স্বপ্নজালের শুটিং শুরু

গিয়াসউদ্দিন সেলিম তাঁর নতুন ছবির কাজ শুরু করেছেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে এক বাড়িতে ‘স্বপ্নজাল’ ছবির প্রথম দৃশ্যটি ধারণের কাজ করেন। আজকের শুটিংয়ে অংশ নিচ্ছেন ছবির প্রধান দুই শিল্পী পরীমনি, ইয়াশ রোহান ও আরও কয়েকজন শিল্পী। এ ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম।
দুপুরে শুটিংয়ের ফাঁকে কথা হয় গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিন পর আমার নতুন ছবির কাজ শুরু করেছি। সবাই খুব আন্তরিক। আমরা এখন আছি চাঁদপুরে। পুরো এক মাস থাকব এখানে। শিল্পী ও কলাকুশলীসহ ৮৫ জনের একটি দল কাজ করছি।’
ছবির গল্পের ভাবনা প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু আর শুভ্রা। ভূমিদস্যু আয়নাল গাজী শুভ্রার বাবাকে হত্যা করে সবকিছু হাতিয়ে নেয়। মা আর ছোট ভাইকে নিয়ে দেশান্তরী হয় শুভ্রা। শিকড়ে ফেরার স্বপ্ন তাঁর চোখে।
এ ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া ইসলাম, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
‘স্বপ্নজাল’ ছবির গানে কণ্ঠ দেবেন অর্ণব, জয়িতা, সানি, অর্ক সুমন, লাইসা আহমেদ লিসা আর কৃষ্ণকলি।