স্বপ্নবোনা কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপন বিরতি—অন্যদের কাছে বেশ বিরক্তিকর মনে হলেও, কণার বন্ধুদের কাছে তা একদমই নয়। এমনও হয়েছে, টিভিতে ১৫টা বিজ্ঞাপন যাচ্ছে কণার গাওয়া জিঙ্গেলে। আর কণার বন্ধুরা তা গুনছেন। জিঙ্গেল নিয়ে কণার বর্তমান ব্যস্ততা এমনটাই। সাক্ষাত্কার দিতে গেলেই অনেকেই বলে ওঠেন, ‘আমার পরিবার ছিল সংস্কৃতিমনা। আমার অমুক অমুক আত্মীয় গান করতেন।’ ইত্যাদি। কণা বললেন একদমই উল্টো কথা। তাঁর ভাষায়, ‘আমার পরিবারে কেউই গান করতেন না। তার পরও সব সময় আমি জানতাম, গায়িকা হব।’ সেটা কীভাবে? ‘ঠিক জানি না। তবে জানতাম, এটা জানি। ছোটবেলা থেকেই আমার একমাত্র লক্ষ্য, আমি রুনা লায়লা হব। সেই তখন থেকেই রুনা লায়লার মতো করে চুল কাটাতাম। সেই দিনগুলো ভাবতেও অনেক ভালো লাগে।’ বললেন কণা। গান নিয়ে কণার ভালোবাসার জায়গাটা ওই পর্যায়ে। নজরুল একাডেমি ও শিশু একাডেমীতে গান শিখতেন নিয়মিত, তবে শ্রদ্ধাভরে স্মরণ করেন মইদুল ইসলামকে। কণা বললেন, ‘আমার গানে যত কেরামতি, তার মোটামুটি সবই আমার ওই শিক্ষকের কাছে শেখা।’ ইমন সাহার সুরে প্রথম জিঙ্গেল গাইলেন ’৯৮ সালে। এরপর ধীরে ধীরে ব্যস্ততা বাড়তেই থাকল। ২০০৩ সালে কণা যোগ দেন চার মেয়ের গানের দল ‘অ্যাঞ্জেল ফোর’-এ। সঙ্গে ছিলেন তিশা, রুমানা ও নাফিসা; যদিও বেশি দূর যেতে পারেনি দলটি। কণা আবার ব্যস্ত হয়ে পড়েন জিঙ্গেল ও নাটকের শীর্ষসংগীত নিয়ে।২০০৬ সালে বের হয় কণার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা। শ্রোতামহলে বেশ আলোড়ন ফেলে অ্যালবামটি। মেয়েদের পপগানে যুক্ত হয় একটি প্রতিভাবান নাম। সে বছরই অভিনয় ও উপস্থাপনায় নাম লেখান কণা। এখানেও সফলতা আসে পায়ে হেঁটে হেঁটে। এনটিভিতে উপস্থাপনা করেন আমরা এখন উনিশ কুড়ি এবং তোমাদের পেল বাংলাদেশ অনুষ্ঠান দুটি। কণা বললেন, ‘এখনো দেখা হলে ওই শেষ অনুষ্ঠানটির কথা বলে সবাই।’ শুরু করলেন অভিনয়। কণা বললেন, ‘শহীদুজ্জামান সেলিমের নকল পোশাক দিয়ে শুরু। প্রথমে ভেবেছিলাম, একটাই নাটক করব। সবার প্রশংসা শুনে মনে হলো, দু-তিনটা করাই যায়। এরপর সিদ্ধান্ত নিলাম, ভালো পরিচালক হলেই কেবল কাজ করব। এরপর ভালো ভালো পরিচালকের কাজ আসা শুরু করল। ব্যস, পুরোদস্তুর অভিনয় শুরু করে দিলাম।’ করব না, করব না করেও ধারাবাহিক ও এক পর্ব মিলিয়ে ২৩টা নাটক করে ফেললেন। তবে কোথায় যেন তাল কেটে যাচ্ছিল বারবার, বুঝতে পারছিলেন কণা। কণা বললেন, ‘আমি আমার গানকে খুব মিস করতে শুরু করলাম। মনে হলো, আমার ভালোবাসাকে যথেষ্ট সময় দিচ্ছি না। আমার আরও মন খারাপ, যখন দেখলাম, আমার অ্যালবামটা অনেকেই খুব ভালো বললেও ততটা প্রচার পায়নি। আমি অনুভব করলাম, অভিনয় ও উপস্থাপনা ছেড়ে গানে আরেকটু বেশি সময় দিলে এমনটা আর হতো না। জ্যামিতিক ভালোবাসা তখন আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছাতে পারত।’ সেই উপলব্ধি থেকে অভিনয় ও উপস্থাপনা—দুটোকেই বিদায় জানালেন। আবার ফিরে এলেন নিজের ঘরে, গানে। গানই এখন কণার একমাত্র ধ্যান-জ্ঞান। সকাল-দুপুর এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াচ্ছেন। মাঝখানে ২০০৮ সালের শেষ দিনে বের হয় কণার দ্বিতীয় একক অ্যালবামফুয়াদ ফিচারিং কণা। এর মেলোডিয়াস গানগুলো শ্রোতারা লুফে নেয়। দারুণ জনপ্রিয় হয় অ্যালবামটি। প্লেব্যাকেও কণার এখন অবাধ বিচরণ। আমার আছে জল, দ্য সার্চ, জাগোসহ বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।একদিন হঠাত্ কণার কাছে শিল্পী শাকিলা জাফরের ফোন। কণা বলছিলেন, ‘এর আগে কোনো দিন আপার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তিনি আমাকে বললেন, আমার ‘বরষা’ গানটি তাঁর অনেক ভালো লেগেছে। তিনি যেভাবে আমার গানের প্রশংসা করলেন, তা এ সময়ে সত্যি বিরল। কথা শুনে মনে হচ্ছিল, যেন হাওয়ায় ভাসছি। এত আনন্দ আমি অনেক দিন পাইনি।’ ‘জানি, এখন আমার প্রতি সবার প্রত্যাশা বেড়ে গেছে অনেকখানি। তাই তো একটু ভেবেচিন্তে পরের অ্যালবামের কাজ শুরু করব। অগ্রজ শিল্পী ও শ্রোতাদের এ প্রত্যাশা পূরণ করতে করতে গান গেয়ে যেতে চাই আজীবন।’