স্কুলে পড়ায় মন বসে না, পড়া ভালো লাগে না ইশানের। ক্লাসে ভীষণ অমনোযোগী হওয়ায় শিক্ষক ক্লাস থেকে বের করে দেন তাকে। শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আট-নয় বছরের ইশান। তার দুষ্টুমির মাত্রা বেড়ে যাওয়ায় একসময় বাবা-মা হাল ছেড়ে দেন। শেষমেশ তাকে ভর্তি করানো হয় দূরের একটি আবাসিক স্কুলে। সেখানে অঙ্কন শিক্ষকের সহযোগিতায় বদলে যায় ইশান। তার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে। সে ধীরে ধীরে ভালো ছাত্র হয়ে ওঠে। বালক ইশানের গল্প নিয়েই হিন্দি চলচ্চিত্র আমির খানের তারে জমিন পার।—এ রকমই অসংখ্য চলচ্চিত্র দেখার সুযোগ ঘটেছে ঢাকা এবং ঢাকার বাইরের স্কুলের শিশুদের। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করেছে শিশুতোষ চলচ্চিত্র নিয়ে তৃতীয় শিশু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৩ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে উত্সবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রদর্শিত হয় ক্রিস্টিয়ান ডিটার পরিচালিত জার্মান চলচ্চিত্র ক্রোকোডাইল। তৃতীয় শিশু চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২১১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে উৎসবের ছবিগুলো পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেটেড চলচ্চিত্র। ঘুরে আসি উৎসব থেকেসূর্যের আলো তখন দিনকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। গণগ্রন্থাগার মিলনায়তনে উৎসবের আমেজ। উৎসবে আসা প্রত্যেক কোমলমতি শিশুর মুখে আগামীর স্বপ্ন। শুধু ছোটরা এসেছে এটা বললে ভুল হবে, ছোটদের সঙ্গে বড়রাও এসেছেন। শওকত ওসমান হলের সামনে ছবি দেখার জন্য ১০ বছরের শানু আর ছয় বছরের আরিফকে নিয়ে অপেক্ষা করছেন মা গৃহিণী জাহানারা বেগম। তিনি বলেন, ‘এই একটা সপ্তাহ ওদের সঙ্গে আমার মনটাও শিশু হয়ে যাবে। বছরে এই উৎসবটির জন্য অপেক্ষা করি সব সময়। তাই সুযোগ হাতছাড়া করতে চাই না। চলে আসি শিশুদের সঙ্গে। বিকেলের শোর প্রতিটি চলচ্চিত্র দেখার চেষ্টা করব ওদের নিয়ে।’ হুড়মুড় করে হল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে আগের ছবির দর্শকেরা। বের হয়ে আসা দর্শকদের বেশির ভাগই শিশু। কেউ কেউ পরের শোটি দেখার প্রস্তুতি নিচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্রী তাবাসসুম তানমিন বলেন, ‘প্রতিটি ছবিতে আমাদের কথা, আমাদের স্বপ্ন, আমাদের ভালো লাগা, আমাদের না পাওয়ার কথাগুলো বলা হয়েছে। আমাদের জন্য বেশি বেশি শিশু চলচ্চিত্র তৈরি করা হোক। যে ছবিগুলোয় শুধু আমাদের কথা বলা হবে।’ এই উত্সবে সবকিছু ভালো লাগে—জানাল ছবি দেখতে আসা দুই খুদে চলচ্চিত্রকার। তারা বলল, ‘এখানে আমাদের তৈরি করা ছবি আমরা দেখতে পারছি। এখান থেকে বাছাই করা চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হবে। এর চেয়ে ভালো লাগা আর কী হতে পারে। প্রতিটি শিশু কোমল হাতে তৈরি করা চলচ্চিত্র এবং একই সঙ্গে তাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। উৎসবে তারা শুধু দেখার জন্য আসেনি। একই সঙ্গে তারা বিচারক ও নির্মাতা। এ যেন শিশুদের স্বর্গপুরী। আয়োজকদের কথাতৃতীয়বারের মতো এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উৎসবের আয়োজকেরা স্বাভাবিকভাবে মুগ্ধ। উৎসবের পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের শিশুদের জন্য বড় পর্দায় ছবি দেখার খুব একটা সুযোগ নেই। তাদের সুযোগ করে দেওয়ার জন্য তৃতীয়বারের মতো আমাদের এই আয়োজন। উত্সবে স্কুল-কলেজের ছেলেমেয়েরা এসেছে দলে দলে। তাদের সঙ্গে যোগ হয়েছে সুবিধাবঞ্চিত শিশুরাও। এই লক্ষ্য নিয়ে আয়োজন করেছি আমাদের এই উৎসব। এটাই আমাদের উৎসবের সফলতা।’ বাচ্চাদের উৎসবে আনা-নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে পাঁচটি বাস। তিনি আরও বলেন, ‘সরকার এই বছর থেকে একটি শিশুতোষ চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আমার বিশ্বাস, শিশুদের জন্য চলচ্চিত্র তৈরি করলে তারা সিনেমা হলে ছবি দেখতে আসবে। সবার চিন্তা করা উচিত, আমাদের দর্শকের একটি বড় অংশ শিশু। তাই তাদের কথা চিন্তা করে তাদের মনের মতো চলচ্চিত্র তৈরি করতে হবে। আজকের শিশু যদি ভালো চলচ্চিত্র না দেখে, তবে আমরা আগামী দিনে ভালো পরিচালক পাব না। আমি আশা করি, এই উৎসবের মাধ্যমে কয়েকজন শিশু চলচ্চিত্রকার পাব।’উৎসবে অনেক শিশুর সঙ্গে দেখা গেল তাদের প্রিয়জনদের। অন্যদিকে খুদে চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতেছেন আবদুল্লাহ আবু সায়ীদ, মেহতাব খানম ও মুহম্মদ জাফর ইকবাল। তাঁরা শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আড্ডা ছাড়াও দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় চলচ্চিত্রের মৌলিক ধারণা, চলচ্চিত্র নির্মাণের কৌশল, এবং ‘চলচ্চিত্র ও বাস্তবতা’ বিষয়ে আলোচনা করেন তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ ও ইয়াসমিন কবির। পর্দা নামবে আগামীকাল আগামীকাল নামছে এই উৎসবের পর্দা। আজ মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বেলা ১১টায় দেখানো হবে যুক্তরাস্ট্রের চলচ্চিত্র স্মার্ট মেশিন ও জার্মানির মিরস্কাই। দুপুর দুইটায় ভারতের ওয়াগা ও কানাডার গার্ল। বিকেল চারটায় বাংলাদেশের দুইটি নতুন ছবি পুতুল বিয়ে ও সহযাত্রীর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। উত্সবের শেষ দিন শুক্রবার একই ভেন্যুতে বেলা ১১টায় দেখানো হবে অস্ট্রেলিয়ার সিটিজেন-১ ও ভারতের পাসাঙ্গা। দুপুর দুইটায় যুক্তরাজ্যের ফাইভ মাইলস আউট ও থাইল্যান্ডের ড্রিম টিম। বিকেল চারটায় স্লোভিনিয়া হাঙ্গেরী ও বেলজিয়ামের অ্যানাদার প্ল্যানেট। সন্ধ্যা ছয়টায় তৃতীয় শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ এবং উৎসবের শেষ দিনে অন্যান্য ভেন্যুতে বিভিন্ন সময় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।