স্বপ্নপথিক: হাহাকারের প্রতিধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার ট্র্যাজেডি স্মরণে শিল্পকলা একাডেমীতে স্বপ্নপথিক নাটকের মঞ্চায়ন । প্রথম আলো
সাভার ট্র্যাজেডি স্মরণে শিল্পকলা একাডেমীতে স্বপ্নপথিক নাটকের মঞ্চায়ন । প্রথম আলো

গেল বছরের ২৪ এপ্রিল ঘটে দেশের শিল্প খাতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজার বিপর্যয়। ঝরে যায় হাজারের বেশি পোশাকশ্রমিকের প্রাণ। নানা মাত্রার পঙ্গুত্ব বরণ করেন অনেকে। নিঃস্ব হন ভবনের অনেক ব্যবসায়ী। মর্মান্তিক ঘটনাটির এক বছর পূর্তিতে গতকাল আরণ্যক নাট্যদলের উপস্থাপনায় শোনা গেল সেই হাহাকারের প্রতিধ্বনি।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় আরণ্যকের প্রযোজনা স্বপ্নপথিক। হারুন রশীদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। বেসরকারি সংস্থা অক্সফাম আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের শুরুতে ছিল শ্রমিকের শ্রম-ঘাম ও নিষ্ঠায় তৈরি পোশাকশিল্পের এগিয়ে যাওয়ার দৃশ্য। এরপর আসে সেদিনের সেই মর্মান্তিক ঘটনার ছবি। ফাটল ধরা রানা প্লাজায় ভবন ও কারখানা মালিক-কর্মচারীদের হুমকিতে কাজে যোগ দিতে বাধ্য হন শ্রমিকেরা। কাজ শুরুর স্বল্প সময়ের মধ্যেই ধসে পড়ে ভবনটি। মুহূর্তেই নিভে যায় শত শত প্রাণ। এরপর উদ্ধারকর্মের মধ্য দিয়ে নাটকে দেখানো হয় মানবতার জয়জয়কার ও মানুষের অদম্য চেতনার নমুনা।
অনুষ্ঠানে আরও ছিল আলোকচিত্র ও শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, ভিডিও প্রদর্শনী, আলোচনাসহ নানা আয়োজন।
স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের স্মরণে আলোক প্রজ্বালন করা হয়। এ ছাড়া ছিল ‘নগর দুর্যোগ: প্রস্তুতি এবং সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন সংসদ সদস্য শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন মামুনুর রশীদ, জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশীদ ও অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল সনেজি।