স্বপ্নবাজ সংগীতপরিচালক
একজন স্বপ্নবাজ তরুণের সংগীতপরিচালক হয়ে উঠার গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘ফেরারি ফানুস’ নামের একটি চলচ্চিত্র। আবীর শ্রেষ্ঠর রচনা ও পরিচালনায় নির্মিত এ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় পা রাখছেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা রওনক হাসান। ছবিতে সংগীতপরিচালক হিসেবে অভিনয় করবেন রওনক। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘আমি আসলে প্রচণ্ড খুশি এ ধরনের একটি ছবিতে কাজ করতে পেরে। কারণ আমার প্রথম ছবিটি ছিল অনেকটা ইতিহাস। প্রথম ছবিতে আমাকে যেসব বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল, ছবির কাজ শুরুর পর সেগুলোর কোনোটাই রক্ষা করা হয়নি। তারপর অনেকটা বাধ্য হয়ে ছবিটির কাজ শেষ করতে হয়েছে। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ আমি দীর্ঘদিন ধরে বড় পর্দায় এ ধরনের একটি চরিত্রে অভিনয় করার সুযোগ খুঁজছিলাম। গল্পটি অসাধারণ।’ রওনক আরও বলেন, ‘ছবিতে, আমি একজন বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণ, যার স্বপ্ন হচ্ছে সংগীতপরিচালক হওয়া। এ স্বপ্নে সে বিভোর থাকে। ছবিটির কাজ শুরু হবে রোজার ঈদের পর পরই। ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।’চলচ্চিত্রের কাজের বাইরেও রওনক বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এবারের ঈদে রওনক অভিনীত ১৪-১৫টি নাটক প্রচারিত হবে। নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সারা যাকেরের পরিচালনায় লোডশেডিং ও কিছু ‘গোপন কথা’, মোহন খানের ‘আই লাভ ইউ তিনটি কারণে’, সুমন আনোয়ারের ‘সবুজ দাওয়াই’, সাজ্জাদ সুমনের ‘চিলেকোঠার স্বপ্ন’, নাসির মাহমুদের ‘হেঁটমুন্ডু’, সাঈদুল আনাম টুটুলের ‘বাজি’, লুত্ফুন নাহার মৌসুমীর ‘মন পবণ’, দীপঙ্কর দীপনের ‘আজব টিভি’, হাসনউদ্দোলা রনির ‘নীরবে নিভৃতে’ ও পঙ্কজ ঘোষের ‘ফাঁদ’।