স্বপ্ন, বাস্তবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিমেষ আইচ নাট্যনির্মাতা
অনিমেষ আইচ নাট্যনির্মাতা

তারা ঝলমল ভুবনের মানুষেরা সব সময় ব্যস্ত থাকেন নাটক-চলচ্চিত্রের কাজে। তাঁদের চিন্তাজগতে কত রঙের আলো খেলা করে? জেনে নিন তারকাদের নিজের লেখায়...
এয়ারকন্ডিশনের বিজ বিজ শব্দ আর ঠান্ডা বাতাস আলস্যটাকে আরও বাড়িয়ে দেয়। মুঠোফোনটা তুলে দেখি, ৩৮টা মিসড কল এবং ১২টা এসএমএস। দেখতে ইচ্ছা হয় না কে বা কারা আমাকে মিস করছে। বেল চাপ দিলে কাজের ছেলেটা নতমস্তকে এসে দাঁড়ায়। জানায়, আমার কাছে তিনজন লোক এসেছে, তারা সকাল থেকে অপেক্ষা করছে। আমি জানি তারা কারা। এদের কথাবার্তা এবং ভাবভঙ্গি আমার মুখস্থ। আরও কিছুক্ষণ আলস্য এবং অনর্থক ভালো লাগায় আক্রান্ত হয়ে পড়ে থাকি নরম বিছানার ভেতর। এই তিনজনই বাংলাদেশের খুব নামকরা ফিল্ম প্রডিউসার। কেউ ১০০ কোটি টাকা, কেউবা তার বেশি টাকা লগ্নি করে ছবি বানাতে চান। কিন্তু আমি স্পষ্ট বলে দিই, এখন কোনো ছবি বানানোর মতো মুড নেই। এখন আমি জানালার পাশে বসে শুধু বৃষ্টি দেখব। বর্ষাকাল আলস্য এবং ভাবালুতায় কাটানোর সময়। তাই এখন কোনো কাজ নয়। হ্যাঁ, বেলা একটায় যে প্রখর সূর্যালোক হয়, তখন জ্যামের মধ্যে আটকে থেকে এ রকম একটা দিবাস্বপ্নই দেখছি। পরের গল্পটা যা ইচ্ছা তাই সাজিয়ে নিতে পারি। সিনেমা-সংক্রান্ত এ রকম দিবাস্বপ্ন সম্ভবত আমার মতো আরও অনেকেই দেখেন অথবা ভাবেন। কারণ, সিনেমা এখন অনেকটাই হাইপোথিসিস পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সিনেমা না দেখে এটা নিয়ে গল্প কিংবা ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকতেই ভালোবাসি। তবু সিনেমা হচ্ছে এবং সামনে আরও প্রকাণ্ড রূপ ধারণ করবে সিনেমাশিল্প এটা আমার প্রত্যাশা। কিন্তু বাংলাদেশ পৃথিবীর দশম ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বেশ কয়েক দশক আগেই। তবে আমাদের অবহেলায় কিংবা ভুল নীতির কারণে সিনেমা আজ ধ্বংসের কাছাকাছি চলে গেছে। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রের নীতিনির্ধারকেরা বুঝতে পেরেছিলেন, সিনেমা কোনো হেলাফেলা করার মতো বিষয় নয়। হয়তো আমাদের নীতিনির্ধারকদেরও একসময় বোধোদয় ঘটবে। তাঁরা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাববেন এবং বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নেবেন। প্রথম আলো থেকে বলা হলো, এ মুহূর্তে কী করছেন, কী ভাবছেন সে বিষয়ে একটা লেখা দিতে। এ মুহূর্তে শুধু নয়, সর্বক্ষণ একটা চিন্তাই খেলা করে, তা হলো গল্প বলা সিনেমার মধ্য দিয়ে। হয়তো গল্প বলার এ খেদ মেটানোর জন্য বিকল্প পথ হিসেবে টেলিভিশনকে বেছে নিই। অনবরত গল্প বলে যাচ্ছি ক্ষুদ্র সামর্থ্য এবং অসংখ্য প্রতিবন্ধকতার ভেতর দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দর্শকদের চোখ-কান খোলা। তারা গোটা বিশ্বটাকে নামিয়ে এনেছে তাদের বসার ঘরে। ডিশের কল্যাণে তারা হলিউডি বিবিধ চলচ্চিত্র এবং অন্যান্য অনুষ্ঠান যখন দেখে, তখন আমাদের এই ক্লিশে টেলিভিশন নাটক খুব একটা আরাম হয়তো দিতে পারে না তাদের। তারা সহজেই কমপেয়ার করে ফেলে। ধুর....