জন্মেছিলেন পলিডাকটাইলি নামের একটি সমস্যা নিয়ে। না, শুনতে যতটা খটোমটো মনে হচ্ছে, সমস্যা অতটা জটিল নয়। অনেকে জন্মের সময় বাড়তি একটা আঙুল নিয়ে জন্মায়। জিমা আর্টারটনেরও এক হাতে পাঁচটির বদলে ছিল ছয়টি আঙুল। জন্মের সময়ই সেই আঙুল কেটে ফেলা হয়েছে। কিন্তু নিজের অদৃশ্য ষষ্ঠ আঙুলটার অস্তিত্ব এখনো অনুভব করেন আর্টারটন, ‘একটা আঙুল বেশি থাকার বাড়তি একটা সুবিধাও কিন্তু আছে। আপনি বাকি সবার চেয়ে বেশি গুনতে পারবেন। আর তাই আমি যখন প্রতিটি আঙুলে নিজের একেকটি লক্ষ্য নির্ধারণ করি, অদৃশ্য সেই ষষ্ঠ আঙুলে থাকে আমার সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যটি।’এ কথা তাই বলাই বাহুল্য, আপনার-আমার চেয়ে আর্টারটনের স্বপ্নের সংখ্যা বেশি। তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন, মানুষ তাঁর আশার সমান বড়। মা ছিলেন পরিচ্ছন্নতাকর্মী। বাবার পেশা ছিল ঢালাইশ্রমিকের। মাত্র পাঁচ বছর বয়সে মা-বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে ছোট বোন হান্না আর মায়ের সঙ্গে মিলে উঠে আসতে হয়েছিল সরকারি অনুদানে পরিচালিত বাড়িতে। অনেকে শূন্য থেকে শুরু করে। আর্টারটনকে শুরু করতে হয়েছিল আরও পেছন থেকে। আর সেই প্রতিকূল স্রোতে সাঁতরে সাঁতরে এখন তিনি হলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ব্রিটিশ অভিনেত্রীদের একজন! আর্টারটনের নতুন ছবি হ্যানসেল অ্যান্ড গ্রিটেল মুক্তির পরপরই উঠে এসেছে টপচার্টে।কেন্টের শ্রমজীবী পরিবারের মেয়ে। শৈশবে আর্থিক কষ্ট অবশ্যই ছিল। কিন্তু সেই শৈশব নিয়ে কোনো আক্ষেপ নেই আর্টারটনের। মা ছিলেন গানপাগল। স্টোন রোজেস, রেডিওহেডের গান সারাক্ষণ বাজত। মা নিয়ে যেতেন গ্লাস্টনবুরি উম্যাডের মতো উৎসবগুলোতেও। মাত্র সাত বছরে ঝানু গিটারবাজিয়ে হয়ে উঠেছিলেন আর্টারটন আর তাঁর ছোট বোন। ছোট বোনটি এখন গানই করেন। হান্নার একটা ব্যান্ড দল আছে। কিন্তু গ্রেভসেন্ড গ্রামার স্কুলে পড়ার সময় সেই যে মঞ্চে নাম লেখালেন, অভিনয়ের নেশাটা ছাড়তেই পারলেন না। বৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে। ২০০৮ সালে এখান থেকেই সম্পন্ন করেছেন স্নাতক।নিজের জীবনে মায়ের ভূমিকার কথা তাই কখনোই অস্বীকার করতে পারেন না আর্টারটন, ‘আমার দেখা সবচেয়ে বিস্ময়কর এক নারী তিনি। মানুষ হিসেবে আমাকে আর আমার বোনকে তিনি গড়ে তুলেছেন খোলা মনের, আবেগপ্রবণ, সহানুভূতিশীল হিসেবে। আমরা স্বাধীনভাবে বেড়ে উঠেছি। গান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নাটক ছিল আমাদের নিত্যসঙ্গী। কিন্তু তাই বলে আমাদের ছন্নছাড়াও হতে দেননি। সব সময় একটা রেখার মধ্যেই রেখেছিলেন। বাস্তবতার জমিনে ছিল আমাদের শিকড় আর পা।’মঞ্চের সঙ্গে নাড়ির সম্পর্কটা ছিন্ন করেননি আর্টারটন। তবে তাঁকে প্রথম পরিচিতি এনে দিয়েছিল বিবিসির একটি টিভি সিরিয়াল। আর আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় কোয়ান্টাম অব সোলেস-এ বন্ড কন্যার ভূমিকায় অভিনয়। ক্ল্যাশ অব দ্য টাইটানস-এর মতো হলিউডি ব্লকবাস্টার ছবিতে ডাক পড়তে থাকে। খ্যাতির হাত ধরে আসে বিত্ত-প্রাচুর্য।তবে ড্রামা স্কুলের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীটির মন তাতে ভরে না, ‘কেউ যখন আমাকে বলে, “ওহ, তুমিই ক্ল্যাশ অব দ্য টাইটানস-এর সেই মেয়েটা না!” আমি লজ্জায় মরে যাই। এর চেয়ে অন্য কোনো ছবির কারণে পরিচিত হতে পারলেই আমি খুশি হতাম। সবাই এই ছবিটি দেখেছে। সবাই। এই ছবি আমাকে আমার নিজের বাড়িটিও কিনে দিয়েছে। আমেরিকায় কিন্তু দর্শকের সংখ্যা দিয়ে একটি ছবিকে বিবেচনা করা হয় গুরুত্বের সঙ্গে। যেটার আমি মোটেও পরোয়া করি না।’বাণিজ্যিক ধারা থেকে সরে এসে তাই করেছেন ডিসঅ্যাপিয়ারেন্স অব অ্যালিস ক্রিড-এর মতো ছবি। গত মাসে ২৭-এ পা দেওয়া আর্টারটন বলেছেন, ‘এই ছবি আমাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, চলচ্চিত্রের মতো বাণিজ্যিক একটি জায়গায়ও আপনি সৃষ্টিশীল কাজ করতে পারেন।’কিন্তু তাহলে আবার হ্যানসেল অ্যান্ড গ্রেটেল-এর মতো ছবিতে ফিরে যাওয়া কেন? আর্টারটনের উত্তর, ‘এটা ছয় কোটি ডলারের বড় বাজেটের ছবি। পাঁচজন প্রযোজক এই ছবির। এই ছবিতে আমার অভিজ্ঞতা দুর্দান্ত। এখান থেকেই আমি বুঝেছি, বড় বাজেটের ছবিতেও আপনি একই সঙ্গে সৃষ্টিশীল কাজ করতে পারেন।’ রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে