স্বর্ণ পামের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঁ লুক গদারের গুড বাই টু ল্যাঙ্গুয়েজ , ক্রনেনবার্গের ম্যাপস টু দ্য স্টারস
জঁ লুক গদারের গুড বাই টু ল্যাঙ্গুয়েজ , ক্রনেনবার্গের ম্যাপস টু দ্য স্টারস

বুড়ো হাড়ের ভেলকি, নাকি তারুণ্যের জয়? আপাতত এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ৬৭তম কান চলচ্চিত্র উৎসব। বৈচিত্র্য আর বহুমাত্রিকতায় যাকে বলে ‘জমে ক্ষীর’ কান সৈকতে বিশ্ব সিনেমার অন্যতম বৃহৎ মিলনমেলা। ঢল নেমেছে সিনেমা দুনিয়ার বাঘা বাঘা তারকাদের। উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণ পামের লড়াইও এখন তুঙ্গে। কিন্তু সেই যুদ্ধে জয়ী হবে কারা? নবীন নাকি প্রবীণ দল?
তার আগে স্বর্ণ পাম বিষয়ে দুটি কথা৷ কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দি’অর বা স্বর্ণ পাম, যা তুলে দেওয়া হয় ছবির পরিচালকের হাতে। স্বর্ণ পামের-এর শুরুটা হয়েছিল ১৯৫৫ সালে। ১৯৩৯ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ছিল ‘গ্রান্দ প্রিঁ দ্যু ফেসতিভাল ইন্তারন্যাশনাল দ্যু ফিল্ম’। ১৯৫৫ থেকে ১৯৬৩ পর্যন্ত স্বর্ণ পামই উঠেছিল সেরা ছবির পরিচালকের হাতে। ১৯৬৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত আবার ‘গ্রান্দ প্রিঁ দ্যু ফেসতিভাল ইন্তারন্যাশনাল দ্যু ফিল্ম’ই সেরা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এরপর থেকে আজ পর্যন্ত স্বর্ণ পামই কানের সর্বোচ্চ পুরস্কার।

কেন লোচের জিমিস হল
কেন লোচের জিমিস হল

প্রবীণদের দলে প্রধানতম ‘মুরব্বি’ ফরাসি সিনেমার কিংবদন্তি জঁ লুক গদার। বিশ্বাস করুন আর নাই করুন, ৮৪ বছর বয়সে পা রেখেও গঁদার এখনো সমান সক্রিয়। স্বর্ণ পামের লড়াইয়ে আছে তাঁর ছবি আদিয়ু অ ল্যাঙ্গুয়েজ (গুড বাই টু ল্যাঙ্গুয়েজ)। এক বিবাহিত নারী ও অিববাহিত পুরুষের প্রথম আলাপ-সাক্ষাৎ। তারপর বহুদিন পর আবার দেখা। কীভাবে যেন তাদের সম্পর্কের মাঝে জড়িয়ে যায় এক সারমেয় শাবকও। গঁদারের ভাষায় এই গল্পটা খুব সাধারণ। কিন্তু গঁদারের ‘সাধারণ’ ছবিকেও পেছনে ফেলে দেওয়ার আগে বিচারকদের বুক একটু হলেও তো কাঁপতে বাধ্য।
সমালোচকদের চোখে, প্রবীণদের দলে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে সম্ভবত মাইক লেই। প্রশংসিত হয়েছে তাঁর ছবি মিস্টার টার্নার। ৭১ বছর বয়সী এই ব্রিটিশ কিংবদন্তি যদি আবারও স্বর্ণ পাম জিতে নেন, অবাক হওয়ার কিছু থাকবে না। প্রশংসিত হয়েছে এই ছবিতে টিমোথি স্পালের অভিনয়ও।
টু ডেজ অ্যান্ড ওয়ান নাইট ছবিটা কেমন হয়েছে সেই বিবেচনা পরে। তামাম বিশ্বের সিনেমাপ্রেমীরা জানেন দারদেন-ভ্রাতৃদ্বয়ের ছবি মানেই কান উৎসবে বড় কিছু। একাধিকবার স্বর্ণ পাম জয়ের রেকর্ড আছে তাঁদের দখলে। বয়স ৬০ পেরিয়েছে কিন্তু বেলজিয়ামের জঁ পিয়ের দারদেন এবং লুক দারদেন এখনো সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে র্স্বণ পাম নিজেদের বগলদাবা করে নেওয়ার ক্ষমতা রাখেন।
২০০৬ সালে দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি দিয়ে কাঁপিয়েছিলেন কান উৎসব। এবারে বর্ষীয়ান ব্রিটিশ পরিচালক কেন লোচের ছবি জিমিস হল। দেখা যাক কী হয়।
ছবির কাহিনির চেয়েও মুখ্য আলোচনার বিষয় ক্রনেনবার্গের ম্যাপস টু দ্য স্টারস ছবির ঘরানা। কমেডি? হরর? নাকি থ্রিলার? সব মিলিয়ে বলতে গেলে এই দফায় বিচিত্র আর মিশ্র এক ঘরানার জন্ম দিয়েছেন ক্রনেনবার্গ। কান উৎসবের বিচারকদের এই ছবি কতটা মুগ্ধ করতে পারল, সেটা সময়ই বলে দেবে।

