স্বননের 'নিভৃতে নয়, কোলাহলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় আবৃত্তি–বিষয়ক সংগঠন স্বননের ৩০ বছর পূর্তি উৎসবে আশরাফুল আলমের হাতে সম্মাননা পদক তুলে দেন রুপা চক্রবর্তী
জাতীয় নাট্যশালায় আবৃত্তি–বিষয়ক সংগঠন স্বননের ৩০ বছর পূর্তি উৎসবে আশরাফুল আলমের হাতে সম্মাননা পদক তুলে দেন রুপা চক্রবর্তী

‘আমরা যারা আবৃত্তির দল করি, তারা জানি যে একটি দলকে ৩০ বছর টিকিয়ে রাখা, পায়ে-পায়ে পথচলা, একত্র করে রাখা কী অসম্ভব কঠিন কাজ। এ কাজটি স্বনন করে যাচ্ছে, আশা করছি ভবিষ্যতেও করে যাবে। তাদের এই ৩০ বছরকে অসাধারণ বলা যায় এক কথায়।’ বলছিলেন বাক্‌শিল্পী আশরাফুল আলম। আবৃত্তি সংগঠন স্বনন আবৃত্তিচর্চার ৩০ বছর পূর্তি উৎসব উদ্‌যাপন উপলক্ষে গতকাল জাতীয় নাট্যশালায় তাঁকে সম্মাননা জানানো হয়।
‘নিভৃতে নয়, কোলাহলে’ শীর্ষক এ অনুষ্ঠানটি শুরু হয় ঠিক বেলা তিনটায়, নাট্যশালার সামনে মুক্ত আকাশে বর্ণিল বেলুন উড়িয়ে। এ সময় চারপাশ মুখরিত হয়ে ওঠে ঢাকের শব্দে। ঢাক ও ঢোলের তালে তালে অতিথি ও স্বননের সদস্যরা প্রদীপ প্রজ্বালন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আহসানের পরিচালনায় এ পর্বে স্বাগত বক্তব্য দেন স্বননের প্রতিষ্ঠাতা রুপা চক্রবর্তী। এরপরই শুরু হয় সম্মাননা পর্ব।
আবৃত্তিশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশরাফুল আলমকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয়। শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন স্বননের সভাপতি চক্রেশ চক্রবর্তী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন নাজমুল আহসান। এরপর শিল্পীকে সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী।
৩০ বছর পূর্তিতে স্বননকে ফুলেল শুভেচ্ছা জানান নাট্যজন, শিক্ষাবিদ, সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী ও আবৃত্তি দলের নেতারা। সম্মাননা পর্বের আনুষ্ঠানিকতা শেষে সূচনা হয় আবৃত্তি পরিবেশনার। এ পর্বে স্বনন উপস্থাপন করে ‘নিভৃতে নয়, কোলাহল’ শীর্ষক প্রযোজনা। এ ছাড়া আবৃত্তি পরিবেশনায় অংশ নেয় আরও ১১টি দল।