স্বপ্ন বুনছেন দশ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগামীর নির্মাতা’ নামে প্রতিযোগিতার সেরা ১০ নির্মাতা। ছবি: প্রথম আলো
‘আগামীর নির্মাতা’ নামে প্রতিযোগিতার সেরা ১০ নির্মাতা। ছবি: প্রথম আলো

ছোটবেলায় টেলিভিশনের সামনে উঁকি দিয়ে দেখতেন ভেতরে ঢোকা যায় কীভাবে! তখন থেকেই সিনেমার পোকা বাসা বেঁধেছে তরুণ নির্মাতা প্রজ্ঞা আহম্মদের মাথায়। নির্মাতা নভেরা হাসানের প্রতিদিনের রুটিন ছিল সিনেমা দেখা। খাওয়াদাওয়ার মতো যেন এটাও রোজকার কাজ। কারণ, বাবা ছিলেন নির্মাতা। সেই যে সিনেমা দেখার অভ্যাস, সেখান থেকেই সিনেমা বানানোর ইচ্ছেটা মাথায় ঢুকেছে তাঁর। প্রজ্ঞা আর নভেরাসহ ১০ তরুণ বানাচ্ছেন সিনেমা। তাঁদের ইচ্ছেগুলো বাস্তবে পরিণত করছে মেরিল–প্রথম আলোর প্ল্যাটফর্ম ‘ফেইম ফ্যাক্টরি’। মেরিল–প্রথম আলোর যৌথ উদ্যোগে তরুণ নির্মাতাদের খুঁজে বের করতে এই প্ল্যাটফর্ম থেকে আয়োজন করা হলো ‘আগামীর নির্মাতা’ নামে প্রতিযোগিতা।

এ আয়োজনের প্রাথমিক ধাপ পেরিয়ে ১০ নির্মাতা পেয়েছেন ১০টি স্বল্পদৈর্ঘ্য বানানোর সুযোগ। তাঁদের বাছাই করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন তিনজন নির্মাতা—মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী ও রুবাইয়াত হোসেন। এই ১০ জন থেকে নির্বাচিত তিনজন পাবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর সুযোগ। কথা হয় ১০ নির্মাতার সঙ্গে। একসঙ্গে আড্ডায় মাতলেন লস্কর নিয়াজ মাহমুদ, প্রজ্ঞা আহম্মদ, নভেরা হাসান, মো. ইয়াসির ইউনুছ, মাহমুদ হাসান, তাসমিয়াহ্​ আফরিন, তানভীর আহম্মদ, আবু রায়হান, তাছনুফা সিমি ও জহিরুল ইসলাম। কথায় কথায় উঠে এল তাঁদের স্বপ্ন, সিনেমা–যাপন ও বর্তমান কাজের খবর।

২০০৬ সালে লস্কর নিয়াজের সিনেমাযাত্রার শুরু। একটি চলচ্চিত্র সংসদ থেকে সিনেমার কোর্স করেন। এরপর করেন সহকারী পরিচালকের কাজ। একদিন নিজেই বানিয়ে ফেলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরপর থেকেই শুরু সিনেমা বানানো।

তানভীর আহম্মদ চৌধুরী টাকা জোগাড় করতে লেখালেখি করেন। সেখান থেকেই প্রেম জন্মায় নির্মাণের দিকে। তিনি বলেন, ‘জীবন নির্বাহের জন্য টাকা দরকার। লিখলে টাকা আসে। সেই সূত্র ধরে টিভি নাটকের পাণ্ডুলিপি লেখা শুরু করি এবং সৃজনশীল কাজের প্রেমে পড়ে যাই।’

তাসমিয়াহ্ আফরিন স্নাতক পড়ার সময় যুক্ত হন নির্মাণে। প্রামাণ্যচিত্র নির্মাণেই তিনি স্বাচ্ছন্দ্য। তাসমিয়াহ্ বলেন, ‘প্রথম দিকে আমি কয়েকটি প্রামাণ্যচিত্র বানাই। এরপর এখানকার কয়েকজন চলচ্চিত্রকারের সঙ্গে স্ক্রিপ্ট সুপারভাইজার ও সহকারী পরিচালক হিসেবে কাজ করি। আমার কাছে গুরুত্বপূর্ণ আমার গল্পটা কোন মাধ্যম দিয়ে বেশি বলতে পারব সেটি। আমি লেখালেখি করতাম। পরে আমার মনে হলো, ছবির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। পৃথিবীর যেকোনো মানুষের কাছে কানেক্ট করতে পারি। ফলে চলচ্চিত্র নির্মাণকেই আমি ভালোভাবে বেছে নিই।’

