ্যামলেট-এর কথা কি আমরা মনে রাখতে পেরেছি? সেই সব হ্যামলেটই স্মরণীয় হয়ে আছে, যারা প্রযোজনা-কৌশল ও অভিনয়কুশলতায় অভিনবত্বের ছাপ রাখতে সক্ষম হয়েছে। স্মরণ করা যেতে পারে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে আলী যাকেরের রূপান্তর ও নির্দেশনায় নাগরিক নাট্য সম্প্রদায়ের দর্পণ নাটকের কথা। শেক্‌সপিয়ারের হ্যামলেট নাটকটি তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে রূপান্তর করে দর্পণ নামে মঞ্চায়িত করেছিলেন। সেখানে ডেনমার্ক কিংবা ইংল্যান্ডের পরিবর্তে ছিল বাংলাদেশের সোঁদামাটির গন্ধ। দর্পণ নাটকের মূল চরিত্রে অকালপ্রয়াত খ্যাতিমান অভিনেতা খালেদ খান প্রশংসনীয় অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। আরও স্মরণ করা যেতে পারে নব্বইয়ের দশকের শুরুর দিকে নাট্যধারার দুঃসাহসী প্রযোজনা হ্যামলেট, ওহ্‌ হ্যামলেট-এর কথা।

উইলিয়াম শেক্‌সপিয়ারের হ্যামলেট নাটক থেকে অনুপ্রাণিত হয়ে হ্যামলেট, ওহ্‌ হ্যামলেট রচনা করেন বিপ্লব বালা। নাটকটি নির্দেশনা দেন আশীষ খন্দকার। বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল নাটকটি। রাজনৈতিক মতাদর্শে বহুধা বিভক্ত ছাত্রসংগঠনগুলোর মাঝে বিবদমান নৈরাশ্য, হানাহানি ও সন্ত্রাসের বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছিল এই নাটকে। এই নাটকে হ্যামলেট ছিল পাঁচজন। তারা পাঁচ ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের ছাত্রযুবা প্রতিনিধি। এ নাটকে কিং হ্যামলেটকে হত্যা করে ক্লডিয়াসের ক্ষমতা গ্রহণ এবং দেশ পরিচালনার বিষয়টির সঙ্গে নাট্যকার ও নির্দেশক সূক্ষ্মভাবে ইঙ্গিত করেছিলেন পঁচাত্তরের হত্যা ও ক্ষমতার পালাবদলের রাজনীতির দিকে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ হ্যামলেট নাটকটি নির্মাণ করেছে অ্যারিনা বা চতুর্মুখী স্পেস ডিজাইনে। এতে দর্শকদের সঙ্গে যোগাযোগটা নিবিড় হয়েছে। মূল হ্যামলেটের কনটেন্টের প্রতি বিশ্বস্ত থেকে নির্দেশক আশিক রহমান লিয়ন চেষ্টা করেছেন হ্যামলেটের দর্শন, জটিলতা, ব্যক্তিত্বকে জঙ্গম করতে, যা সহজেই জারিত করতে সক্ষম হয়েছে দর্শকচিত্তকে। তিনি কিছু কিছু দৃশ্যে কোরাস, প্রপস, কস্টিউম, থিয়েটার গেম এবং যাত্রার আদলে মেলোড্রামিক অভিনয়ের এমন এক অভূতপূর্ব সমন্বয় সাধন করেছেন, যা দর্শককে আনন্দ দিয়েছে প্রচুর। এ ক্ষেত্রে গোরখোদক, ক্লডিয়াসের সামনে নাট্যাভিনয় এবং বন্ধুদের সঙ্গে পার্টির দৃশ্য উল্লেখযোগ্য। একই চরিত্রে একাধিক অভিনেতাকে দিয়ে কাজ করানো নতুন কিছু নয়, বরং একাডেমিক প্রযোজনায় মেধা যাচাইয়ে এটি একটি স্বীকৃত পন্থা।

লিয়নের সাফল্য হলো তিনি চরিত্রের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন ভিন্ন মুডে ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সফলভাবে চরিত্রান্তর ঘটিয়েছেন একাধিক চরিত্রে একজনের অভিনয় অথবা এক চরিত্রে বিভিন্নজনের অভিনয়ের মাধ্যমে। সবদিক থেকেই নির্দেশক সচেষ্ট ছিলেন নাটকটিকে স্বতন্ত্র ও মহিমান্বিত করতে। তাই তিনি বেছে নিয়েছেন কবি শামসুর রাহমানের অনুবাদ করা হ্যামলেট। তাঁর অনুবাদ নিয়ে এর আগে কাজ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এ নাটকের মধ্য দিয়ে প্রয়াত কবির প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতেও সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ প্রযোজনাটি সত্যিই একটি অনন্যসাধারণ প্রযোজনা হিসেবে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। কি ডিজাইন, কি সংলাপ, কি অভিনয়—সর্বত্রই স্বতন্ত্র এক ধারা সৃষ্টিতে সক্ষম হয়েছেন নির্দেশক আশিক রহমান লিয়ন। হ্যামলেট চরিত্রের অংশবিশেষ ও গোরখোদক চরিত্রে অভিনয়কারী নাভেদ রহমানের মাঝে দর্শক দেখতে পেয়েছেন অপার সম্ভাবনা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মো. মাসুদ রানা, মো. জাহিদ হোসেন, তানভীর নাহিদ খান, সঞ্জীব কুমার দে, ক্যামেলিয়া মৌসুমী খান, সুমাইয়া বিনতে রায়হান, নওরিন সাজ্জাদ প্রমুখ। প্রত্যেকেই তাঁদের অভিনয়-দক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। পোশাক, প্রপস, আলো—সব ক্ষেত্রেই এই হ্যামলেট অসাধারণ।