স্বননের ‘নিতুই কথা’
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। সন্ধ্যার আগে আগে একটু একটু ইলশেগুঁড়ি বৃষ্টি। আর মিলনায়তনে কবিতার লতিত বাণীর আবেশ। শ্রোতারা হারিয়ে গিয়েছিলেন এক মায়াবী রাজ্যে। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে আবৃত্তি সংগঠন স্বনন আয়োজিত ‘নিতুই কথা’ নামের আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুর আগেই কাব্যানুরাগীরা চলে এসেছিলেন আবৃত্তি শুনতে। মঞ্চে অর্ধবৃত্তাকারে সাজানো পাঁচ আসনে বসে ছিলেন আবৃত্তিশিল্পী অদিতি সাদিয়া রহমান, তৌফিক আল মান্নান, টুকু মজনিউল, তাহমিনা ফেরদৌস ও মখলেসুর রহমান।তাহমিনা আবৃত্তি শুরু করলেন রবীন্দ্রনাথের ‘এইতো পায়ে চলার পথ’ দিয়ে। মাঝে শোনা গলে ‘বাবা আমি ভালো আছি’, ‘বোঝাপড়া’, ‘দুজন’, ‘ক্ষেত মজুরের কাব্য’, ‘মৃত্য উৎসব’ প্রভৃতি কবিতা। শেষ করলেন রবীন্দ্রনাথের শেষের কবিতার ‘হে বন্ধু বিদায়’ উচ্চারণের মাধ্যমে। এই পাঁচজন আবৃত্তিকার আবৃত্তি করলেন ২২টি কবিতা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ বাগচি, বুদ্ধদেব বসু, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, আবুল হাসান, রফিক আজাদ, মোফাজ্জল করিমসহ বিভিন্ন কবির কবিতা শোনান আবৃত্তিকারেরা। তাঁদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো দৈনন্দিন জীবনের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, ক্ষোভ, দ্রোহ আর সংগ্রামের প্রতিচ্ছবি। অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন অনন্যা লাবণী। শহীদ মিনারে গণসংগীতগানে-প্রতিবাদে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবি জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ওই অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী, নিবেদন, মন্দিরা, দোলনচাঁপা, সারগাম ললিতকলা একাডেমি, প্রতীতী শিল্পীরা। তাঁদের পরিবেশনায় ছিল ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘আবার তোরা মানুষ হ,’ ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’, ‘বাধা দিলে বাধবে লড়াই’, ‘বঙ্গ আমার জননী আমার’, ‘মুক্তিযোদ্ধা নাই কি দেশে’, ‘কী যে আজগুবি কারবার’, ‘যেখানে মাটির দাওয়ায় পিদিম জ্বেলে’ সহ বিভিন্ন গণসংগীত। প্রতিবাদী ওই গানের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বিশ্বজিৎ রায় প্রমুখ। চিত্রকে শিল্পী আবদুল মান্নানের প্রদর্শনীধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে মেঘ নিয়ে শিল্পী আবদুল মান্নানের একক প্রদর্শনী ‘মেঘের পরে মেঘ’।প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৫৭টি। সবগুলোই মেঘকে নিয়ে। বিশেষত্ব হলো, শিল্পী মেঘ নিয়ে এতগুলো ছবি আঁকলেও প্রতিটিই আলাদা, কোনো পুনরাবৃত্তি নেই। ছবিগুলো আঁকা হয়েছে জলরং এবং অ্যাক্রিলিকে। নিভৃতচারী গুণী শিল্পী আবদুল মান্নানের এটি দ্বিতীয় প্রদর্শনী। শিল্পীর জন্ম নদীপাড়ে—বরিশালের গৌরনদীতে। ছবিতে মেঘের সঙ্গে নদী ও আছে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। নদীপাড়ে কাশবন আর সেই বনের ওপর সাদা মেঘের ভেলা, ঘাটে বাঁধা নৌকা কিংবা পালতোলা নৌকা, তারও ওপর মেঘের আনাগোনা। এসব সুন্দর মেঘমালার পাশাপাশি ঝোড়ো মেঘেরও দেখা মিলবে ছবিতে। বাজপাখির মতো ধেয়ে আসা মেঘ কিংবা এই ঝড়ে পাতাশূন্য গাছের ওপর মেঘের ছায়া। রবীন্দ্রানুরাগী এই শিল্পী কবির ছবি এঁকেছেন পুঞ্জীভূত মেঘের বিন্যাসে। নির্দিষ্ট কোনো গণ্ডিতেই মেঘকে বেঁধে রাখা যায় না, এই প্রদর্শনী তার প্রমাণ। চলবে ২ আগস্ট পর্যন্ত।