স্বপ্নযাত্রার নিশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলার মিডিয়ায় কাজ করার কোনো স্বপ্নই ছিল না। বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করাটাই প্রধান কাজ। ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি শেষ করার পর ভর্তি হই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিতে, বিবিএ। আর তখনই বড় ভাইয়ের বন্ধুর বড় বোনের ইচ্ছাতে একটি সাময়িকীর জন্য ফটোসেশন করি। তবে মোটেও নার্ভাস ছিলাম না। ছবিটি প্রকাশিত হওয়ার পর এমদাদ হক, শাহরুখ শহীদ থেকে শুরু করে অনেকেই বেশ প্রশংসা করেছিলেন। এরপর র‌্যাম্পেও হাঁটা শুরু করি। সেটাও ছিল শখের বশে। ২০০৩ সালে অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব পাই। এরপর কীভাবে যেন জড়িয়ে গেলাম, টেরও পেলাম না, এভাবেই মিডিয়াতে অন্তর্ভুক্তির গল্প বলছিলেন টেলিভিশন নাটকের এ সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী আফরান নিশো। নাটকের শুটিংয়ের ফাঁকে সম্প্রতি এক দুপুরে ধানমন্ডি লেকের পাড়ে বসে কথা হচ্ছিল নিশোর সঙ্গে।আড্ডাবাজ নিশো মিডিয়াতে এসে কতটা সফল, এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘ভালো মানের কাজ করার চেষ্টায় আছি। অনেকে শিখিয়েও দিচ্ছেন। তবে একটি কথা না বললেই নয়। কয়েক বছর আগের কথা। বাংলাভিশনের “আমার আমি” অনুষ্ঠান। অতিথি অমিতাভ রেজা। তাঁর কাছে প্রিয় মডেলের নাম জানতে চাইলে তিনি আমার নামটি উচ্চারণ করেছিলেন। অনুষ্ঠানটি প্রচারের পরে আমার মুঠোফোনে অসংখ্য খুদে বার্তা ও পরিচিতজনের শুভেচ্ছা। শুরুর দিকে এ ধরনের মন্তব্য আমার মতো নতুনের জন্য অনেক বড় একটা পাওয়া।’২০০৩ সালের দিকে আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ থেকে স্ক্রিন টেস্ট দেওয়ার ডাক পড়ে তাঁর। বন্ধুদের পীড়াপীড়িতে রাজি হতে হয়। কিছুদিন পর হঠাৎ আবারও ডাক পড়ে। ‘আফজাল ভাইয়ের সঙ্গে দেখা হতেই তিনি আমাকে বললেন, তোমার চোখ দুটো অনেক সুন্দর। এ কারণেই তোমাকে আমাদের বিজ্ঞাপনচিত্রে প্রয়োজন। তখন তো আমার মনের মধ্যে হুলুস্থুল অবস্থা। আফজাল হোসেনের মুখে এ ধরনের কথা শোনার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। জানতে চাওয়া হলো আমার পাসপোর্ট আছে কি না? সাত দিনের মধ্যে পাসপোর্ট তৈরি হলো। থাইল্যান্ডে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে যাই। প্রথমে একটির কথা থাকলেও পরে আমাকে দিয়ে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করানো হয়।’মজার ব্যাপার হচ্ছে, নিশোর খোঁচা খোঁচা দাড়ি নিয়ে পণ্যপ্রতিষ্ঠান আপত্তি তোলে। তবে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণের পর পণ্যটির লঞ্চিং অনুষ্ঠানে আফজাল হোসেনের একটি কথা নিশোর মনে দাগ কেটেছিল। আফজাল হোসেন বলেছিলেন, ‘মিডিয়াতে আমরা একজন সুশ্রী মডেল উপহার দিচ্ছি। এই লুকটাকে যদি আমরা রিপ্রেজেন্ট না করি, তাহলে নতুন প্রজন্মকে তুলে ধরা সম্ভব না।’ নিশো বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটি প্রচারের পর অনেকের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাই। দাড়ির কারণে অনেকে আবার আমাকে বিদেশি মডেল মনে করেছিল। তারপর একে একে আরও কয়েকজন নির্মাতার বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এগুলোর নির্মাতারা হলেন গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ।’২০০৬ সালে নিশোর পরিচয় হয় গাজী রাকায়েতের সঙ্গে। তাঁর পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক তাঁর। নিশো অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হচ্ছে আঁধার ও আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি ও কায়াকর। নিশো বলেন, ‘টিভি নাটকে অভিনয় করতে এসে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ ও মিতা চৌধুরী।’ নিশো এও বলেন, ‘আমি যেহেতু থিয়েটার থেকে আসি নাই, তাই আমি প্রতিনিয়ত তাঁদের অনুসরণ করার চেষ্টা করি। অভিনয়ে এঁরাই আমার আদর্শ। অভিনয় করতে এসে আমার একটা আক্ষেপও রয়েছে। সেটা হচ্ছে ফেরদৌসী মজুমদার আপার সঙ্গে একই নাটকে অভিনয় করলেও এখানো তাঁর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তাঁর সঙ্গে অভিনয় করা আমার অনেক দিনের ইচ্ছে।’মডেলিং, টিভি নাটকের পর এবার চলচ্চিত্রেও নাম লেখাতে যাচ্ছেন নিশো। আলোচনাও চূড়ান্ত হয়েছে। নিশো বলেন, ‘ছবিটির ব্যাপারে সবকিছুই চূড়ান্ত। কৌশলগত কারণে আপাতত নাম প্রকাশ করা যাচ্ছে না। এ বছরই ছবিটির কাজ শুরু হতে পারে।’একসময়ের মিডিয়ায় অনাগ্রহী নিশো এখন মিডিয়ার অবিচ্ছেদ্য অংশ। অপ্রত্যাশিত এই স্বপ্নযাত্রায় প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন। এখন তিনি যেতে চান অগ্রজদের দেখানো পথ ধরে বহুদূর।