স্বপ্নবান আয়ুশমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জুন কাপুরের বাবা বিশিষ্ট প্রযোজক বনি কাপুর। অর্জুনের প্রথম ছবি ইশাকজাদে মারমার কাটকাট হিট। ওদিকে আরেক বিশিষ্ট নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান এবং করণ জোহরের প্রধান সহকারী সিদ্ধার্থ মালহোত্রার প্রথম ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার গত বছরের অন্যতম হিট ছবি। করণ জোহরের মতো হাই প্রোফাইল নির্মাতার ছবি ছিল সেটি। অথচ এই রাঘব বোয়ালদের ছবিতে কাজ করে বক্স অফিস কবজা করার পরও এবার শূন্য হাতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বাড়ি ফিরতে হয়েছে অর্জুন-বরুণ-সিদ্ধার্থদের। সব দোষ (!) আয়ুশমান খুররানার! ‘কী বিদঘুটে নাম এই পাঞ্জাবের ছেলের।’—নিন্দুকের এ ধরনের সমালোচনার মুখে ছাই দিয়ে আয়ুশমান ঘরে তুলে নিয়েছেন এবারের ফিল্মফেয়ার, জি, স্ক্রিন, স্টারডাস্ট, ইটিসি অ্যাওয়ার্ডস—নতুন অভিনেতা হিসেবে। আর ভিকি ডোনার ছবির ‘পানি দা রাং’ গান গাওয়ার জন্য ফিল্মফেয়ার এবং স্টারডাস্ট তাঁকে বরমাল্য পরিয়েছে শ্রেষ্ঠ গায়কের সম্মানে। এ রকম রেকর্ড গড়ার ভাগ্য কিংবদন্তি নায়ক-গায়ক কিশোর কুমার, কে এল সায়গলদেরও হয়নি। বাপ-দাদার কোনো জ্বলজ্বলে সার্টিফিকেট গলায় না ঝুলিয়েও, মাত্র পাঁচ কোটি রুপি ব্যয়ে নির্মিত একটি ছবিতে অভিনয় করে ২৮ বছরের আয়ুশমানের এই সাফল্য সত্যিই রূপকথার গল্পকে হার মানায়। তাঁর প্রথম ছবি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই কুড়িয়েছে ৪০ কোটি রুপি। জ্যোতিষী বাবা এবং লেখিকা মা কখনো ভাবতে পারেননি তাঁদের বড় ছেলে আজ এই উচ্চতায় পৌঁছাবে। প্রথম ছবির পর একই পরিচালক সুজিত সিরকার ও নায়িকা ইয়ামির সঙ্গে আয়ুশমান করছেন হামারা বাজাজ। রোহান সিপ্পি পরিচালিত নৌটাঙ্কি সালা মুক্তি পাচ্ছে আগামী এপ্রিলে। এদিকে মাত্র একটি ছবিতে আয়ুশমানের প্রতিভার স্ফুরণ দেখে শীর্ষ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাঁর সঙ্গে তিন ছবির চুক্তি করেছে; প্রথমটির শুটিং শুরু হবে এ মাসেই। আয়ুশমানের বিপরীতে থাকছেন সোনম কাপুর। শুধু ফিল্ম প্রজেক্টই নয়, আয়ুশমানের মডেলিং, ইভেন্টস, ফটোসেশন, ইমেজ ম্যানেজমেন্ট—সবকিছুই এখন থেকে দেখাশোনা করবে যশরাজ ফিল্মস! ইংরেজি সাহিত্যে স্নাতক এবং গণযোগাযোগ, সাংবাদিকতায় স্নাতকোত্তর করা আয়ুশমানের শুরুটা হয়েছিল মঞ্চে অভিনয় দিয়ে। বাকি প্রতিভার ফিরিস্তি শোনা যাক আয়ুশমানের মুখেই, ‘মঞ্চনাটক, পড়াশোনার ফাঁকে এমটিভি রোডিজ-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে বিজয়ী হই। পাঁচ বছর মঞ্চ, পথনাটক করার পর ২০০৭ সালে রেডিও জকির চাকরি করি। তারও এক বছর পর এমটিভিতে ভিজে হিসেবে যোগ দিই। এরপর এখন পর্যন্ত প্রায় শ খানেক টিভি শো, মঞ্চ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেছি। ছোটবেলায় অবশ্য ধ্রুপদি সংগীতে তালিম নিয়েছিলাম। সেই কারণেই ভিকি ডোনার, হামারা বাজাজ ছবিতে প্লেব্যাক করার সাহস করি। হামারা বাজাজ ছবির একটি গানের সুর এবং সংগীত পরিচালনাও করেছি। কলেজে পড়াকালীন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের অধিনায়ক ছিলাম। তবে নিয়মিত হিন্দি কবিতা লেখা আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। সামনের বছর কবিতার বইও বের করতে চাই। নিজের ভাবনার জগতে লুকোচুরি খেলা, আপন ছন্দে দোল খাওয়া—এক জীবনে আর কী চাই?’১১ বছর প্রেমের পর নভেম্বর, ২০১১ সালে তাহিরা কশ্যাপের গলায় মালা পরান আয়ুশমান। আয়ুশমানের ভাষায়, ‘স্কুল-কলেজে কখনো মেয়ে সঙ্গ পাইনি। কলেজ পেরিয়ে একজন মেয়ের সঙ্গেই ভাব হলো। অতঃপর ভালোবাসা। ১১ বছর পর তার সঙ্গেই বিয়ে। কী লক্ষ্মী ছেলে আমি!’ তৎকালীন প্রেমিকা এবং এ কালের স্ত্রী তাহিরা জানতেন, ভিকি ডোনার ছবির ভিকির মতো ২০০৪ সালে আয়ুশমান স্পার্ম ডোনেট করেছিলেন। তাহিরা তো বটেই, ভিকি ডোনার ছবিটি মুক্তি পাওয়ার পর আয়ুশমানের বাবা-মাও জেনেছেন বিষয়টি। আয়ুশমান বলেন, ‘মা অবশ্য শুরুতে বুঝতে পারেননি। আমার বাবাই তাঁকে উদাহরণ-ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। স্ত্রীর মতো তাঁরাও আমাকে নিয়ে গর্বিত! আসলে স্পার্ম ডোনেশনের বিষয়টি ভারতে নতুন নয়। কিন্তু কেউ এত দিন এ বিষয়ে মুখ খুলতেন না। প্রযোজক জন আব্রাহাম, পরিচালক সুজিত সিরকারকে ধন্যবাদ এমন একটি স্পর্শকাতর বিষয়কে সহজ-স্বাভাবিক ভঙ্গিতে গণমাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য।’ প্রতি রাতে হিন্দি ভাষায় নিয়মিত ব্লগ লেখা আয়ুশমানের নেশা। রাজ্যের প্রতিভার ঢেউ এই নব্য অভিনেতার ব্যক্তিত্বে আছড়ে পড়লেও শেষ পর্যন্ত একজন অভিনেতা হিসেবেই নিজের নাম কায়েম করতে চান আয়ুশমান। রুম্মান রশীদ খানইন্ডিয়া এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, রেডিফ, স্টারডাস্ট অবলম্বনে