স্বপ্নবানদের সিনেমা
ওঁদের কেউ পেশায় চিকিৎসক, কেউ বিবিএর শিক্ষার্থী, আবার কেউ বা পড়ছেন ভিন্ন কোনো বিষয়ে। কিন্তু তাঁদের সবার স্বপ্নই এক—নতুন চলচ্চিত্রের খোঁজে বিভোর এই স্বপ্নবানেরা। তাই গত বছর ডেইলি স্টার পত্রিকার পক্ষ থেকে যখন প্রযোজনাভিত্তিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালার ঘোষণাটি এল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে সদ্য পাস করা মাহ্ফুজা আক্তার তখন আর দেরি করেননি। একইভাবে খুলনার আজম খান কলেজের ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষার্থী মিজানুর রহমানও ছুটে এলেন ঢাকায়। স্টেট ইউনিভার্সিটির আরফিন রিয়াদও ব্যবসায় প্রশাসনে পড়ার পাশাপাশি নিজের চলচ্চিত্র বাসনাকে ঝালাই করে নেওয়ার সুযোগ পেলেন এ কিস্তিতে। এঁদের সবার উদ্দেশ্য অভিন্ন—ভবিষ্যতের চলচ্চিত্রনির্মাতা হবেন তাঁরা।ডেইলি স্টারের আয়োজন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠবারের মতো এই কর্মশালা শুরু হয়েছিল গত বছরের ৪ আগস্ট। তিন মাসব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নাট্যনির্মাতা অমিতাভ রেজা, নুরুল আলম আতিক ও মেসবাউর রহমান সুমন। এঁদের কাছে নবীন শিক্ষার্থীরা হাতেকলমে যেমন চলচ্চিত্র নির্মাণ শিখেছেন, তেমনি উপরি পাওনা হিসেবে চলচ্চিত্রের ইতিহাসও জানা হয়েছে তাঁদের। আর এই নন্দিত নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগটি তো একেবারে নাচুনে বুড়ির কাছে ঢোলের বাড়ি দেওয়ার মতোই ঘটনা!কর্মশালায় প্রাথমিক পর্বে মোট ৩০ জন অংশ নিলেও বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। এরপর তিন তত্ত্বাবধায়কের অধীনে শিক্ষার্থী-নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ হয়েছে এ বছরের জানুয়ারি মাসে। তবে চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিচারকেরা মোট ছয়টিকে মানসম্মত হিসেবে মনোনীত করেছেন।শিক্ষার্থী-চলচ্চিত্রকারদের এসব ছবি দেখে বেশ বোঝা যায়, চলচ্চিত্রে তাঁদের হাতযশ নেহাত কম হয়নি। অমিতাভ রেজার তত্ত্বাবধানে বানানো হুমায়রা বিলকিস, মাহ্ফুজা আক্তার ও আরফিন রিয়াদের চলচ্চিত্রের বিষয় ‘ঢাকা তোমাকে ভালোবাসি’। ক্ষুদ্র ক্ষুদ্র চলচ্চিত্রগুলোতে ফুটে উঠেছে ঢাকা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবন-বাস্তবতা। যেমন, আরফিন রিয়াদ নির্মিত চলচ্চিত্রে দেখা যায় উঠতি তরুণ-তরুণীর প্রেমের চিত্র। পাশাপাশি হুমায়রা বিলকিসের লালবাগের মাসুদ রানা ছবিতে কালের সাক্ষী লালবাগ কেল্লার সমান্তরালে প্রতীকী অর্থে এসেছে এক বধির তরুণী। ফলে এই চলচ্চিত্রে ছোট ছোট দৃশ্যে পাওয়া গেল নীরবতার নতুন এক দৃশ্যকল্প।আবার মেসবাউর রহমান সুমনের তত্ত্বাবধানে ছয়জন নির্মাতা একজোট হয়ে তৈরি করেছেন টিভি ভাইরাস। এই চলচ্চিত্রে ‘কাদের’ চরিত্রটি শেষ অবধি যন্ত্রপ্রযুক্তির প্রতিনিধি হয়ে যেন বা আমাদের নিয়ে যেতে চায় অন্য এক ভুবনে, যেখানে সে নিজেই পরিণত হয়েছে জীবন্ত টেলিভিশনে। চলচ্চিত্রের কাহিনি ও নির্মাণশৈলীর মধ্যে অভিনবত্ব আছে, আছে মনস্তাত্ত্বিক বাস্তবতার মেলবন্ধন। চলচ্চিত্রের আলাদা ভাষাটিও এখানে বেশ স্পষ্ট।অন্যদিকে নুরুল আলম আতিকের তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে মিজানুর রহমানের কাঠগোলাপ এবং শফিক সেরনিয়াবাদের ই২ নানাভাবে বৈচিত্র্যময়। কাঠগোলাপে বিত্তহীনের জীবন এবং ই২ তে সরস ঘটনার মাধ্যমে উঠে এসেছে মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট। এসব চলচ্চিত্রে স্ক্রিপ্ট এবং দৃশ্য অনুযায়ী ফ্রেমিংয়ের মুনশিয়ানা, চিত্রায়ণ, অভিনয়—সব মিলিয়ে প্রতিটি ছবির নির্মাণশৈলী চোখে পড়ার মতো। এ বিষয়ে কর্মশালা সমন্বয়ক রাফি হক বলেন, ‘ছয় বছর ধরে এই আয়োজন করে আসছি আমরা। নতুন চলচ্চিত্র-প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ আবার কর্মশালা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আরফিন রিয়াদ মেলে ধরলেন স্বপ্নের খেরোখাতা। বললেন, ‘সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, কিমকেদুক— এঁদের চলচ্চিত্র দেখে ভাবতাম, আমি কি একদিন ছবি বানাতে পারব? এই কর্মশালা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এখন বাকি পথটুকু পেরোবার পালা।’