স্বপ্ন বোনার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে জমজমাট হয়ে থাকে বেইলি রোড। নাটকপাড়ায় মানুষের আনাগোনা যায় বেড়ে। পথেঘাটে বাড়তে থাকে মানুষের ভিড়। কোলাহলের ভেতর ভিড় ঠেলে গরম পেঁয়াজু আর চপ খেতে খেতে পৌঁছাই গন্তব্যে। শৈবালে ঢাকা দেয়ালঘেরা বাড়িটির নাম ড্রিম থিয়েটার। সদর দরজা দিয়ে একটু ভেতরে ঢুকতেই চোখ পড়ল শ্মশ্রুমণ্ডিত এক টগবগে তরুণের ওপর। উবু হয়ে বসে তিনি নিজের পোষা খরগোশগুলোর শরীরে হাত বুলিয়ে করছেন আদর। এই তরুণই বর্তমান সময়ের আলোচিত নির্মাতা অনিমেষ আইচ। নির্মাতা হিসেবে বেশ জুতসই একটা অবস্থানে আছেন তিনি। কিন্তু হঠাৎই বুঝি লেগে গেল তাঁর গায়ে অভিনেতার তকমা। গত বছর তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে যাত্রা করেন শুরু। পর্দার পেছন থেকে তাঁকে সামনে নিয়ে আসেন আরেক নির্মাতা মেজবাউর রহমান সুমন। গল্প পছন্দ হওয়ার কারণে এই প্রিয় মানুষটার অনুরোধ ফেলতে পারলেন না অনিমেষ। নির্মাতার সহযোগিতা আর নিজের চেষ্টায় চরিত্রের সঙ্গে মিশে যেতেও কষ্ট হয়নি খুব একটা। তাই প্রথম কাজেই বাজিমাত। সাবলীল অভিনয় দিয়ে সবার কাছে নতুন পরিচয়ে পরিচিত হয়ে উঠলেন। পরিচালক অনিমেষ আইচকে অভিনেতা হিসেবেও গ্রহণ করে নিলেন দর্শকেরা। ‘থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, তাই টুকটাক অভিনয় করা হতো আমার। এ জগতের সবকিছুর প্রতিই রয়েছে আগ্রহ। সুযোগ পেলে কোনো একদিন হয়তো গানও গাইব, কিংবা সুর দেব গানে।’ বললেন অনিমেষ আইচ। অভিনয় নিয়ে খুব একটা বেশি ভাবেন না তিনি। স্রেফ শখের বশেই অভিনয়টা করা। ফেরার পথ নেই—থাকে না কোনো কালে, রানঅ্যাওয়ে দ্য ফিল্ম ও তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে টেলিছবিগুলোয় করা দারুণ অভিনয় এই শখেরই বহিঃপ্রকাশ। কখনো জঙ্গি, কখনো বা আঙ্গুরলতার স্বামী—সব চরিত্রেই মানানসই মনে হয়েছে তাঁকে। রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করার খুব ইচ্ছে অনিমেষের। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো নিয়ে যদি কেউ কাজ করেন, সেখানে সানন্দে অভিনয় করতে চান এই তরুণ। তবে আপাতত আর অভিনয় নয়, নাটক নির্মাণেই নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন তিনি। বড় পর্দার জন্যও নিচ্ছেন প্রস্তুতি। মানুষের মনে চলচ্চিত্র টিকে থাকে বছরের পর বছর, তাই এ মাধ্যমে কাজ করে নিজের ভাবনাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চান অনিমেষ। বানাতে চান এমন একটা ছবি, যা দিয়ে পৃথিবীর সব মানুষ এ দেশটাকে চিনবে। স্বপ্ন দেখেন এ দেশের তরুণেরা একদিন সব সংকট দূর করে নিজেদের তৈরি চলচ্চিত্র নিয়ে বিশ্বের দরবারে পাল্লা দেবেন। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পেলে এবং পরিকল্পনামাফিক এগোতে পারলে ২০ বছর পরই এ দেশের চলচ্চিত্রের পুরো অবস্থা বদলে দেওয়া যাবে বলে বিশ্বাস এই নির্মাতার। এমন বিশ্বাস আর স্বপ্ন থেকেই বন্ধুবান্ধবকে নিয়ে চালু করা হয়েছে ‘গাধার পাল’ নামের একটি সংগঠন। এখানে আছে নবীন নির্মাতাদের প্রশিক্ষণ আর বাচ্চাদের আঁকাআঁকি শেখার ব্যবস্থা। কখনোই আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নন অনিমেষ। তিনি এখনো শিখছেন। এ মাধ্যমের অনেক কিছুই জানা আছে বাকি। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নিজেকে করে তুলছেন পরিপক্ব। অসততা সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। নিজের সততা দিয়ে সারা জীবনের চেষ্টায় শিল্পের জন্য কিছু একটা হলেও করে যেতে চান নির্মাতা অনিমেষ আইচ। কথা বলতে বলতে রাত গভীর হয়। অনিমেষ তখনো ব্যস্ত। অনেক অনেক কাজ তাঁর। কঠিন সব স্ব্প্ন পূরণ করতে হবে তাঁকে। পরিশ্রম করতে হবে চৌপর। চাট্টিখানি কথা নয়। তবু ক্লান্তি নেই তাঁর। ভালো লাগা, ভালোবাসার কাজে ক্লান্তি কখনো এসে বাগড়া দেবে না, এটাই তো স্বাভাবিক।