স্বপ্নদলের নতুন নাটক ‘চিত্রাঙ্গদা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ১৪টি নাটকের দলকে অনুদান দিয়েছে। এই অনুদান পেয়েছে স্বপ্নদল। এরই আওতায় স্বপ্নদল মঞ্চে আনছে কাব্যনাট্য চিত্রাঙ্গদা। নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। তিনি জানালেন, রবীন্দ্রনাট্যদর্শন অনুসরণের মাধ্যমে গবেষণাগার নাট্যরীতিতে তাঁরা তৈরি করছেন নাটকটি। এখন চলছে মহড়া। আগামী ১৬ জুন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।রবীন্দ্রনাথ কাব্যনাটক চিত্রাঙ্গদা রচনা করেন ১৮৯২ সালে। একই কাহিনি নিয়ে ১৯৩৬ সালে রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।জাহিদ রিপন বললেন, নৃত্যনাট্যটি নানা দলের মাধ্যমে দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হয়েছে। কিন্তু আধুনিক মঞ্চে কাব্যনাটক চিত্রাঙ্গদা মঞ্চায়নের তেমন কোনো খবর পাওয়া যায় না। স্বপ্নদল এবার সেই কাব্যনাটকটি মঞ্চে আনতে যাচ্ছে।