
পরিচালক সমিতির কার্যালয় থেকে শিল্পী সমিতির কার্যালয়, ক্যানটিন হয়ে এফডিসির প্রধান ফটকে থেমেছে নির্বাচনী আবহ। প্রার্থীদের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সয়লাব গোটা এফডিসি। জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২০১৬-১৮। ৩০ ডিসেম্বরের এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত লোকে লোকারণ্য থাকছে পরিচালক সমিতির দপ্তর।
সভাপতি, মহাসচিবসহ পদ মোট ১৭টি। দুজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন প্রার্থী। প্যানেলগুলো হলো আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। এরই মধ্যে প্রার্থী ও ৩৬৮ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তিন সদস্যের নির্বাচনী বোর্ড। ৮ সম্পাদক পদের বিপরীতে ২৪ জন ও ৯ কার্যনির্বাহী পদের বিপরীতে ৩২ জন প্রার্থী রয়েছেন।
এদিকে শুধু প্রার্থীরাই নন, তাঁদের আত্মীয়স্বজনও নেমেছেন প্রচারণায়। শুধু এফডিসিই নয়, বাড়িতে বাড়িতে গিয়েও ভোট চাইছেন প্রার্থীরা। কেউ কেউ খুদে বার্তা পাঠাচ্ছেন মুঠোফোনে। ক্যানটিনের সামনে দেখা মিলল সভাপতি প্রার্থী আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন দোদুলের সঙ্গে। তিনি বলেন, বাবার জন্য ভোট চাইতে এসেছেন। চলতি কমিটির সহসভাপতি ও সভাপতি প্রার্থী সোহানুর রহমান সোহান জয়-পরাজয়ের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ভোটারদের ওপর। তিনি বলেন, ‘পরিচালকেরাই সিদ্ধান্ত নেবেন কারা সমিতি চালানোর উপযুক্ত। আমার বিশ্বাস, অতীতে যাঁরা কাজ করছেন, ভবিষ্যতেও তাঁদের দিয়ে সমিতির কাজ হবে—এ ধরনের প্রার্থীকেই পরিচালকেরা নির্বাচিত করবেন।’ একই মন্তব্য করেছেন আরেক সভাপতি প্রার্থী আমজাদ হোসেন। তিনি বলেন, ‘পরিচালকেরা তাঁদের বিবেক-বুদ্ধি-বিবেচনা দিয়েই নেতা নির্বাচন করবেন।’