সব মিলিয়ে মোট ১৮ ছবির যুদ্ধ। কার হাতে উঠবে আরাধ্য স্বর্ণ পাম? এটা আগেভাগে বলা খুব মুশকিল। কে না জানে, অস্কার কিংবা গোল্ডেন গ্লোব নিয়ে খানিকটা অগ্রিম হিসাবনিকাশ চলতে পারে। কিন্তু কান উৎসবের বিচারকদের মতিগতি বোঝা ভীষণ দায়। টিম বার্টনের নেতৃত্বে গড়া বিচারক দলের রায়ে কার হাতে উঠবে স্বর্ণ পাম, এখনই সেটা তাই বলা যাচ্ছে না। তবে কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবারেও যথরীতি প্রতিদ্বন্দ্বিতা করছে বেশ কজন খ্যাতিমান নির্মাতাদের ছবি। শুনুন সেই তিন নির্মাতা এবং তাঁদের ছবির খুদে বৃত্তান্ত।অ্যানাদার ইয়ার
দেশ: যুক্তরাজ্য
পরিচালক: মাইক লেইকান-ভেনিস থেকে অস্কার। সম্মাননা আর পুরস্কার মোটেও নতুন কিছু নয় এই ইংরেজ নির্মাতার জন্য। নেকেড ছবিটি দিয়ে কান উৎসবে বড় ধরনের সাড়া ফেলেছিলেন প্রথম। সিক্রেট অ্যান্ড লাইজ-এর সুবাদে জিতেছেন স্বর্ণ পামও। সর্বশেষ চমক দেখিয়েছিল তাঁর ভেরা ড্রেক। ভেনিস উৎসবে এই ছবি জিতেছিল গোল্ডেন লায়ন পুরস্কার। এবারের উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই মাইক লেইয়ের ছবি অ্যানাদার ইয়ার। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের উষ্ণতা, আনন্দ-বিষাদ—এ সবকিছু নিয়ে এক সুখী দম্পতির দিনযাপনের গল্প। ছবির শুরু বসন্ত মৌসুমে। আর শেষ শীতে এসে।বিউটিফুল
দেশ: স্পেন, মেক্সিকো
পরিচালক: আলেহান্দ্রো গনজালেস ইনাররিতুটুয়েন্টি ওয়ান গ্রামস, আমোরেস পেরোস, অথবা বাবেল—এর একটি ছবিও যদি আপনি দেখে থাকেন, তবে ইনাররিতুকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।হালের বার্সিলোনার বাসিন্দা উক্সবাল নামের বিপদগ্রস্ত এক বাবার গল্প নিয়ে তাঁর সর্বসাম্প্রতিক ছবি বিউটিফুল। ছবিটি কানের স্বর্ণ পাম জিতবে কি না, সে বিবেচনা পরে। ইনাররিতুর ভক্তমাত্রই জানেন, তাঁর ছবি মানেই প্রায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অভিনব ফর্মুলার চিত্রনাট্য। সুতরাং বিউটিফুলকে আলোচনায় না রেখে উপায় কী! এবারে মেক্সিকান এই বিস্ময়ের সঙ্গে জুটি বেঁধেছেন স্পেনের নামীদামি তারকা হাভিয়ের বারদেম। ইকবাল হোসাইন চৌধুরীসার্টিফায়েড কপি
দেশ: ফ্রান্স, ইতালি
পরিচালক: আব্বাস কিয়ারোস্তামিদ্য টেস্ট অব চেরিজ কিংবা দ্য উইন্ড উইল ক্যারি আস। এ কালের ইরানি ছবির কথা বললেই এ দুটি নাম আসে আগে। এই দুই ছবি দিয়েই ইরানি সিনেমাগুরু কান উৎসবে উড়িয়েছিলেন বিজয় পতাকা। কিয়ারোস্তামির এবারের ছবিটা অবশ্য ইরানের পটভূমিতে নয়। তাঁর সার্টিফায়েড কপির পটভূমি ইতালির ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে এসেই হুট করে পরিচয় ঘটে গেছে এক ইংরেজ লেখক আর এক ফরাসি নারীর। তারপর? অভিনয় করেছেন খ্যাতনামা ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ।