স্বপ্নপূরী নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসনের নেভারল্যান্ড র্যা ঞ্চ
মাইকেল জ্যাকসনের নেভারল্যান্ড র্যা ঞ্চ

২৭০০ একর আয়তন। এলাকার ভেতরেই দু-দুটো লেক। চিড়িয়াখানা, সিনেমা হল, মঞ্চ, বিনোদন পার্ক—কী নেই সেখানে! আরও ছিল ছয় বেডরুমের মস্ত বাড়ি, এমনকি নিজস্ব দমকল বাহিনী পর্যন্ত। এই হচ্ছে প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নেভারল্যান্ড র্যা ঞ্চের ভেতরের চেহারা। শিল্পীর মৃত্যুর পর একপর্যায়ে অবশ্য হাতবদল হয়ে পার্ক আর চিড়িয়াখানাটি বিদায় নিয়েছিল এস্টেট থেকে। বদলে গিয়েছিল নামও—নেভারল্যান্ড থেকে সাইকামোর ভ্যালি র্যা ঞ্চ।
নাম হয়তো বদলে যায়। কিন্তু স্মৃতি বদলায় কি? তবে ভক্তরা ভয়ে ভয়েই আছেন, নিলামে একেবারে গোটা সম্পত্তিটাই বিকিয়ে গেলে কি আর তা থাকবে? নাকি লাভ আর লোভের তলে চাপা পড়বে স্মৃতির ধুলো।
নিলামঘর সাদাবি’জ ডাকে তুলেছে জ্যাকসনের স্বপ্নপূরীকে। ব্যাংকে এক শ মিলিয়ন ডলার থাকলেই অংশ নেওয়া যাবে সেই নিলামে।
কত স্বপ্ন, কত যে স্মৃতি এই নেভারল্যান্ড ঘিরে! জ্যাকসন এখানেই বেশ কিছুদিন সংসার করেছেন আরেক কিংবদন্তি এলভিস-কন্যা লিসা মেরি প্রেসলিকে নিয়ে। প্রিয় বন্ধু এলিজাবেথ টেইলরের সঙ্গে ল্যারি ফরটেনস্কির বিয়ের আয়োজনও তো হয়েছিল এখানেই। সেই বিয়ের ছবি তুলতে ফটো সাংবাদিকদের হেলিকপ্টার বহর ছেয়ে ফেলেছিল নেভারল্যান্ডের আকাশ। একজন তো প্যারাসুট নিয়ে সোজা ঝাঁপ দেন। বর-বধূর মাত্র এক শ ফুট দূরে পড়েছিলেন তিনি! সময়-সুযোগ হলেই জ্যাকসন বন্ধুবান্ধবকে ডেকে ঘুরিয়ে দেখাতেন তাঁর স্বপ্নপূরী। ব্যাপারটা খুব উপভোগ করতেন তিনি। নামীদামি যাঁদের নেভারল্যান্ডে ডেকে এনে সঙ্গ দিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন অপরাহ উইনফ্রের মতো নক্ষত্র।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টা দুয়েকের দূরত্বে লস অলিভস। তার কাছেই নেভারল্যান্ড র্যা ঞ্চ। ১৯৮৭ সালে মাত্র ১৩ মিলিয়ন ডলারে বিশাল জমিটা কিনেছিলেন জ্যাকসন। পুরো জায়গাটা মনের মতো করে সাজিয়েছিলেন। শিশুদের কথা মাথায় রেখে বানালেন মস্ত বড় অ্যামিউজমেন্ট পার্ক আর চিড়িয়াখানা। নিজের ভেতরের লুকিয়ে থাকা শিশুটার তাগিদ নিশ্চয়ই ছিল। তা ছাড়া নিজের শৈশবে প্রাচুর্য বলে কিছু দেখেননি। বড় হয়ে অগাধ টাকার মালিক হওয়ার পর শিশুদের হাতে তুলে দিতে চেয়েছিলেন এক সোনালি শৈশব। কেউ কেউ বলবেন ভাগ্যের ফের—এই শিশুদের জন্য ভালোবাসাই হয়তো কাল হলো তাঁর জন্য।

মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসন

অনেক শিশুকেই মাইকেল জ্যাকসন ডেকে আনতেন নেভারল্যান্ডে আনন্দময় সময় কাটাতে। সে থেকেই বিতর্কের শুরু। একদিন রটল শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ। সে অভিযোগের পেছনে কতটা সত্যি আর কতটা মতলববাজি ছিল, তা বলা মুশকিল। এ অভিযোগের সত্যি-মিথ্যা এ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আদালতেও দোষী সাব্যস্ত হননি জ্যাকসন। কিন্তু একদিকে বেশ কিছু লোকের পকেট ভারী হয়েছে আর অন্যদিকে হতাশা আর কলঙ্কের অতল গহ্বরে তলিয়ে গেছেন অনেকের মতেই সর্বকালের সেরা ওই পপ তারকা।
নেভারল্যান্ড র্যা ঞ্চ নিলামে ওঠার খবরে ভক্তদের প্রতিক্রিয়াটা মিশ্র। তবে সম্পত্তিটার মালিকের নাম মাইকেল জ্যাকসন বলেই তাদের কথাটা মাথায় রাখতেই হয়েছে নিলামকারী সাদাবি’জকে। তারা বলেছে, ভক্তরা যাতে মনে আঘাত না পান, সেদিকে খেয়াল রাখা হবে। আগ্রহী ক্রেতাদের ঢ্যাঁড়া পিটিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখানো বা সাধাসাধি চলবে না।
জ্যাকসন-ভক্তদের শেষ সান্ত্বনা হয়তো এটাই।