স্বর্ণ পাম জিতে নিল ‘আংকল বুনমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান উৎসবের বিচারকেরা বুঝি সব সময় যাবতীয় হিসাব-নিকাশের বাইরে থাকতে চান। এবারের ৬৩তম কান উৎসবের ফলাফল মনে করিয়ে দিচ্ছে সে কথাই। মাইক লেই, আব্বাস কিয়ারোস্তামি কিংবা আলেহান্দ্রো গনজালেসের মতো খ্যাতিমান নির্মাতাদের পেছনে ফেলে স্বর্ণ পাম জিতে নিলেন থাইল্যান্ডের অ্যাপিচাটপং উইরাসেথাকল। হ্যাঁ, নামটা বেশ খটমটই বটে। আর পশ্চিমাদের কাছে এমনই দুর্বোধ্য যে স্বর্ণ পামজয়ী এই পরিচালক বাধ্য হয়ে শেষে সবার কাছে নিজের পরিচয় দিয়েছেন ‘জো’ নামে। জো-এর ছবির নামটাও জটিল—আংকল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস। ছবির বিষয়-আশয় তার চেয়েও জটিলতর। মৃত্যুপথযাত্রী একজন মানুষ, তাঁর প্রয়াত স্ত্রী এবং হারিয়ে যাওয়া ছেলে আর বিচিত্র সব অশরীরী চরিত্র। এসব মিলিয়ে অ্যাপিচাটপংয়ের ছবি আংকল বুনমি। বহু আরাধ্য স্বর্ণ পাম হাতে নিয়ে অ্যাপিচাটপং সবার আগে যাদের ধন্যবাদ জানিয়েছেন, তারাও বাস্তব পৃথিবীর কোনো বাসিন্দা নয়। ‘আমি ধন্যবাদ দিতে চাই আমার দেশ থাইল্যান্ডের সব ভূতপ্রেত আর অশরীরী আত্মাদের। তাদের কারণেই সম্ভব হয়েছে আমার এই অর্জন।’ স্বর্ণ পাম হাতে নিয়ে এই রসিকতা অ্যাপিচাটপংয়ের নিজের। উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার ‘দ্য গ্র্যান্ড প্রিক্স’ পেয়েছেন ফ্রান্সের পরিচালক জাভিয়ের বিভোঁ। বিচারকদের মুগ্ধ করেছে তাঁর ছবি অফ গড অ্যান্ড ম্যান। সেরা অভিনেত্রীর পুরস্কারও গেছে কান চলচ্চিত্র উৎসবের দেশ ফ্রান্সেই। সেরা অভিনেত্রী জুলিয়েত বিনোশ। আব্বাস কিয়ারোস্তামির সার্টিফায়েড কপিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কারটা ভাগাভাগি হয়েছে স্পেনের হাভিয়ের বারদেম এবং ইতালির এলিও জারমানোর মধ্যে। জারমানো আওয়ার লাইফ ছবিতে অভিনয় করেছেন একজন শোকে কাতর স্বামীর ভূমিকায়। আর হাভিয়ের বারদেমের (বিউটিফুল) চরিত্রটি একজন বিপদগ্রস্ত বাবার। উৎসবের ‘জুরি প্রাইজ’ পেয়েছে চাদের পরিচালক সালেহ হারুনের ছবি দ্য স্ক্রিমিং ম্যান। সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা এবং লেখক চেং ডং। তাঁর ছবির নাম পোয়েট্রি। অন্যদিকে, ক্যামেরা দ’র জিতে নিয়েছেন মাইকেল রো (লিপ ইয়ার)। প্রতিবারের মতো জাঁকজমক, পুরস্কারপ্রাপ্তির হর্ষ, অপ্রাপ্তির বিষাদ এসব তো ছিলই। এবারের কান উৎসবের শেষ দিনে যোগ হয়েছে অন্য রকম এক ঘটনা। উৎসবে না এলেও বারবার উচ্চারিত হয়েছে এই মুহূর্তে কারাগারে অনশনরত ইরানি নির্মাতা জাফর পানাহির নাম। ওয়েবসাইট।