স্বপ্নডানায় রুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর চারেক আগের কথা। একটি কনসার্টে গান গাইছেন ফেরদৌস ওয়াহিদ। গান শেষে শ্রোতাদের উদ্দেশে বললেন, ‘আমাদের মাঝে আজকে হাবিব গান করবে না। কিন্তু আমার পরেই এই মঞ্চে গান করবে হাবিব টু।’ দর্শকেরা একটু দ্বিধাগ্রস্ত। হাবিব টু আবার কে? একটু পরে মঞ্চ থেকে ভেসে এল হাবিবের সেই সময়কার জনপ্রিয় গান ‘দিন গেল তোমার পথ চাহিয়া’। শ্রোতাদের এবার ফেরদৌস ওয়াহিদের কথায় কোনো সন্দেহ থাকল না। সেদিনের সেই হাবিব টু আজকের আরফিন রুমী। ‘শুধু হাবিব ভাই কেন, আমি আরও অনেক শিল্পীর গাওয়া গান হুবহু গেয়ে দিতে পারতাম তখন থেকেই। তবে হাবিব ভাইয়ের গান ভালো লাগায় তাঁর গান একটু বেশি গাইতাম। এ কারণেই তখন এমন নাম হয়ে গিয়েছিল।’ বলছিলেন আরফিন রুমী। ইচ্ছে ছিল বড় ক্রিকেটার হবেন। প্রথম বিভাগ লিগও খেলেছেন। কিন্তু মায়ের ইচ্ছে ছিল, ছেলে গান করুক। হারমোনিয়ামে সারেগামা করা দেখেই মা হয়তো বুঝতে পেরেছিলেন, ছেলেকে দিয়ে গান হবে। বছর ছয়েক আগে রুমীকে ভর্তি করিয়ে দেওয়া হয় ছায়ানটের শুদ্ধ সংগীত বিভাগে। এখনো সেখানে নিয়মিত তালিম নিচ্ছেন তিনি। তবে গান নিয়ে সবচেয়ে বড় অভিজ্ঞতা ক্লোজআপ ওয়ানে গিয়ে। প্রতিযোগিতার প্রথম আসরে ঢাকার অডিশন রাউন্ডেই বাদ পড়ে যান রুমী। পরের বছর আবার কোমর বেঁধে লেগে পড়েন। কুমিল্লা থেকে অডিশন রাউন্ডে পেয়ে যান ঢাকার ইয়েস কার্ড। কিন্তু দ্বিতীয় অডিশনে আবার বাদ। হতাশা ঘিরে ধরে রুমীকে। ‘তবে কি গান আমার জন্য নয়?’ তত দিনে গান করবেন বলে ক্রিকেট ছেড়েছেন। এবার শুরু করলেন আরও জোরদার অনুশীলন। পাশাপাশি চলতে লাগল স্টেজ শো। ‘খ্যাপ আর্টিস্ট’ হিসেবে রুমী তখন বেশ পরিচিত। স্টেজ শো করতে গিয়েই পরিচয় ফেরদৌস ওয়াহিদের সঙ্গে। ‘আঙ্কেল একদিন তাদের বাসায় নিয়ে গেলেন। হাবিব ভাইকে বললেন, “ছেলেটা খুব ভালো গায়। দেখতে পারিস।” হাবিব ভাই আমার গান শুনে বেশ পছন্দ করলেন। তার পর থেকেই হাবিব ভাইয়ের সঙ্গে জিঙ্গেলসহ অন্যান্য কাজ নিয়মিত করে যাচ্ছি।’ হাবিবের কাছ থেকে রুমীর খোঁজ পেয়ে ফুয়াদও তাঁকে কাজে লাগালেন। সেদিন এক রেডিও শোতে ফুয়াদ বলছিলেন, ‘আরফিন রুমী হচ্ছে দ্য গ্রেটেস্ট মিউজিক্যাল থিফ ইন বাংলাদেশ। ওর শকুনের মতো চোখ দিয়ে আমার আর হাবিবের কাজ দেখতে দেখতে বছরখানেকের মধ্যে ও যা শিখেছে, তা শিখতে আমাদের বহুদিন লেগেছে।’ সে কথা মনে করিয়ে দিতেই রুমীর প্রাণখোলা হাসি। ‘ফুয়াদ ভাই এমনই। সব সময় মজা করার ভেতরে থাকেন। মন ভালো থাকলে হাবিব ভাইও কম যান না। তবে এটা সত্য, আমি যা শিখেছি তা ওনাদের দেখে দেখেই। নিজের ভাগ্যকে নিয়ে মাঝেমধ্যে নিজেরই হিংসা হয়। একই সময়ে দেশের দু-দুজন প্রথম সারির সংগীতায়োজকের কাছে শিখতে পারছি।’ ২০০৭ সালে বের হয়েছিল রুমীর প্রথম একক অ্যালবাম আরফিন রুমী। আর গত ঈদে বের হয়েছিল দ্বিতীয় একক এসোনা। শুধু গায়ক হিসেবে নিজেকে আটকে রাখেননি রুমী। সংগীতায়োজক হিসেবেও নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। নিজের অ্যালবামের পর এই ঈদে করলেন কাজী শুভর প্রথম একক অ্যালবাম সাদামাটার সংগীতায়োজনের কাজ। হাবিবের সহকারী সংগীতায়োজক হিসেবেও কাজ করছেন কয়েকটি অ্যালবামে। ‘হাবিব ও ফুয়াদ ভাইয়ের কাজ দেখে বাসায় এসে নিজে নিজেই প্র্যাকটিস করতাম। এভাবেই শুরু।’ এর মধ্যে গত বছর থেকে যুক্ত হয়েছেন ব্যান্ডদল দূরবীনের সঙ্গে। ব্যান্ডটির সাম্প্রতিক সময়ের জনপ্রিয় গান ‘স্বপ্নডানা’র সুরও তাঁর করা।সুর ও সংগীতায়োজনের কাজ করতে গিয়ে প্রযুক্তির সাহায্য নিতেই হবে বলে রুমী মনে করেন। তবে তার পরও গোড়া সব গায়কেরই শক্ত হওয়া প্রয়োজন। ‘ভিতটা নড়বড়ে হলে প্রাসাদও ধসে পড়তে পারে। এখন আমি আমার প্রাসাদ তৈরি করছি বলতে পারেন।’ বলছিলেন রুমী। সে কারণেই শুদ্ধ সংগীতের (ক্লাসিক্যাল) ওপর ছায়ানটে করা কোর্সটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।