
বর্ণিল জগতের একেকজন রানি। বিচরণ করেন বড় পর্দা থেকে শুরু করে প্রখ্যাত সব বিনোদন সাময়িকীর প্রচ্ছদ আর লাখো ভক্ত-অনুরাগীর হৃদয়জুড়ে। তাঁদের প্রতিভা ও সৌন্দর্যকে ব্যবহার করে চলচ্চিত্র ব্যবসায়ীরা বিপুল মুনাফা পান। অথচ সেই অভিনেত্রীরাই কিনা যুগ যুগ ধরে বঞ্চনার শিকার! মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য এবার তাঁরা নতুন করে তত্পর হয়েছেন। না, রুপালি পর্দায় নয়, বাস্তবেই!
হলিউড ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষ ভেদাভেদের অভিযোগ বেশ পুরোনো। অভিনেত্রীরা তাঁদের সহকর্মী পুরুষদের তুলনায় পারিশ্রমিক কম পান। কাহিনিতেও থাকে পুরুষ-প্রাধান্য। পর্দায় উপস্থিতি এবং সংলাপেও নারীরা কম গুরুত্ব পান। তাঁদের শারীরিক সৌন্দর্যকে পরিচালকেরা যতটা উপস্থাপন করেন, অভিনয়প্রতিভা ও অন্যান্য গুণকে অনেক সময় ততটা গুরুত্ব দিয়ে তুলে ধরেন না।
চলচ্চিত্রে ব্যবসার দিকটা গুরুত্বপূর্ণ। আগে বলা হতো, নারীপ্রধান ছবি বাজারে চলে না। কিন্তু এ ধরনের চলচ্চিত্রও এখন ব্যবসায়িক সাফল্য পাচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ জেনিফার লরেন্সের দ্য হাঙ্গার গেমস, মেলিসা ম্যাককার্থির স্পাই, আনা কেনড্রিকের পিচ পারফেক্ট টু, অ্যামি শুমারের ট্রেনরেক ইত্যাদি।

জেনিফার লরেন্স, জিনা ডেভিস ও কেট ব্ল্যানচেটের মতো তারকারা এখন হলিউডে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন। নারীপ্রধান চলচ্চিত্রকে ‘এফ’ রেটিং দেওয়ার প্রচলনও ইতিমধ্যে শুরু হয়েছে। অবশ্য এ রকম তকমা দিলেই যে বৈষম্য দূর হয়ে যাবে, তা নিশ্চিত নয়। সে যাই হোক, হলিউডের প্রথম সারির তারকা কেট ব্ল্যানচেট ২০১৪ সালে অস্কার পুরস্কার নেওয়ার সময় স্পষ্ট বলেছেন, নারীদের নিয়ে তৈরি ছবিগুলো যোগ্য মর্যাদা পায় না।
আর পুরুষ অভিনয়শিল্পীদের চেয়ে কম পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নিয়ে খেদ জানিয়ে রীতিমতো নিবন্ধ লিখেছেন জেনিফার লরেন্স। ইন্ডাস্ট্রিতে নারীর অপ্রাপ্তি নিয়ে আরও বক্তব্য দিয়েছেন রিজ উইদারস্পুন, অ্যামি শুমার, স্যান্ড্রা বুলক প্রমুখ। উইদারস্পুন মনে করেন, নারীর বঞ্চনা কেবল হলিউডে সীমিত নয়। সময়টাই এখন সংস্কৃতির সংকটের, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ইন্ডাস্ট্রিতে। নারীদের প্রায় সব সময়ই খাটো করে দেখানো হয়। আর শীর্ষ অবস্থানে থাকলেও তাঁরা পুরুষের চেয়ে কম পারিশ্রমিক পান।
হলিউডের প্রভাবশালী অভিনেত্রী ও পরিচালক স্যান্ড্রা বুলক বলেন, নারী-পুরুষ বৈষম্য আসলে একটা বড় সমস্যা। পারিশ্রমিকের ব্যাপারটা এখানে মুখ্য নয়। সংবাদমাধ্যমেও নারীর অধিকারের বিষয়টি নিয়ে ঠাট্টা-পরিহাস করা হয়। অভিনেত্রীদের জিজ্ঞেস করা হয় তাঁদের পোশাক আর চুলের স্টাইল সম্পর্কে। অথচ একজন অভিনেতার কাছে প্রশ্ন থাকে তাঁর কাজের গুণমান আর রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে।
পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে গত বছর ব্যবসাসফল ১০০টি চলচ্চিত্রের মধ্যে মাত্র একটির পরিচালক নারী। সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর এক-তৃতীয়াংশের কম সংলাপ নারীদের। আর ব্যবসাসফল সেরা ১০০টি ছবির মাত্র ১২ শতাংশের নামভূমিকায় ছিলেন নারীরা। আর গত ২০ বছরে সবচেয়ে সফল ছবিগুলোর ৭৭ শতাংশ নির্মাণকর্মী পুরুষ।
এই বৈষম্য দূর করার জন্য হলিউডের বাইরেও অনেকে উদ্যোগী হয়েছেন। যুক্তরাজ্যের বাথ চলচ্চিত্র উত্সবে গত বছর সমতা প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ওই উত্সবের পরিচালক হলি টারকিনি ‘এফ’ রেটিং ব্যবস্থা চালু করেন। তিনটি শর্ত পূরণ করলেই কোনো ছবিকে এই তকমা বা রেটিং দেওয়া হয়: ছবির চিত্রনাট্য অবশ্যই কোনো নারীর লেখা, পরিচালনায় থাকবেন একজন নারী এবং ছবিতে নারীর নিজস্ব অধিকারের বিষয়টির গুরুত্ব থাকে।
টারকিনি বলেন, চলচ্চিত্রজগতে সমমর্যাদা অর্জনের ব্যাপারে নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। অথচ তাঁদের অনেকেই চমত্কার চিত্রনাট্য লিখছেন, ছবি পরিচালনা করছেন। বড় পর্দায় নারীদের নিয়ে অসাধারণ সব ছবিও বানানো হচ্ছে। কিন্তু সেগুলো খুব কম বাজেটের, আর প্রচারও পায় না তেমন। তাই আমরা রেটিং ব্যবস্থা চালু করার মাধ্যমে একটা ভারসাম্য তৈরির চেষ্টা করছি, নিজেদের সীমিত পরিসরেই।
বিবিসি ও ভ্যারাইটি অবলম্বনে