অলিভিয়ের  আসাইয়াসের  ক্লাউডস অব সিলস মারিয়া
অলিভিয়ের আসাইয়াসের ক্লাউডস অব সিলস মারিয়া

প্রবীণ নির্মাতাদের দলে আরও আছেন টমি লি জোন্স। হিলারি সোয়াঙ্ক ও তাঁর অভিনীত ওয়েস্টার্ন ছবি দ্য হোমসম্যানও আছে ব্যাপকভাবে আলোচনায়।
তরুণদের দলে সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে এই মুহূর্তে কানাডিয়ান বংশোদ্ভূত পরিচালক শাভিয়ের দোলানের মমি । এক বিধবা নারী আর ১৫ বছর বয়সী বখে যাওয়া ছেলেকে নিয়ে এই ছবির গল্প। প্রচার-প্রচারণা চলছে জাপানের ফুটাতশিমু নো মাদো (স্টিল দ্য ওয়াটার) নিয়েও।
নবীন নারী নির্মাতা হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় মনে হচ্ছে ইতালিয়ান নির্মাতা অ্যালিস ররওয়াশেরকে। তাঁর ছবি লে মেরাভিগেল স্বর্ণ পাম জিতে নিতেই পারে। আর কে না জানে এবারে বিচারকেরা নারী নির্মাতাদের তুলে আনার জন্য উন্মুখ।
নবীন-প্রবীণের লড়াইয়ের মাঝামাঝি আছেন আরও দুই খ্যাতিমান নির্মাতা। মিসরীয় বংশোদ্ভূত কানাডিয়ান পরিচালক অ্যাটম ইগোয়ান এবং ফ্রান্সের মিশেল আজানাভিকুস।
অ্যাটম ইগোয়ানের তারকাবহুল ছবি দ্য ক্যাপটিভ এবারের উৎসবের অন্যতম উপভোগ্য ছবি। তবে এসবই শুধু আলোচনা আর চায়ের কাপে ঝড়। ২৪ মে আসছে চূড়ান্ত ফয়সালা। শেষ পর্যন্ত কোন দেশে যাবে স্বর্ণ পাম সেটা আগেভাগে বলা সুকঠিন। কারণ, কান চলচ্চিত্র উৎসব সব সময়ই অভিনবত্বে বিশ্বাসী। তাই চোখ-কান খোলা রাখতে হবে আর্জেন্টিনার রিলেটোস সালভাজেস (ওয়াইল্ড টেলস), যুক্তরাষ্ট্রের ফক্স ক্যাচার, ক্লাউডস অব সিলস মারিয়া আর টিম্বাকটুর মতো ছবিগুলোর দিকেও।