স্বপ্নের নায়কের সঙ্গে মুরাদ
‘ছোটবেলায় “ডিসকো ড্যান্সার” ছবিটি দেখার পর থেকেই মিঠুন চক্রবর্তী আমার স্বপ্নের নায়কদের একজন হয়ে আছেন। তাঁর সঙ্গে যে দেখা হবে, এটা কখনো ভাবিনি। অথচ এবার তাঁর সঙ্গেই অভিনয় করেই এলাম। বিষয়টা আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে।’ বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আরমান পারভেজ মুরাদ।সম্প্রতি তিনি ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এ চলচ্চিত্রে মুরাদ অভিনয় করেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। ছবিতে আরও অভিনয় করছেন রাইমা সেন। ছবির নাম ‘হাসন রাজা’। পরিচালনা করছেন যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা রুহুল আমিন। মুম্বাইয়ের ন্যাশনাল পার্কে মারামারির দৃশ্যের অভিনয় করে ২ মার্চ দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মুরাদ বলেন, ‘এ এক অসাধারণ অভিজ্ঞতা। এটা আসলে বলে বোঝানোর মতো নয়। মুম্বাইয়ের ন্যাশনাল পার্কে আমি শুটিং করি। ছবিতে আমি হাসন রাজার জেনারেল বিনয়ের চরিত্রটি করেছি। ছবিটিতে অভিনয়ের জন্য আমাকে লাঠি চালানো, ঘোড়া চালানো, মারামারিসহ অনেক কিছুই শিখতে হয়েছে।’ছবিটিতে নিজের অন্তর্ভুক্তি সম্পর্কে মুরাদ বলেন, ‘পরিচালক রুহুল আমিন আমার “খেলাঘর” ছবিটি দেখেই হাসন রাজা ছবির বিনাই চরিত্রটির জন্য নির্বাচন করেছেন।’ শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুরাদ বলেন, ‘ওখানকার লোকজন যে এতটা পেশাদারি সেটা আসলে শুটিং না করলে কখনোই বুঝতে পারতাম না। একজন অভিনেতাকে কী পরিমাণ সম্মান দেওয়া উচিত, সেটা হাসন রাজা ছবিটির কাজ করে বুঝতে পেরেছি। মুম্বাইয়ের ন্যাশনাল পার্কে শুটিংয়ের ফাঁকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে এখানকার ছবি নিয়ে অনেক আলাপও হয়েছে।’মিঠুন চক্রবর্তীতে ‘ঘানি’ সিনেমার একটি ডিভিডি উপহার দিয়েছেন তিনি। মুরাদ এও বলেন, যত দূর জেনেছি ছবির মাত্র ১৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী বর্ষায় সিলেটের হাওর অঞ্চলে ছবিটির পরবর্তী কাজ শুরু হবে। টানা শুটিং করে ছবিটি এ বছরের মধ্যেই শেষ করা হবে।এদিকে আরও জানা যায়, প্রায় দুই বছর আগে ছবিটির সংগীতের কাজ শেষ করা হয়েছে। হাসন রাজা ছবিটির সংগীত পরিচালনার কাজ করেছেন বাপ্পী লাহিড়ি। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক, শান, অভিজিত্ ও কবিতা কৃষ্ণমূর্তি।বিগ বাজেটের এ ছবিটি একই সঙ্গে বাংলাদেশ, ভারত, লন্ডন এবং পৃথিবীর অন্য দেশেও মুক্তি দেওয়ার কথাবার্তা রয়েছে বলেও জানা গেছে।