স্বরকল্পনের ‘রঙ্গভরা বঙ্গদেশ’
‘সৌরভের কাহিনি অনেকটাই গৌরবের, তবে সবটা নয়। গৌরবেরটুকুন বলি। সৌরভ খুব মিল দিয়ে কথা বলতে পারে। আমি হয়তো বললাম, আমার নাম আনিস।সে বলবে, আমার নাম কি জানিস?’কথাগুলো বৃন্দ আবৃত্তি প্রযোজনা রঙ্গভরা বঙ্গদেশ-এর। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবে এটি উপস্থাপন করে আবৃত্তি সংগঠন ঢাকা স্বরকল্পন। আনিসুল হকের গদ্যকার্টুন অবলম্বনে এর গ্রন্থনা ও নির্দেশনা দেন ফয়জুল্লাহ সাঈদ। ঢাকা স্বরকল্পন তাদের ১১ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। উৎসব কার্যক্রম শুরু হয়েছিল সকালে টিএসসি থেকে বের হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে।স্বরকল্পন ছাড়াও উৎসবে গতকাল আমন্ত্রিত হয়ে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে সংবৃতা, চারুবাক ও মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র।আজ উৎসবের শেষ দিন দুপুর দুইটায় আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে উৎসব কার্যক্রম। এতে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। সন্ধ্যা সাতটায় ঢাকা স্বরকল্পন আবৃত্তিশিল্পী সম্মাননা পদক ২০১০ প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। এবার ঢাকা স্বরকল্পন আবৃত্তিশিল্পী, কবি ও নির্দেশক সম্মাননা প্রদান করা হবে যথাক্রমে আসাদুজ্জামান নূর, সৈয়দ শামসুল হক ও রফিকুল ইসলামকে।সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতা শেষে থাকবে আমন্ত্রিত শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা। পরিবেশনায় অংশ নেবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আশরাফুল আলম, কাজী আরিফ, ইস্তেকবাল হোসেন, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, অনন্যা লাবনী, রেজীনা ওয়ালী, মাসকুরে সাত্তার, ঝর্না সরকার, রবিশঙ্কর মৈত্রী প্রমুখ।