স্বপ্নপূরণের পথে অপূর্ব

স্বপ্নপূরণের পথেই হাঁটছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। আর তাঁর এই স্বপ্ন পূরণ হতে চলেছে চলচ্চিত্রে নিজের পছন্দসই চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে।
প্রথম আলো ডটকমকে অপূর্ব বলেন, ‘আমার স্বপ্নই ছিল নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করা। কিন্তু আমার শুরুটা হয় টিভি নাটক দিয়ে। টিভির দর্শকেরাও কিন্তু আমাকে নিরাশ করেননি। তাঁরা আমাকে রোমান্টিক ইমেজে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। তা আমি ভালোভাবেই টের পেয়েছি এবং পাচ্ছি। এরই মধ্যে আমি “গ্যাংস্টার” নামের একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। ছবিটির প্রোমো ইউটিউবে ছাড়াও হয়েছে। প্রোমো দেখার পর সবার কাছ থেকেই অনেক প্রশংসা পাচ্ছি আর “গ্যাংস্টার” ছবিটিতে অভিনয় করার মাধ্যমে আমার লালিত স্বপ্নের বাস্তবায়নও হতে চলেছে।’
অপূর্ব আরও বলেন, ‘মাঝে চলচ্চিত্রের যে পরিবেশ তৈরি হয়েছিল, তাতে আমার স্বপ্ন কিছুটা থমকেই গিয়েছিল। তবে “গ্যাংস্টার” ছবিতে কাজ করার পর ছবির প্রতি আমার আগ্রহ বেড়ে গেছে অনেকখানি। এ ছাড়া ইদানীং কিছু কিছু ছবির প্রোমোও আমাকে মুগ্ধ করেছে। আমি নিজেও মানসিকভাবে এখন ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত।’
আশিকুর রহমানের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ছবিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন পিয়া।
টিভি অভিনয়শিল্পী অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘বৃষ্টি যখন’। তবে কিছুদিন শুটিংয়ের পর ছবিটির ফুটেজগুলো নষ্ট হয়ে যায়। এরপর আর ছবিটির কাজও এগোয়নি বলে জানান অপূর্ব।
এদিকে, এনটিভিতে এখন প্রচারিত হচ্ছে অপূর্ব অভিনীত ধারাবাহিক ‘ভালোবাসার চতুষ্কোণ’। ২১ ডিসেম্বর ২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অপূর্ব। ফিরে এসেই ভালোবাসা দিবসের কয়েকটি নাটকের কাজ শুরু করবেন বলে জানান তিনি।