ননদ-ভাবির গল্প। ভাবির উসকো-খুসকো চুলের যত্নে তেল নিয়ে লুকোচুরি খেলে যায় ননদ। চলে এক দিন...দুই দিন...তিন দিন। তিন দিন পরই ননদের পরামর্শে উসকো-খুসকো চুল ঝলমলে হয়ে যায়। গল্পের সংলাপ হয়ে যায় ‘বন্ধু তিন দিন’। সংলাপটি বর্তমানে অনেকেরই মুখে মুখে ছড়িয়েছে। প্যারাস্যুট নারিকেল তেলের বিজ্ঞাপনে প্রতিদিনই সংলাপটি নিয়ে টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে ননদ। ভাবিটা তো শায়না। তাহলে ননদটা কে? পাঠক নিশ্চয়ই জানবেন। হ্যাঁ, স্পর্শিয়া। পুরো নাম অর্চিতা স্পর্শিয়া। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিজ্ঞাপনটি। সঙ্গে মডেল হিসেবে স্পর্শিয়াও। এই জনপ্রিয় হয়ে ওঠা কেমন লাগছে তাঁর, প্রশ্ন করি। শুনেই উচ্ছ্বসিত হন, হাসেন স্পর্শিয়া। বলেন, ‘আমি খুবই খুশি। বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করেছেন। বাইরে কোথাও বেরুলে প্রায় শুনতে হয় “বন্ধু তিন দিন” সংলাপটি। বিষয়টি খুব উপভোগ করছি।’আগের করা তাঁর এয়ারটেল দলবল, আমাদের দেশটা স্বপ্নপুরি, নো হিডেন কোস্টসহ একাধিকও দর্শকের পছন্দের তালিকায় আছে। কিন্তু বিজ্ঞাপনে মডেল হয়ে ওঠার সুযোগই বা হলো কীভাবে? ‘২০১১ সালের মার্চ-এপ্রিলের কথা। আফজাল নামে আমার এক বন্ধু আছে। ও শখের বসে মিডিয়ায় টুকটাক কাজ করে। ও একদিন বলল, এয়ারটেলের একটা বড় প্রজেক্টের বিজ্ঞাপন তৈরি হবে, সামির আহমেদ তৈরি করবেন। তুই গিয়ে দেখতে পারিস। আমি তো রাজি না। কারণ বিষয়টি নিয়ে কখনো ভাবিনি। ওর জোরাজুরিতে গেলাম। প্রথম দিন স্ক্রিন টেস্ট হলো। দেখি, পরের দিনই ডাক।’ এভাবে টানা বলে গেলেন তিনি। এরপর? ‘বলি, পরেরদিনই ডাক তো, ওই দিন থেকেই বিজ্ঞাপনের শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। এক সপ্তাহের মধ্যেই শুটিং করা হয়। প্রথম করি “এয়ারটেল দলবল” শিরোনামের বিজ্ঞাপনটি।’ বিজ্ঞাপনটি প্রচারের পরপরই আলোচনায় আসেন স্পর্শিয়া। ডাক পড়ে নাটকে। গত বছরের ডিসেম্বর মাসে সামির আহমেদের পরিচালনায় অরুণোদয়ের তরুণদল টেলিছবিতে অভিনয় করেন। প্রথম অভিনয়, প্রথম অভিজ্ঞতা। কেমন লেগেছিল? প্রশ্ন করি তাঁকে। স্পর্শিয়া উত্তর দেন, ‘টেলিছবিটিতে আমার চরিত্রের নাম ছিল অপর্ণা। রক-সংগীতশিল্পী। শুটিং হয়েছিল নওগাঁর গয়েশপুরে। টানা ১৪ দিন শুটিং। ওই সময়টাতে তীব্র ঠান্ডা ছিল। সামির আহমেদের হাত ধরেই প্রথম বিজ্ঞাপনে আসা। নাটকটির নির্দেশকও তিনি। তাই কাজটি করতে বেশ সহজ হয়েছে। টেনশনও কম ছিল।’ওই মাসেই এনটিভিতে টেলিছবিটি প্রচার করা হয়। পরে আর ফিরে তাঁকাতে হয়নি। টেলিছবিটির অপর্ণা চরিত্রটি তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। শুরু হয় নতুন জীবন, অভিনয়জীবন। ‘টেলিছবিটি প্রচারের পরপরই একাধিক এক ঘণ্টার, ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। তবে শুরু থেকেই আমি ভালো গল্প, ভালো চরিত্রের প্রতি নজর দিয়েই আস্তে-ধীরে কাজ করছি।’ তাহলে এখন ব্যস্ততা কী নিয়ে? তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দিই। বলে যান স্পর্শিয়া, ‘এখন করছি চ্যানেল ২৪-এর জন্য রোদ, আরটিভির জন্য পার্শ্বপ্রতিক্রিয়া, চ্যানেল নাইনের জন্য আপন আপন খেলা ধারাবাহিকগুলো। আর বর্ষাকাব্য, হলুদ পাতার কাব্য নামে দুটি এক ঘণ্টার কাজ শেষ করলাম। আরও দুটি এক ঘণ্টার নাটক করেছি। কিন্তু এখনো নাম ঠিক হয়নি।’মডেল ও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি ঘটলেও এই পরিচয়ে কখনোই পরিচিতি হতে চাননি স্পর্শিয়া। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন নির্দেশক হবেন, চলচ্চিত্র নির্মাতা হবেন। জানিয়ে দেন, ‘স্কুলে পড়াকালীন প্রচুর বই পড়া হতো। মা অফিসে, একা একা বাসায় সঙ্গী হতো সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। দেখা হতো দেশ-বিদেশের প্রচুর সিনেমা। ‘যখন স্কুল ছুটি থাকত, বাসায় বসে বসে লেখকদের উপন্যাস পড়তাম। দেশ-বিদেশের সিনেমা দেখতাম। এই কাজগুলো এখনো করি। যাই হোক, সে সময় কল্পনায় উপন্যাসের চরিত্রগুলো পর্দায় সাজিয়ে খেলা করতাম। খুব ভালো লাগত। তখন থেকেই নির্মাতা হওয়ার স্বপ্নটা দেখা শুরু।’ এভাবেই বলে গেলেন স্পর্শিয়া।কিন্তু মডেলিং, অভিনয়? ফাঁকে প্রশ্ন করি। উত্তরে তিনি বললেন, ‘অভিনয়ের প্রতি আমার দুর্বলতা আছে। ভালো গল্প, ভালো চরিত্রের নাটকে যত দিন কাজ করতে পারব, তত দিন করে যাব। তবে আগে-পিছে যাই হোক, ভবিষ্যতে চলচ্চিত্র নির্দেশক হওয়াই আমার একমাত্র লক্ষ্য।‘এ’ লেভেল শেষ করে বর্তমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন স্পর্শিয়া।