স্বননের আবৃত্তি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বনন আবৃত্তি সংগঠনের আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি উত্সব। এ উত্সবে ঢাকা, রাজশাহী স্বনন ও কুড়িগ্রাম কথক অংশ নেয়। ৯ জানুয়ারি সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ উত্সব অনুষ্ঠিত হয়। শিল্পী গিয়াস উদ্দিনের কণ্ঠে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানের সঙ্গে শহীদ মিনারে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উত্সবের উদ্বোধন করা হয়। উত্সবে কবিতার ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর স্বননের দেলোয়ার হোসেন, উদীচী রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শাশ্বত ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, কুড়িগ্রাম কথকের সুব্রত ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে রংপুর স্বননের জুঁই, দেলোয়ার ও জ্যোতি ‘একাত্তরের চিঠি’, শামসুর রাহমানের কবিতা ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা ‘অভিমানের খেয়া’ আবৃত্তি করেন। এ ছাড়া যুদ্ধাপরাধের বিচারের দাবিকে সামনে রেখে রংপুর স্বনরের পরিবেশনায় ‘চেতনার নব উন্মেষে’ বৃন্দ আবৃত্তিতে অংশ নেন নুরুননবী শান্ত, সানজিদা স্মৃতি, ফুয়াদ খান ও শারমিন মুন্না। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বননের ফারিন আনোয়ার বিতস্তা, জাহিদুর রহমান, নুরুন নাহার একে একে আবৃত্তি করেন শুভদাশ গুপ্তের কবিতা ‘আমিই সেই মেয়ে’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা ‘মিছিল’, নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’। আবৃত্তিকার সবুর খান আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের কবিতা ‘তুমি চলে যাচ্ছ’।কুড়িগ্রামের কথক পরিবেশন করে বৃন্দ প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘দেবতার গ্রাস’। শাশ্বত ভট্টাচার্য ও নুরুননবী শান্ত দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন রংপুর অঞ্চলসহ সারা দেশের জাগরণের কবিতা সংকলিত প্রযোজনা ‘জাগো বাহে কোনঠে সবায়’। রংপুরের বিশিষ্ট ছড়াকার আনিসুল হক স্বরচিত ছড়া পাঠ করেন। আবৃত্তি করেন এ এস এম আরিফুজ্জামান। নাট্যচক্রের হাসান আলী বাংলার ইতিহাস নিয়ে আবৃত্তি করেন ‘পলাশী’।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন সরিফা সালোয়া আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কবিতা ‘আমি’। ঢাকার স্বননেন বিশিষ্ট আবৃত্তিকার কামাল চৌধুরী ও কবি নিশাত জাহান আবৃত্তি পাঠ করেন। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিরাজুম মুনিরা।