স্বপ্ন হলো সত্যি
গ্যালারিতে ঢুকেই চোখে পড়ল মাস্টারদা সূর্য সেন ও নেতাজীর দুটো বড় ছবি। মুহূর্তেই আমাদের মধ্যে সেই চিরাচরিত প্রতিযোগিতা— কে আগে দাঁড়িয়ে ছবি তুলব। বলছিলাম ২৬ এপ্রিল কলকাতায় জালালাবাদ দিবস উপলক্ষে ‘বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংঘ’ আয়োজিত সূর্যসেন মঞ্চে গান গাওয়ার একটু আগের কথা। তখনও ভাবিনি বিখ্যাত ইতিহাসবিদ ড. অমলেন্দু দে, অধ্যাপক সুস্নাত দাশ, লোকসভার সাবেক সদস্য নেতাজীর ভ্রাতুষ্পুত্র সুব্রত বসু প্রমুখ সুধীজনদের গান শোনাব। স্বদেশ পর্যায়ের গানগুলো শ্রোতারা মগ্ন হয়ে শুনলেন। অন্য রকম অনুভূতি হল চট্টগ্রামের কৃতী সাংবাদিক প্রয়াত সাইফুল আলমের লেখা ‘চট্টগ্রাম বীর চট্টগ্রাম’ গানটি গাইতে। এদিকে আগের দিনের অর্থাৎ ২৫ এপ্রিল মধুসূদন মঞ্চে গান গাওয়ার রোমাঞ্চ তখনও পুরোপুরি কাটেনি। এদিন ‘নবনীহারিকা’ সংগঠনের আমন্ত্রণে ‘মর্মে গাঁথা বিশ্বময়ী’ শিরোনামে গীতিআলেখ্য ছিল রক্তকরবীর প্রথম পরিবেশনা। ১৯০৫ অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে শুরু করে চট্টগ্রাম যুব বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতারের দেশাত্মবোধক উদ্দীপনামূলক গানগুলো নিয়ে এই গ্রন্থনা। রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্ত, ডি.এল. রায়, গুরুসদয় দত্তের গানের পাশাপাশি আব্দুল লতিফ ও কবিয়াল রমেশ শীল রচিত বাঙলা ভাষার গান শ্রোতাদের প্রশংসা কুড়াল বেশ। দুটো স্বপ্ন পূরণের কথা বলে ফেললাম। এবার আসি স্বপ্নদ্রষ্টার কথায়। কবিগুরুর রক্তকরবী নাটকের সত্য ও সুন্দরের পথে চলার প্রয়াসের এই বক্তব্যকে পাথেয় করে ১৯৯৪ সালে যাত্রা শুরু চট্টগ্রামের শুদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘রক্তকরবী’র। উদ্দেশ্য গতানুগতিক পথে না চলে সঙ্গীত ও সংস্কৃতির শুদ্ধ, সুস্থ, উন্নত বোধে তরুণ শিক্ষার্থীদের সমৃদ্ধ করা। অসীম প্রাণশক্তি ও ভালোবাসার জোরে শীলা মোমেন হাল ধরেছেন ‘রক্তকরবী’র। শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলকি’র একটি সহযোগী সংগঠন রক্তকরবী মূলত রবীন্দ্রসঙ্গীত চর্চার কেন্দ্র হলেও সঙ্গীতের আরও অন্যান্য শাখায় এর বিচরণ ঘটেছে। গত কয়েক বছরে চট্টগ্রাম-ঢাকায় রক্তকরবীর সকল অনুষ্ঠানই সুধীমহলে প্রশংসিত হয়েছে। শীলাদির নেতৃত্বে ‘রক্তকরবী’ গত ২২ এপ্রিল কলকাতার নারী সংগঠন ‘নবনীহারিকা’র আমন্ত্রণে স্বপ্নডানায় ভর করে দেশের সীমানা পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিল। ১৩ জনের এই দল ২৫ এপ্রিল মধুসূদন মঞ্চে ও ২৬ এপ্রিল সূর্যসেন মঞ্চে সঙ্গীত পরিবেশন করল। দুটো অনুষ্ঠানেই বাড়তি আকর্ষণ হিসেবে ছিল আবৃত্তিকার রাশেদ হাসানের ধারা বর্ণনা ও পাঠ। শীলাদির গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠান দুটির গান নির্বাচন, সজ্জা ইত্যাদি সকল বিষয় বিমোহিত করেছে শ্রোতাদের, যাঁরা অধীর আগ্রহ নিয়ে অনুষ্ঠান শুনেছেন, দিয়েছেন তাঁদের মতামত আর প্রকাশ করেছেন পুনরায় গান শোনার ইচ্ছা। সূর্যসেন মঞ্চে বসার আগ মুহূর্তেই এল প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টি। স্বদেশের গান গাওয়ার প্রাণশক্তি, উদ্দীপনা যেন প্রকৃতিই এভাবে আরেকটু সঞ্চারিত করল আমাদের মধ্যে।পরপর তিনটি সফল পরিবেশনার পর রক্তকরবীর শিক্ষার্থীরা বুঝতে পারল নতুন জায়গায় আর প্রাজ্ঞ শ্রোতার সান্নিধ্যে এসে কেবল মনই বড় হয় না, আত্মাও পরিশীলিত হয়। ২৭ এপ্রিল গান শুনিয়ে আমরা গেলাম পাশের পাড়ায় একালের জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যের গান শুনতে। সেখানেও অপেক্ষা করছিল আরেক বিস্ময়। শ্রীকান্তের আন্তরিকতা, বিনয় মুগ্ধ করল আমাদের। তিনটি স্বপ্নের সফল বাস্তবায়নের পর ‘রক্তকরবীর’ দার্জিলিং সফর ভরপেট আহারের পর ডেজার্টের কাজ করেছে। যেতে যেতে কানে বাজছিল আমাদের উদ্দেশ্যে শ্রীকান্তের গাওয়া অঞ্জন দত্তের লেখা দার্জিলিং নিয়ে গাওয়া গানটি। মেঘের দেশে গিয়ে মনে হচ্ছিল সত্যিই কি এলাম, নাকি কল্পনা!