স্বপ্নের মাঝে মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে বাবাকে নিজের শুটিংয়ে নিয়ে গিয়েছিলেন মীম। পুবাইলে গিয়ে কাঠফাটা রোদ সহ্য করতে পারেননি তাঁর বাবা। সেদিন মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি। অপরাধীর সুরে মীম বলেন, ‘শুধু আমার ক্যারিয়ারের জন্য আমার পুরো পরিবার কুমিল্লা ছেড়ে ঢাকায় স্থায়ী হয়েছে। বাবা বীরেন্দ্রনাথ সাহা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রধান। বাবা সপ্তাহে দু-তিন দিন ঢাকায় থাকেন, বাকি সময় কুমিল্লায়। যদি বাবা ঢাকায় বদলি হতেন, তাহলে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। আমরা মা-বোনেরা ভীষণ চিন্তায় থাকি বাবার শরীর নিয়ে।’তিন বছর আগের লাক্স-চ্যানেল আই সুপারস্টার মীম অভিনয়ের ময়দানে এখন ভীষণ ব্যস্ত। বিটিভিতে মুক্তিযুদ্ধের নাটকের কাজ শেষ করে ছুটছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্জুলিকা ও দীপালতার শুটিং করতে, ভিন্নধর্মী নাটকেই স্বচ্ছন্দ মীম। কম কাজ করবেন, তাও কাজ ভালো হওয়া চাই। তাই বলে পড়াশোনাকেও ছুটি দেননি তিনি। কুমিল্লা থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ‘জিপিএ ৫’ পাওয়া এবং এইচএসসিতে কলা বিভাগ থেকে ‘এ’ পাওয়া মীম সম্প্রতি ভর্তি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে; নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। এ বিভাগে ভর্তি প্রসঙ্গে মীমের সাফ কথা, ‘অভিনয়ের কোনো ধরনের প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম আমি। এটা ঠিক, প্রথম ছবি আমার আছে জল করতে গিয়ে নিজের মধ্যে খুব ভয় কাজ করত। পরবর্তী সময়ে যখন এই ছবির জন্য সমালোচকদের রায়ে মেরিল-প্রথম আলো পুরস্কার পেলাম, তখন নিজের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেল। এরপর নাটকের চিত্রনাট্য হাতে পেলেই আয়নার সামনে বসে যেতাম। বারবার পড়তাম নিজের মতো করে। একসময় অভিনয়কে ভালোবাসতে শুরু করলাম। শেখার আগ্রহ জন্ম নিল। এ কারণেই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া। এখন স্বপ্ন দেখি, একসময় অভিনয় নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করব, শিক্ষকতা করব।’ অভিনয় সম্পর্কে বলেন, ‘সারাক্ষণ পর্দায় থাকলেই ভালো অভিনেত্রী হওয়া যায় না।’ তাঁর স্বপ্নটা সুদূরপ্রসারী, ‘কিছু মানসম্পন্ন কাজ করতে চাই। ঐশ্বরিয়া রাই বচ্চন যেমন দুই বছর পর্দায় না থাকলেও দর্শক তাঁর নতুন ছবি দেখার জন্য মুখিয়ে থাকে, আমিও সে রকম অভিনেত্রী হতে চাই।’ অভিনয়ের ক্ষেত্রে মীম ‘আদর্শ’ মানেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কাজল এবং বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা ও অপি করিমকে।গত বছর মীম একটি মূলধারার চলচ্চিত্রেও কাজ করেছিলেন। আমার প্রাণের প্রিয়া নামের সেই ছবিটি দর্শক নেয়নি—এমন কথাই প্রচলিত আছে। কিন্তু মীম বলেন ভিন্ন কথা, ‘আমার প্রাণের প্রিয়া সুপারহিট। এ ছবির সাফল্যে আমার প্রযোজকও আমাকে পরবর্তী ছবির প্রস্তাব করেছেন। কিন্তু অনেকে বলেন, এ ছবি চলেনি। কারণ একটাই, ফিল্ম পলিটিকস। অনেকেই চায়নি, ফিল্মে আমার একটি অবস্থান হোক। অনেক বড় প্রযোজক-পরিচালকের ছবি ফিরিয়ে দিয়েছি বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এত কিছুর পরও বলব, ভালো গল্প, ব্যতিক্রমী ছবি হলে আমি আবার চলচ্চিত্রে কাজ করব।’ কিন্তু ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতাধারী মীম কি নায়ক খুঁজে পাবেন? হাসতে হাসতে মীম বলেন, ‘জানি না। কারণ প্রায় সব নায়কের সঙ্গেই স্লিপার পরতে হয়। শুধু অপূর্বর সঙ্গে কাজ করার সময় নিজের ইচ্ছামতো পরি।’মীমের অভিনয়-জীবনের বয়স দুই বছর। এ দুই বছরে মীমের অর্জনের পাল্লা বেশ ভারী। তার মধ্যে সেরা অর্জন কোনটি? মীম হারিয়ে যান একেবারে গোড়ার দিকে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় আমাদের বিচারক ছিলেন সুবর্ণা (মুস্তাফা) ম্যাম। তাঁর মন্তব্যের ভয়ে আমরা সবাই তখন তটস্থ থাকতাম। একবার অভিনয়ের একটা পর্ব হয়েছিল। মনির খান শিমুলের সঙ্গে আমি প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করেছিলাম। আমার অভিনয় দেখে সুবর্ণা ম্যাম বলেছিলেন, অসাধারণ! তুমি যে এত ভালো কাজ করবে, ভাবতেও পারিনি। তুমি লাক্স-চ্যানেল আই সুপারস্টার হবে কি না জানি না, তবে তুমি একদিন অনেক বড় অভিনেত্রী হবে। এর পর থেকে তাঁর এই একটি কথাকে মাথায় রেখেই আমি সব সময় ক্যামেরার সামনে দাঁড়াই। সুবর্ণা ম্যামের আশীর্বাদ একদিন না-একদিন আমি বাস্তবে রূপ দেব—এটা আমার নিজের কাছে ওয়াদা!’