বলে চ্যানেল চেঞ্জ করে ফেলে। কিন্তু এ কথাও সত্য, আমাদের টেলিভিশনের সব কাজই যে পচা, তা কিন্তু নয়। এত সীমাবদ্ধতার মধ্যে অসংখ্য ভালো টেলিভিশন ফিকশন তৈরি হয়েছে এবং হচ্ছে। আমাদের আইডিয়ার ঘাটতি নেই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এত প্রতিকূলতা, যা এ ক্ষেত্রে কাজ না করলে অনুভব করা সম্ভব হবে না। আমরা শিল্পী-কলাকুশলীরা ভীষণ রকম টেকনিক আশ্রয়ী হয়ে উঠেছি। যেখানে আবেগের চেয়ে টেকনিক অধিক গুরুত্ব বহন করে, সেখানে দর্শকের আবেগকে স্পর্শ করা সহজ হয় না। যেমন ধরা যাক, এর মধ্যে একটা শ্যুটিংয়ে জনৈক তরুণ অভিনেত্রী একটি দৃশ্যে খুব কাঁদলেন। কান্নাকাটি থামিয়ে বললেন, ‘দাদা কেমন হয়েছে?’ আমি অনেক খারাপভাবেই বললাম, ‘জঘন্য’। সে কথাটি শুনে যারপরনাই হতাশ। হয়তো সে শিখেছে, কাঁদলে পরেই খুব মর্মান্তিক অভিনয় হয় এবং চোখ থেকে পানি বের করার এক অসাধারণ টেকনিকও সে বের করে ফেলেছে। কিন্তু দৃশ্যটিতে কান্নার যৌক্তিকতা কতটুকু, সে বিষয়ে তার চিন্তা কাজ করেনি। আজ এ মুহূর্তে টেলিভিশনে গড়পড়তা কাজ দেখে সত্যিই খুব শঙ্কা হয়। কিন্তু আমরা যখন নব্বই দশকের শেষ দিকে কাজ আরম্ভ করি, তখন সত্যিই একটা সিনেমা সিনেমা গন্ধওয়ালা টিভি নাটক বানানোর চল আরম্ভ হয়েছিল। তবে আশার কথা, সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রতিষ্ঠান সিনেমা নির্মাণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাপারটাকে অবশ্যই খুব সাধুবাদ জানাই। তবে শুধু নির্মাণে সীমাবদ্ধ থাকলে একটু মুশকিল আছে। সিনেমা বানিয়ে টিভিতে দেখালে তো নাটক আর সিনেমার মধ্যে বিশেষ তফাত খুঁজে পাওয়া যাবে না। সিনেমা প্রদর্শনের জন্য যথোপযুক্ত প্রেক্ষাগৃহ তৈরি করতে হবে। আমি মোটামুটি নিশ্চিত, আমাদের এই ঢাকা শহরেই সিনেপ্লেক্সের মতো ৫০টি সিনেপ্লেক্স বানানো সম্ভব এবং প্রতিটি জায়গায় হলভর্তি করার মতো দর্শক উপস্থিত। কেননা, আমাদের বিনোদনের বড় অভাব। বেড়ানোর মতো জায়গার অভাবেই তরুণেরা জীবন বিধ্বংসী মাদকের দিকে ঝুঁকছে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আপনারা সিনেমার ব্যবসার দিকে মনোযোগ দিন। হতাশ হবেন না। সিনেমা নির্মাণ করে আমরা যেমন মনের কথা প্রকাশ করতে পারব, তেমনি দর্শকও মনের খোরাক মেটাতে পারবে ভালো বাংলা চলচ্চিত্র দেখে।

বাংলা চলচ্চিত্রের জয় হোক।