
সবুজ পাহাড়ের ঢালে বাঁশের মাচানের ওপর আদিবাসী মুরংদের ঘর। সামনের গৃহকর্মে ব্যস্ত নরনারী। ঘরের ঝুল বারান্দায় ঝুলিয়ে রাখা কাপড়ের দোলনায় ঘুমিয়ে আছে ফুটফুটে এক শিশু। কলমের সরু রেখার সঙ্গে জলরঙের ছোপ দিয়ে নিসর্গের কোলে প্রান্তিক মানুষের নিভৃত জীবনযাত্রার এই দৃশ্য ফুটিয়ে তুলেছেন শিল্পী সোহাগ পারভেজ। এ ছাড়া তিনি এঁকেছেন নৌকা ও নদী। বুড়িগঙ্গার সোয়ারী ঘাট। ফুলে ফুলে ভরা শাখা। এসব কাজ নিয়ে গতকাল শুক্রবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে তাঁর ‘বাংলার রূপ’ নামে পঞ্চম একক প্রদর্শনী।
বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্প সমালোচক সামসুল ওয়ারেস। অনুষ্ঠানে শিল্পীর বাবা আখতারুজ্জামান বক্তব্য দেন। প্রদর্শনীর কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন সোহাগ পারভেজ। প্রদর্শনীতে ২৫টি জলরঙের কাজ রয়েছে। এটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে জলরঙের কাজে যাঁরা বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন এবং বিদগ্ধজনের প্রশংসা অর্জন করেছেন, সোহাগ পারভেজ তাঁদের অন্যতম। তাঁর জন্ম কুষ্টিয়ায়, ১৯৮১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন। সোহাগ কাজ করেন বাস্তব রীতিতে। অঙ্কনে তিনি সুনিপুণ। তিনি সাধারণত কালি-কলমের সরু রেখায় বিষয়বস্তু এঁকে তার ওপর জলরঙের ওয়াশ দিয়ে দৃশ্যপট রচনা করেন। ফলে তাঁর কাজ স্বকীয় বৈশিষ্ট্য পায়। জলরঙের সতেজ ফুরফুরে ভাবটিকেও অক্ষুণ্ন রাখতে তিনি যত্নশীল। এই রং ও রেখার সাবলীল চালচলন তাঁর কাজে পরস্ফুিট। ছবিগুলো দেখলে ভালো লাগে। মন ভরে ওঠে।