স্বপ্নকুঁড়ির বশির আহমেদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নকুঁড়ির অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো
স্বপ্নকুঁড়ির অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো

বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনের সামনে শব্দযন্ত্রে ভেসে আসছিল ‘অনেক সাধের ময়না আমার’, ‘যারে যাবি যদি যা’ এমন সব মন কেড়ে নেওয়া গান। মন হরণ করা সেই গানের উৎস খঁুজতে গতকাল বৃহস্পতিবার অনেকে প্রবেশ করেন মিলনায়তনে। সেখানে তখনো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর শুরু হয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকঁুড়ির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল মাহবুব উল আলম চৌধুরী সম্মাননা পদক বিতরণ৷ পরে ছিল সদ্যপ্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বশির আহমেদ স্মরণে আলোচনা ও তাঁর গাওয়া ও সুর করা গানের পরিবেশনা৷ আয়োজনটি উৎসর্গ করা হয় বশির আহমেদের স্মৃতির প্রতি।

সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আমার খাতার প্রতি পাতার প্রতি কবিতায়’ গানটি দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। এরপর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সংবর্ধিতদের হাতে। একুশের প্রথম কবি ‘মাহবুব উল আলম চৌধুরী সম্মাননা’ প্রদান করা হয় কবি মুহম্মদ নুরুল হুদা, ভারতের নজরুল গবেষক কবি সৈয়দ হাসমত জালাল ও কণ্ঠশিল্পী কনকচাঁপাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কবি নাসির আহমেদ ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আরও বক্তব্য দেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, শিল্পী কনকচাঁপা, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পী বুলবুল মহলানবীশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্বপ্নকঁুড়ির সভাপতি হাসান মাহমুদ।

আলোচনা ও সম্মাননা পর্ব শেষে ছিল বশির আহমেদের গানের পরিবেশনা। এ ছাড়া দলীয় সংগীতের পাশাপাশি একক কণ্ঠে গান শোনান সুশান্ত সৈকত, টুম্পা দাস, বৃষ্টি, মাটি প্রমুখ। তাঁরা পরিবেশন করেন ‘অনেক সাধের ময়না আমার/ বাঁধন কেটে যায়’, ‘যারে যাবি যদি যা’, ‘কাঁকন কার বাজে রুমঝুম’ এসব গান।