স্বপ্নের কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

মৌসুমী ও মিম—দুই প্রজন্মের দুই লাক্স তারকা। নব্বইয়ের দশকের শুরুর দিকে ‘লাক্স-আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মৌসুমী। আর মিম ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। এই একটি প্রতিযোগিতা দুই প্রজন্মের দুই সুন্দরীকে একই জগতের বাসিন্দা হওয়ার সুযোগ করে দিয়েছে। তাঁদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী। আর মিম নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন সাত বছর ধরে।
কথা হলো দুই প্রজন্মের এই দুই তারকার সঙ্গে। মৌসুমী এখন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করছেন। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর নতুন ছবি শূন্য হৃদয়–এর শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে। আর লন্ডন থেকে ওই দিন বিকেলে মুঠোফোনে কথা বললেন মিম। তিনি সেখানে গুডমর্নিং লন্ডন ছবির শুটিং করছেন।
মৌসুমী বলেন, ‘এখন “লাক্স-চ্যানেল আই সুপারস্টার” প্রতিযোগিতা ভিজ্যুয়ালি যতটা গুরুত্ব পায়, আমাদের সময় তা সম্ভব ছিল না। তবে আয়োজনটা ছিল ব্যাপক। ছবি পাঠানোর পর কয়েক দফা বাছাই, তারপর প্রতিযোগীদের সাক্ষাৎকার নেওয়া, মেধা ও কাজের অভিজ্ঞতা—সবকিছুই যাচাই করা হতো। আমাদের সময়ে কুপন কেটে পাঠাতেন দর্শকেরা।’
বাংলাদেশের চলচ্চিত্র, টিভি নাটক আর বিজ্ঞাপনচিত্রে আলো ছড়ানো অনেকেই লাক্স তারকা। তাঁদের মধ্যে আছেন সুবর্ণা মুস্তাফা, নূতন, শামীম আরা নীপা থেকে শুরু করে পপি, বিপাশা হায়াত, শমী কায়সার, মৌ, আফসানা মিমি, অপি করিম, কুসুম শিকদার, ঈশিতাসহ আরও অনেকে। তাঁদের একজন হতে পেরে গর্বিত মিম। বললেন, ‘ছোটবেলা থেকে লাক্স তারকাদের দেখছি। আজ আমি তাঁদের সঙ্গে কাজ করছি। এটা ভাবতেই অন্য রকম লাগে।’

মিম
মিম

লাক্স তারকাদের ব্যাপারে চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ ছিল সব সময়ই। মৌসুমী বলেন, ‘“লাক্স-আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী” প্রতিযোগিতার সময় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকেরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এক থেকে পাঁচ পর্যন্ত অনেকেই তখন নায়িকা হওয়ার সুযোগ পেতেন। কিন্তু এখন যাঁরা আসছেন, তাঁদের নিয়ে চলচ্চিত্রের চেয়ে টিভি নাটকের নির্মাতাদের আগ্রহ বেশি। এখন অনেকেই রাতারাতি তারকা হচ্ছেন, কিন্তু সবাইকে শিল্পী তৈরির দিকে জোর দিতে হবে। এখন আমরা শিল্পী পাচ্ছি না। শিল্পী হওয়া অনেক কষ্টের। তারকা নয়, শিল্পীই বেঁচে থাকবেন—এটা বুঝতে হবে।’
আগে যাঁরা কাজ করেছেন, তাঁরা সবাই নিজেদের জন্য মজবুত অবস্থান তৈরি করতে পেরেছেন। কিন্তু আজকের লাক্স তারকাদের অবস্থান ততটাই দুর্বল। এ ব্যাপারে মৌসুমী বলেন, ‘এখন প্রতিযোগীরা চেষ্টা করছেন। কিন্তু তাঁরা যেখানে কাজ করছেন, সেই জায়গাটাই এখন দুর্বল হয়ে পড়েছে।’ আর মিম বলেন, ‘তখন সবকিছু অনেক সহজ ছিল। ছবি দেখেই বাছাই করে ফেলত। এখন প্রতিযোগীকে লম্বা পথ পাড়ি দিতে হয়। প্রতি পদক্ষেপে তাঁকে সংগ্রাম করতে হয়। সেরা দশে স্থান পাওয়াটা এখন খুবই কঠিন। মেধা যাচাইয়ের পাশাপাশি আছে অনেক ধাপ। তখন টিভি চ্যানেল ছিল শুধু একটি আর এখন ৩০টি। তখন একটি মাত্র নাটক করে তারকাখ্যাতি পেয়ে যেতেন যে কেউ। কিন্তু এখন নাটকের পর নাটক করেও তার কাছাকাছি যাওয়া সম্ভব হচ্ছে না।’
প্রতিযোগিতা থেকে বেরিয়েই এখন প্রতিযোগীরা একসঙ্গে অনেক কাজ হাতে পাচ্ছেন। কিন্তু মানসম্মত কোনো কাজ কি তাঁরা করতে পারছেন? মিম বলেন, ‘আগে যেমন একটি কাজ করার আগে মহড়া হতো, আলোচনা হতো; এখন সেই সময় কোথায়? সবাই শুধু কাজের পেছনে ছুটছে। আমি যদি একসঙ্গে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কোনোটাতেই তেমন মন দিতে পারব না। মানসম্মত কাজ কীভাবে হবে? এটাও ঠিক, এখন অনেক বেশি যুদ্ধ করতে হয়। অনেক টিভি চ্যানেল, অনেক প্রতিযোগিতা, টিকে থাকার জন্য সবাইকে সংগ্রাম করতে হচ্ছে।’
সময়ের পথপরিক্রমায় প্রতিযোগিতায় এসেছে নানা পরিবর্তন। প্রতি আয়োজন থেকেই টিভি আর চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। মৌসুমী আর মিমের মতে, নতুন মুখ উপহার দেওয়ার জন্য ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা অন্যতম একটি প্ল্যাটফরম। এখান থেকে দুই থেকে তিন মাসের মধ্যে একজন মেয়ে তাঁর চেষ্টা, অধ্যবসায়, একাগ্রতা আর মেধার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারছেন। পৌঁছে যাচ্ছেন স্বপ্নের কাছাকাছি। আর একসময় তা ছিল শুধুই কল্পনা।