কিশোর বয়সে কখনোই সিনেমা হলে যাননি আবু রায়হান। সিনেমা নিয়ে ছিল নেতিবাচক ধারণাও। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে তাঁর এই ভুল ভাঙল। মনে হলো, মানুষের কাছে ইতিবাচক ধারণা তুলে ধরার জন্য সিনেমাও একটা বড় মাধ্যম। নির্মাতা তাছনুফা সিমির স্বপ্ন ছিল অভিনয়ের। কিন্তু নিজের অভিনয় পর্দায় কেন যেন ভালো লাগল না। চলে এলেন ক্যামেরার পেছনে। এরপর যুক্ত হওয়া আগামীর নির্মাতার সঙ্গে।

এই তরুণ নির্মাতাদের বাছাই করার দায়িত্ব ছিলে যাঁদের কাঁধে, তাঁদের একজন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তরুণ নির্মাতাদের সঙ্গ যেন তাঁকে নিয়ে গিয়েছিল যৌবনে। ফেসবুকে এভাবেই সেটি প্রকাশ করলেন ফারুকী। তিনি লেখেন, ‘দুইটা দিন মোটামুটি যৈবনকালের উত্তেজনায় চলে গিয়েছিলাম। এত এত তরুণ, এত এত গল্প। মেরিল–প্রথম আলোকে ধন্যবাদ “আগামীর নির্মাতা” উদ্যোগের সঙ্গে আমাদেরকে যুক্ত করার জন্য।’

আয়োজনটির সামনের মানুষগুলোর কথা জানা গেল। কিন্তু এই আয়োজনের পেছনের মানুষগুলোর চিন্তায় কী ছিল? সেটি জানালেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান। তিনি বলেন, ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানটি ২১তম বছর উদ্​যাপন করতে যাচ্ছে। কয়েক বছর ধরে আমাদের কাছে মনে হচ্ছে, এটা এক দিনের ইভেন্ট হয়ে যাচ্ছে। মেরিল ও প্রথম আলোর ইন্ডাস্ট্রিতে যে ধরনের অবদান থাকার কথা বড় পরিসরে সে ধরনের কিছু করতে পারছে না। এ রকম একটি চিন্তা থেকে ভেবেছি, নতুন যাঁরা বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাঁদের সামনে আনার একটা সুযোগ থাকা দরকার। হয়তো খুব ভালো প্রতিভা আছে কিন্তু তাঁদের সামনে কোনো বড় প্ল্যাটফর্ম নেই, তাঁরা সামনে আসতে পারবেন এই আয়োজনের মাধ্যমে। সেই চিন্তা থেকেই চেষ্টা করেছি প্রথম কাজটা নির্মাতাদের নিয়ে করব। যাঁরা নতুন নির্মাতা হতে চাইছেন, তাঁদের একটি পরিচিতি দরকার। সে রকম মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছি এ আয়োজনে। এমন একটি চিন্তার জায়গা থেকে আগামীর নির্মাতার এ উদ্যোগ। এটা কেবলই শুরু। এরপর আমরা অন্য কোনো একটা বিভাগ নিয়ে কাজ করব। যেমন অভিনয় বা গান।’

অনূর্ধ্ব ৪০ বছরের তরুণেরা যাঁরা টিভি, ইউটিউব, ফেসবুকসহ যেকোনো মাধ্যমের জন্য ফিকশন কিংবা নন–ফিকশন ভিডিও কনটেন্ট তৈরি করেছেন, তিনি এ প্রতিযোগিতায় আবেদন করতে পেরেছিলেন। অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০০ তরুণ নির্মাতাকে বেছে নেওয়া হয়। তাঁদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা। ১০০ জন থেকে প্রথমে ৫০, পরে ৫০ থেকে ১০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। তাঁরা একটি করে মোট ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর সুযোগ পান। এতে সহযোগিতা করে মেরিল ও প্রথম আলো। এরপর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে বিচারকদের রায় ও দর্শকদের ভোটে বেছে নেওয়া হবে সেরা তিন নির্মাতাকে। এই তিনজন তাঁদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবেন। এ ছাড়া বিজয়ী একজন নির্মাতা সুযোগ পাবেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শ দ্যু ফিল্ম’–এ অংশ নেওয়ার।

বিজয়ী দশ তরুণ

● প্রজ্ঞা আহম্মদ

প্রকল্প: কপালের দোষ

● তাসমিয়াহ্ আফরিন

প্রকল্প: নায়িকার এক রাত

● আবু রায়হান

প্রকল্প: ধুপছায়া

● মাহমুদ হাসান

প্রকল্প: ঘটমান বর্তমান

● মো. জহিরুল ইসলাম

প্রকল্প: ন্যানোবোট

● মো. ইয়াসির ইউনুছ

প্রকল্প: সকাল আট ঘটিকা

● তানভীর আহম্মদ চৌধুরী

প্রকল্প: উত্তর দক্ষিণ

● লস্কর নিয়াজ মাহমুদ

প্রকল্প: দ্বিতীয় জীবন

● নভেরা হাসান

প্রকল্প: আগুয়ান

● তাছনুফা সিমি

প্রকল্প: বংশ (প্রস্তাবিত নাম)