স্বপ্নের সুন্দরী সুচিত্রা সেন

কলেজজীবন থেকেই আমি অসম্ভব ভক্ত ছিলাম সুচিত্রা সেনের। সুচিত্রা সেন ছিলেন আমার কাছে এক স্বপ্নের সুন্দরী। তাঁর সঙ্গে আমি প্রথম ছবি করি দেবী চৌধুরাণী। পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। এই স্বপ্নসুন্দরীর সঙ্গে আমার প্রথম দেখাও হয়েছিল সেই দেবী চৌধুরাণীর শুটিং স্পটে। তখন সুচিত্রা সেনের জনপ্রিয়তা তুঙ্গে। ভয় হতো, পারব কি ওঁর সঙ্গে অভিনয় করতে? সত্যিই সেই প্রথম যেদিন দেবী চৌধুরাণীর শুটিং স্পটে সুচিত্রা সেনকে দেখলাম, তখনই বুঝলাম, কী সৌন্দর্য লুকিয়ে আছে তাঁর মধ্যে! যদিও আমি দেবী চৌধুরাণী ছাড়াও সুচিত্রাদির সঙ্গে কাজ করেছিলাম রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে চতুরঙ্গ ছবিতে। কিন্তু ওই ছবির প্রযোজক মারা গেলে সেই ছবি আর মুক্তি পায়নি। এরপর আরেকটি ছবি কৃষ্ণকান্তের উইল-এও কাজ করি। কিন্তু ওই সময়ে ফিল্ম ফেডারেশনের এক প্রযোজক জানান, তিনি অনেক আগেই এই ছবিটি করার প্রস্তুতি নিয়েছিলেন। ফলে এই ছবিটি আর করতে পারেননি আমাদের পরিচালক।

কলেজজীবন থেকেই আমি মূলত সুচিত্রাদির ভক্ত হয়ে পড়ি। প্রথম যেদিন শুটিং স্পটে তাঁকে দেখি, তখন তো আমার মনেই হলো, আমি কি স্বপ্ন দেখছি। তাই তো সেদিন সুচিত্রাদির বিপরীতে দাঁড়িয়ে অভিনয় করতে গেলেও প্রথম দিকে আমার আড়ষ্টতা ছিল। আর এ ব্যাপারটিও সেদিন বুঝতে পেরেছিলেন সুচিত্রাদি। তাই তো সেদিন ছবির পরিচালককে রসিকতা করে বলেছিলেন, ‘আপনার হিরো তো ডায়ালগ ছাড়া কথা বলেন না।’ যদিও এরপর সুচিত্রাদি আমার সঙ্গে হাসি-তামাশা করে আমার জড়তা কাটিয়ে দিয়েছিলেন। আমি তাঁকে ম্যাডাম বলে সম্বোধন করতাম। তিনি আমাকে ডাকতেন রঞ্জিত বাবু বলে। বয়স ও অভিজ্ঞতার গৌরবে সুচিত্রাদি কখনো আমাকে তাচ্ছিল্য করেননি। বরং হাসিঠাট্টা করে আমার জড়তা কাটিয়ে দিয়েছেন। ফলে আমার আর তাঁর সঙ্গে অভিনয় করতে এতটুকু কুণ্ঠাবোধ হয়নি। তবে একটি কথা বলতে চাই, সুচিত্রাদি নারকেলের নাড়ু খুব পছন্দ করতেন। শুটিংয়ে আসার সময় একটি বোতলে করে নিয়েও আসতেন নাড়ু।
মনে পড়ে, মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিনে সুচিত্রাদি ছিলেন লোকচক্ষুর অন্তরালে। তবুও সেদিন ভোররাতে সুচিত্রাদি উত্তমকুমারের প্রতি শেষশ্রদ্ধা জানাতে সবার অগোচরে ছুটে গিয়েছিলেন তাঁর বাসভবনে। মহানায়কের মরদেহে দিয়েছিলেন রজনীগন্ধা ফুল।
শেষের দিকে একসময় সুচিত্রাদি ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। তারপর সেই ১৯৭৮ সালে প্রণয় পাশা ছবি করে চলে যান লোকচক্ষুর অন্তরালে। তাঁর সঙ্গে যেন হলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী গ্রেটা গার্বোর মিল খুঁজে পাই। গ্রেটা গার্বোও খ্যাতির মধ্যগগন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সত্যি কথা কি, সুচিত্রাদি যেমন নিজেকে তিলে তিলে রচনা করেছেন, আমরাও আমাদের কল্পনায় তাঁকে রচনা করেছি। আর আমাদের কল্পনা যত প্রসারিত হয়েছে, তিনি ততই দূরবর্তিনী হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী