স্বপন আহমেদের পরের ছবিতেও ইমন
আলোচিত ছবি ‘লাল টিপ’-এর পরিচালক তাঁর দ্বিতীয় ছবির নাম ঘোষণা করলেন। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘কুয়াশা’। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘এ বছরের অক্টোবরে ছবিটির শুটিং করার কথা ভাবছি। বাংলাদেশের ঢাকা, বান্দরবান এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির দৃশ্যায়ন করা হবে। এবারও ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন লাল টিপ ছবির নায়ক ইমন। তবে তাঁর বিপরীতে নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি।’ এদিকে ইমন বলেন, ‘এ পরিচালকের লাল টিপ ছবিটিতে দর্শকেরা বেশ ভালোভাবে গ্রহণ করেছে। নতুন এ ছবির ব্যাপারেও আমি আশাবাদী। আমি নিশ্চিত, ভালো একটা কিছু হতে চলেছে।’ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘দুজন তরুণ-তরুণী বেঁচে থাকার জন্য হাজার মাইল পাড়ি দেয়। আধুনিক ফ্যাশন ও বিলাসবহুল গাড়িতে চড়ে তারা পশ্চিমা সংস্কৃতিতে প্রবেশ করতে চায়। দুর্নীতি ও লোভ তাদের সঙ্গী। এদিকে ছবির পশ্চিমা নারী চরিত্রগুলো এখনো সেই সমাজের ভোগ্যপণ্য। ছবির প্রতিটি চরিত্র অস্থির ও অজানা গন্তব্যে পা বাড়ায়।’জানা গেছে, ভালোবাসা, বিরহ ও বেঁচে থাকার গল্পই হচ্ছে ‘কুয়াশা’। এক বর্ষা রাতে শুরু হয় ছবির গল্প। উল্লেখ্য, এ পরিচালকের প্রথম ছবি লাল টিপ এবারের ভালোবাসা দিবসে মুক্তি পায়।