স্বপ্নের পথে সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল। ছবি: সুমন ইউসুফ
সজল। ছবি: সুমন ইউসুফ

: খণ্ড নাটকে আপনাকে বেশি দেখা যায়। ধারাবাহিকে নয় কেন?
: কেন জানি মনে হয়, ধারাবাহিক নাটকে আমি ফাঁকিবাজি করব। কোনোভাবেই অতটা সময় দিতে পারব না।
: অভিনয় আপনার কাছে কী?
: নেশা। ভালো লাগা আর ভালোবাসার জায়গা।
: তার মানে নাটকের আয় নিয়ে সজল ভাবেন না?
: মোটেও না।
: তাহলে আপনি অন্য কিছুর সঙ্গে যুক্ত?
: আমাদের পারিবারিক ব্যবসা আছে। শিপিংয়ের। ব্যাপারটি কাউকে জানাতে চাইনি। আজ বলে ফেললাম। অভিনয়ের বাইরে ওখানেই সময় দিই।
কথা হচ্ছে টিভি নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী সজলের সঙ্গে। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর ছবি। নাম রানআউট। পরিচালক তন্ময় তানসেন।
সজল জানান, রানআউট ছবির মধ্য দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তাঁর। ছবি মুক্তি পাচ্ছে, সজল এখন দারুণ ব্যস্ত। বিভিন্ন পত্রিকা আর টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন, ফটোশুট করছেন।
হাতিরঝিলে ফটোশুট শেষে প্রথম আলোর কার্যালয়ে যখন এলেন, তখন সন্ধ্যা। জানালেন, রাতে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে হবে। এ জন্য তাঁকে বাসায় গিয়ে আবার তৈরি হতে হবে। হাতে সময় একদম কম, তাই কথা হবে গাড়িতে বসে, বাসায় যেতে যেতে।
সজল তাঁর এই ছবি নিয়ে দারুণ রোমাঞ্চিত। চোখে-মুখে সেই অভিব্যক্তি ফুটে উঠছে। বললেন, ‘মিশ্র অনুভূতি। একই সঙ্গে ভালো লাগা আর অনেক বেশি উত্তেজনা। যে দর্শকদের সঙ্গে আমি এত দিন একভাবে পরিচিত ছিলাম, এবার তাঁদের সঙ্গে বড় পর্দায় নতুনভাবে পরিচিত হব। সত্যিই অন্য রকম লাগছে।’
২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের নিঝুম অরণ্যে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সজলের। ওই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন বাঁধন। এর বছর দু-এক পর রানআউট ছবির কাজ শুরু হয়। সজল বললেন, ‘রানআউট ছবির কাজ শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে। কুতুবদিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, মানিকগঞ্জ, সিলেট, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং করেছি।’
টিভি নাটকের অভিনয়শিল্পী সজল চলচ্চিত্রে কাজ করার জন্য কতটা প্রস্তুত ছিলেন? সজল বললেন, ‘আমার কাছে ছবিটির প্রস্তাব এলে পরিচালকের কাছে প্রস্তুতি নেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছিলাম। ওই সময় নাচ, মারামারি, কুংফু-কারাতে শিখেছি।’
রানআউট ছবিতে পেশিশক্তি আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের ব্যাপারটি নাকি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ কারণেই ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছেন সজল। বললেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম কিশোর। মফস্বলের ছেলে। ঢাকায় চাকরি করি। ভাড়া বাসায় থাকি। মধ্যবিত্ত জীবন যেভাবে চলে, সেভাবে নিজেকে মানিয়ে নিই। এ জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। একসময় অপরাধ জগতের সঙ্গে কিশোরের দেখা হয়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ছবির গল্প এগোবে।’
মজার ঘটনা প্রসঙ্গে সজল বলেন, ‘গ্রামের সহজ-সরল কিশোর একটা সময় অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে। পিস্তল চালানো শিখতে হয়। কোনোভাবেই তা পারে না। তাই থাপড়ও খেতে হয়। ছবির শেষ দৃশ্যে দেখা যাবে কিশোর একদিন পিস্তল চালানোর জন্য যার কাছে মার খেয়েছিল, সে-ই তার সামনে। হাতে পিস্তল থাকলেও কিশোর তাকে গুলি না করে থাপড় মারতে চায়। কিন্তু বড় হওয়ায় তাকে শুরুতে থাপড় মারতে খুব ইতস্তত বোধ করি। পরিচালক বললেন, থাপড়টাকে বাস্তবসম্মত করতে। এমনটা যেন, থাপড় খেয়ে তার মুখ থেকে রক্ত পড়ছে। এরপর আমি সত্যি সত্যি খুব জোরে একটা থাপড় মারি। এতে তার একটা দাঁত নড়ে যায়।’
নাটক যদি ভালো লাগা আর ভালোবাসার জায়গা হয়, তাহলে চলচ্চিত্র সজলের কাছে কী হবে? ‘চলচ্চিত্র স্বপ্নের জায়গা।’ বললেন সজল।
সজল এরই মধ্যে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। নাম আদি। পরিচালক তানিম রহমান অংশু। এতে সজলের সহশিল্পী মিম। মোহন খানের একটি ছবিতেও অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে।
সজলের শুরুটা হয়েছিল উপস্থাপনার মাধ্যমে। একুশে টেলিভিশনে ‘ভার্জিন তাক ধুম তাক ধুম’ অনুষ্ঠান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। প্রথম বিজ্ঞাপন আফজাল হোসেনের নির্দেশনায়। নয় বছরে অনেকের সঙ্গেই অভিনয় করেছেন সজল। সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছেন। বললেন, ‘সুবর্ণা আন্টি (সুবর্ণা মুস্তাফা) থেকে শুরু করে নতুন-পুরোনো যাঁদের সঙ্গেই কাজ করেছি, সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একটা সহজ সংলাপকে কীভাবে চিন্তা করছেন, তা বোঝার চেষ্টা করি। আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে তিশার সঙ্গে।’
আড্ডা শেষ করতে হবে। এদিকে গাড়ি এসে গেছে ধানমন্ডি ২৭ নম্বরে, সজলের বাসার কাছে। তাঁর চা খেতে হবে। রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেতে নাকি তাঁর ভালো লাগে। চা শেষে সজল চলে যান তাঁর বাসায়। যাওয়ার আগে বললেন, ‘সবাইকে হলে গিয়ে রানআউট ছবিটি দেখার জন্য বলবেন।’