স্বপ্নের হাত ধরে
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই গান কিংবা আবৃত্তিতে। কিন্তু শুনে শুনে ঠিক শিখে ফেলতেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কারও জিতেছেন। সবই সম্ভব হয়েছে শুধু তাঁর ইচ্ছাশক্তির কারণে। মনের সুপ্ত স্বপ্ন আর ইচ্ছাশক্তি মিলিয়ে জিতে নিয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর প্রথম রানার আপ খেতাব। শুরুর এই গল্পটা মৌসুমী হামিদের। পরিবার বা বন্ধুদের কাছে যার পরিচয় শুধুই সুমি।সাতক্ষীরার মেয়ে মৌসুমী। কিন্তু পড়াশোনার জন্য থাকতেন খুলনায়। ‘বন্ধুদের অনুরোধে বাড়ির কাউকে না জানিয়ে লাক্স-চ্যানেল আই’ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করি। তবে আগে এই অনুষ্ঠানের সব পর্ব দেখার সুযোগ হতো না। হোস্টেলে থাকতাম। বেশির ভাগ সময় এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্বই দেখতাম। তখন মনে হতো যদি আমি এখানে যেতে পারতাম! আত্মবিশ্বাস ছিল। অংশ নিলে একটা কিছু হয়তো হব। এরপর বাংলাদেশের প্রথম ২০০ জনের মধ্যে স্থান পেলাম। এবার ঢাকা যেতে হবে। পড়লাম বিপাকে। এবার তো বাড়িতে জানাতে হবে! আমাদের পরিবার রক্ষণশীল। ভয়ে ভয়ে মাকে বললাম। মা শুনে তো অবাক। এসব কী বলছি আমি। পরে মা, মামা আর এক চাচা বাবাকে বুঝিয়ে রাজি করান। বাবা অনেক কষ্ট করেছেন আমার জন্য। ঢাকায় নিয়ে আসা, সারা দিন বসে থাকা...তাঁর পরিশ্রম সার্থক হয়েছে। ’এভাবেই নিজের এই নতুন জীবনে আসার কথা বলেন মৌসুমী। সামনে ঈদ। অনেক কর্মব্যস্ত সময় কাটছে। ‘টেলিফিল্ম ও নাটক মিলিয়ে প্রায় ১০টির শুটিং শেষ হয়েছে। কাজ চলছে আরও কয়েকটির। জাহিদ হাসানের ক্যাপসুল ৫০০ এমজি, আলভি আহমেদের জুয়া রাশি, মোস্তফা কামাল রাজের দেনমোহর নতুন নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই মুহূর্তে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে ওয়াহিদ আনামের ধারাবাহিক ভার্সিটি, এনটিভিতে টার্মিনাল। আমি আসলে বেছে বেছে কাজ করতে চাই। যেন মান ঠিক থাকে।’ বলেন মৌসুমী।প্রায় সব প্রজন্মের অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার। সে জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন। অল্প সময়ে মৌসুমীর যে একটি নিজস্ব পরিচয় হয়েছে, তা ধরে রাখতে চান। তেমনি উপভোগও করেন। তবে ছোট পর্দায় বেশি কাজ করতে চান। ভালো সুযোগ ও পছন্দনীয় চলচ্চিত্র হলে কাজ করবেন। কিন্তু বছরে একটির বেশি নয়। সুবর্ণা মোস্তফা, জয়া আহসানের মতো অভিনয়শিল্পী হতে চান।মৌসুমী নামটি শুনলে প্রথমেই মনে পড়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী মৌসুমীর কথা। নাম নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হয়ে কি না জানতে চাইলে ছোট পর্দার এই তারকা হেসে ওঠেন। ‘মৌসুমী আপুর অনেক বড় ভক্ত আমি। তাঁর প্রায় সব চলচ্চিত্র দেখেছি। মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে মহড়াকক্ষে প্রথম সরাসরি দেখেছি। কী যে ভালো মানুষ। প্রশংসা করলেন আমার কাজের। নাম একই হওয়ায় আমি বললাম, আমরা এখন থেকে বন্ধু। তিনি রাজি হলেন।’ঈদের পর ব্যবস্থাপনায় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দেবেন মৌসুমী। তখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। ভবিষ্যতে ব্যাংকার হওয়ার খানিকটা ইচ্ছাও আছে। একটু অবসর পেলেই সায়েন্স ফিকশন বইতে মুখ গুঁজে দেন। আর বন্ধুরা তো আছেই। খুলনার কলেজের বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো এখনো জীবনের সেরা মুহূর্ত। কিন্তু নতুন জীবনের এই ব্যস্ততাকেও ভালোবাসেন মৌসুমী। এখনো যে অনেক স্বপ্ন পূরণ হতে বাকি!