‘খুব সাধারণ মানুষের জীবনের স্বপ্ন আর আমাদের চারপাশের খুব পরিচিত কিছু চরিত্রের ভেতরের কথা গহীনে শব্দ।’ বললেন খালিদ মাহমুদ মিঠু। গহীনে শব্দ তাঁর প্রথম ছবি। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, শিল্পনির্দেশনা, পরিচালনা—সব তিনিই করেছেন। ২০০৮ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পয়লা বৈশাখে বের হলো আনন্দ শোভাযাত্রা। অসংখ্য মানুষ। সবার মনে আনন্দ। আর সেই আনন্দ মিলেমিশে চারদিকে এক অভূতপূর্ব দৃশ্য। সেই মিছিলে আছেন আরও দুজন—ইমন আর কুসুম। সবার সঙ্গে তাঁরাও আনন্দ করছেন। আর তাদের সেই আনন্দ দূর থেকে ক্যামেরাবন্দী করছেন মিঠু। এটাই ছিল গহীনে শব্দ ছবির প্রথম দিনের শুটিং। এরপর ইমন, কুসুম শিকদার, শামস সুমন, মাসুম আজিজ, জুঁই, শামীম, আরিফুল হক, আবুল হায়াত, শামীম ভিস্তি, খালেদা আক্তার কল্পনা, হায়দার হোসেন, মনিরা মিঠু, আহসানুল হক, রাসেল ও শিরোপা পূর্ণাকে নিয়ে মিঠু বেশ ধীরে ধীরে এবং প্রতিটা দৃশ্য ধরে ধরে কাজ করেছেন। ছবির গল্পে পঙ্গু এক মুক্তিযোদ্ধা নুরা। রাস্তার ভিখারি। কিন্তু তাঁর মনের শক্তি অনেক। সে তার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়। মেয়েটিও বাবার স্বপ্ন পূরণ করে। পড়ে বিশ্ববিদ্যালয়ে। স্বাভাবিক নিয়মে তার জীবনে প্রেম আসে। কিন্তু তারপর? নানা ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প।মিঠু বললেন, ‘গহীনে শব্দ ছবিতে প্রেম এক অদ্ভুত ধরনের গল্প। আর এই গল্পের অনেক শাখা-প্রশাখা। ছবিটি দেখে দর্শক বাড়ি ফেরার সময় সঙ্গে নিয়ে যাবেন কিছু দৃশ্য, কিছু ভাবনা।’গহীনে শব্দ ছিল ইমনের তৃতীয় ছবি। ওই সময় কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমন বললেন, ‘আমি তখন মাত্র বাণিজ্যিক ছবিতে কাজ শুরু করেছি। অনেক কিছুই তেমন বুঝি না। এদিকে এই পরিচালকের সঙ্গে কাজ করতে এসে আরও বিরক্ত হচ্ছি। কারণ মাত্র ১০ সেকেন্ডের শটের জন্য তিনি আমাদের কঠিনভাবে খাটাচ্ছিলেন। আর ভাবছিলাম, লোকটা এ রকম খাটাচ্ছেন কেন? রাঙামাটির দুর্গম সব এলাকা। সেখানে এর আগে শুটিং হওয়া দূরের কথা, যাওয়ার অনুমতিও ছিল না। কিন্তু পর্দায় যেদিন ছবিটি প্রথম দেখেছি, এরপর মনটা ভরে গিয়েছে।’ কুসুমের এটা প্রথম ছবি। তাই তাঁর আশা আর স্বপ্নটাও একটু অন্য রকম। বললেন, ‘এই স্বপ্ন দেখাটা যে ভুল নয়, তা দর্শকই বলবে।’ জানালেন, সাঁতার না জেনেও কাপ্তাই হ্রদে পানির ওপর দুটো গাছের চূড়ায় বসেছিলেন আধাঘণ্টা। দূরে লঞ্চ থেকে সেই দৃশ্য ক্যামেরায় তুলছিলেন মিঠু। আর পর্দায় তা দেখা যাবে মাত্র এক সেকেন্ড।কুসুম বললেন, ‘নিখুঁত এবং আকর্ষণীয় করার জন্য এভাবেই আমাদের দিয়ে কাজ করিয়েছেন পরিচালক।’রেজওয়ানা চৌধুরী বন্যা চলচ্চিত্রে এবারই আধুনিক গান করলেন। গানটির কথা হলো ‘তুমি আমার জীবনের গহিনে আসো/ পার যদি একবার আমায় ভালোবাসো’।বন্যা বললেন, ‘গানটা দুইবার গেয়েছি। প্রথমবার গল্পটা না জেনেই গেয়েছিলাম। পরে যখন ছবিটা দেখলাম, তখন আরেকবার গাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ তখন ছবির গল্পের অনুভূতিটা নিজের মধ্যে অনুভব করতে পারছিলাম। তাই গাওয়ার ধরনটাও একেবারে পাল্টে গেল।’আর গানটি নিয়ে বললেন, ‘আধুনিক গান কিংবা চলচ্চিত্রের গান যেমন হয়, এটা কিন্তু একেবারেই তেমন না। অন্য রকম। আমি বলব, একটা পরিবর্তন।’ছবিতে আরও গান করেছেন হায়দার হোসেন ও রিংকু। আর সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি কাল শুক্রবার মুক্তি পাচ্ছে আটটি প্রেক্ষাগৃহে—বলাকা, মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, গ্যারিসন (ঢাকা ক্যান্টনমেন্ট), চম্পাকলি (টঙ্গী), সংগীতা (খুলনা), উপহার (রাজশাহী) ও নারায়ণগঞ্জে। মিঠু জানান, কাল ইমন আর কুসুমকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব। সকাল সাড়ে ১০টায় বলাকা, বেলা ১১টা ৪০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে ও তিনটায় চম্পাকলিতে। রাতে রওনা দেব রাজশাহীতে। এসব প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে কথা বলব, কুইজ প্রতিযোগিতা হবে, আর থাকবে অনেক উপহার।