স্বপ্ন ও দ্রোহের নাট্যোৎসব
দেশের ৬৪টি জেলার ৬৪টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে বৃহত্তম নাট্য উৎসব। আর এই আয়োজন ঘিরে জোরসে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ। ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় নাট্যদলের কর্মীদের নিয়ে তৈরি ৬৪টি নাটক মঞ্চে আনা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এই নাটকগুলোর নাম দেওয়া হয়েছে ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’। নাটকগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ আয়োজন করেছে নয় দিনব্যাপী নাট্যোৎসবের। এই উৎসবে সহযোগিতা করছে নাটকের আন্তর্জাতিক সংগঠন আইটিআই ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাট্যোৎসবের উদ্বোধন হবে আজ সন্ধ্যা ছয়টায়। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া উপস্থিত থাকবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী দিনে একাডেমীর তিনটি মঞ্চে যথাক্রমে সন্ধ্যা সাড়ে ছয়টায় ও রাত আটটায় মঞ্চস্থ হবে দুটি করে মোট ছয়টি নাটক। মঞ্চগুলো হলো জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন। এই তিনটি মিলনায়তন ছাড়াও নাটক মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলেও। কোনো নাট্যদলের নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অভিনীত নাটক নিয়ে জাতীয় নাট্যোৎসবের ঘটনা এই প্রথম।
স্বপ্ন ও দ্রোহের নাট্যোৎসব নামকরণ প্রসঙ্গে কথা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে। ‘আমাদের দেশ হাজার বছরের বিপ্লব ও সংগ্রামী ঐতিহ্যের দেশ। আর এই ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠতে পারে অসংখ্য নাটক। এই নাট্যোৎসবের মাধ্যমে বাঙালি মুক্তিসংগ্রামের ইতিহাস-নির্ভর অসংখ্য নাটকের প্রদর্শনীর সুযোগ তৈরি হয়েছে। যার ফলে নতুন প্রজন্ম শিল্পের মাধ্যমে জানতে পারবে বাংলার হাজার বছরের সংগ্রামী ঐতিহ্যের ইতিহাস।’ বললেন তিনি।
এই উৎসবকে জাতীয় উৎসব বলার মাহাত্ম্যটা কী?
‘একটি উৎসব তখনই জাতীয় উৎসবে পরিণত হয়, যখন দেশের প্রত্যন্ত অঞ্চলের অংশগ্রহণ সুনিশ্চিত হয়। এই উৎসবে আমরা ৬৪টি জেলার অংশগ্রহণ সুনিশ্চিত করেছি। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, নাট্যকর্মীদের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা এই নাট্যযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি।’
উৎসবটি চলবে ১৭ মে পর্যন্ত।