
বেশ কয়েক বছর ধরেই গান নিয়ে আছেন তানজীব। পরিবার থেকে কেউ সেভাবে সমর্থন না দিলেও একেবারে নিজের আগ্রহ থেকে গান নিয়ে ক্যারিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন নতুন প্রজন্মের এই গায়ক। গত বছর তাঁর একক ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে তাঁর তৃতীয় একক অ্যালবাম হৃদমোহিনী থেকে ‘মিথ্যা শিখালি’ শিরোনামের গান ও মিউজিক ভিডিও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে এই গান দেখা হয়েছে ৪৮ লাখ ১৬ হাজার ৯৫৫ বার। কয়েক বছরের সংগীতজীবনে এটি বিরাট অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই শিল্পী। সম্প্রতি প্রথমআলো কার্যালয়ে কথা হয় এই শিল্পীর সঙ্গে। জানালেন গান নিয়ে তাঁর স্বপ্ন ও পথচলার গল্প।
ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন তানজীব। ঢাকার কলাবাগানের বাসিন্দা এই শিল্পী নিজের এলাকায়-পাড়ায় প্রচুর মারামারি করতেন। আর এসবের জন্য মা-বাবার অনেক বকাও খেতে হয়েছে। কয়েক মাস আগে এই শিল্পীর বাবা মারা গেছেন। মা-ই তাঁর এখন একমাত্র অভিভাবক।
তানজীব বলেন, ‘গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ার পর আমার অনেক অভ্যাস বদলে গেছে। আমার সব ভাবনা এখন গান নিয়ে। সারা দিন গান নিয়ে পড়ে থাকি। এগিয়ে যেতে চাই স্বপ্ন আর বহুদূরের পথে।’
এখন গান নিয়ে সব ভাবনা থাকলেও ছোটবেলায় তানজীব হতে চেয়েছিলেন চিত্রশিল্পী। ঘরে বসে আঁকাআঁকি নিয়ে ব্যস্ত থাকতেন। আর ছবি আঁকতে গিয়েই একসময় গানের জগতে পা রাখেন। কীভাবে? তানজীব বলেন, ‘এটা পুরোপুরি আল্লাহ প্রদত্ত বলতে পারেন। প্রতিদিনই ছবি আঁকার সময় একেকটি চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। ছবি আঁকার ফাঁকে গানও শুনতাম। একটা সময় মনে হলো, গানেও তো চরিত্র থাকে। চেষ্টা করে দেখি, গান লিখতে পারি কি না। এভাবেই শুরু হয়ে যায়।’
গান গাওয়ার পাশাপাশি তানজীব লেখেন এবং সুরও করেন। ১৩-১৪ বছর বয়স থেকেই তাঁর এই লেখালেখির অভ্যাস। প্রথম দিকে গান লিখে ও সুর করে ঘরের কোণে বসে গাইতেন। এরপর বন্ধুদের শোনাতেন। বন্ধুরা তাঁকে উৎসাহ দিতে থাকে। একটা সময় গানের অ্যালবাম তৈরির পোকা মাথায় ঢুকে যায়। তানজীব বলেন, ‘আমার বাসার সামনে চা-দোকানে প্রায়ই আড্ডা দিতাম। ২০১০ সালের কোনো একদিন এই দোকানে বসে আমি ‘‘অন্দরমহল’’ গানটি তৈরি করি। এরপর আপন মনে গাইতেও থাকি। তখন সবাই মিলে আমাকে বেশ উৎসাহ দিল। এটাই আমার কনফিডেন্স বাড়িয়ে দেয় অনেক।’
গান নিয়ে স্বপ্ন দেখা তরুণ তানজীবের একটা সময় গানের অ্যালবামও প্রকাশিত হয়। আর সময়টা ছিল ২০১২। প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ তাঁর অ্যালবাম প্রকাশের ব্যাপারে এগিয়ে আসে। প্রথম অ্যালবামের নাম দেন অন্দরমহল। সব গানের কথা ও সুর করেন তানজীব। টাইটেল গানটির পাশাপাশি অ্যালবামের ‘মেঘ মিলন’ গানটিও অনেকেই পছন্দ করেন শিল্পী।
বছর দুয়েক পর আসে তানজীবের দ্বিতীয় একক মেঘমিলন। এটিরও কথা-সুর তানজীবের। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। অ্যালবামের ‘দিল আমার ও ‘মেঘমিলন’ গান দুটির মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। সুফি ও লোকধাঁচের গান গাইতে পছন্দ করেন।
ছায়ানট থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া তানজীব গত বছর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক শেষ করেছেন। এখন পুরোদস্তুর গান নিয়ে ব্যস্ত। বললেন, ‘সারা জীবন গান নিয়ে থাকতে চাই। আমার মতে, সংগীত আমাকে চারপাশের যাবতীয় অশুভ থেকে দূরে রাখে। মানসিক প্রশান্তি দেয়। এই প্রশান্তি সারা জীবন ধরে রাখতে চাই।’