স্বর্ণ সিংহজয়ী ‘পিয়েতা’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে স্বর্ণ সিংহ জিতেছে দক্ষিণ কোরিয়ার ‘পিয়েতা’। ‘দ্য মাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফিলিপ সেম্যর হফম্যান ও জোয়াকিন ফিনিক্স। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘ফিল দ্য ভয়েড’ চলচ্চিত্রের অভিনেত্রী হাদাস ইয়ারন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিম কি-দুক পরিচালিত দক্ষিণ কোরিয়ার ‘পিয়েতা’ চলচ্চিত্রটির কাহিনিতে ফুটে উঠেছে হিংস্রতার আলেখ্য আর বর্বরতার বিপরীতে ভালোবাসা। হিংস্র স্বভাবের এক ঋণ সংগ্রাহককে মুখোমুখি হতে হয় চরম বাস্তবতার। যখন তাঁর সামনে এক রহস্যময় নারী এসে দাবি করে বসেন যে, তিনিই তাঁর মা। বদলে যেতে শুরু করে তাঁর জীবন। আর বদলে যাওয়া জীবনে সৃষ্টি হয় নানা টানাপোড়েন।‘পিয়েতা’ অর্থ করুণা বা দয়া করা। ছবিতে ‘গ্যাং ডো’ নামের একজন ঋণ সংগ্রাহকের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যার কেউ বেঁচে নেই। তাঁর কাজ উৎপীড়ন করে হলেও ঋণ আদায় করে দেওয়া। তবে চলচ্চিত্র সমালোচকরা বলছেন, ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে মানসিক দ্বন্দ্ব আর সংঘাত। ছবিটি শুরুতে সংঘাতপূর্ণ হলেও শেষ দিকে মোড় নেয় কোরিয়ার প্রচলিত চলচ্চিত্রগুলোর মতই, প্রতিশোধ প্রবণতার দিকে। এ চলচ্চিত্রটির সংঘাতের মধ্যে পরিচালক সূক্ষভাবে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার জয়।ভেনিস চলচ্চিত্র উৎসব মাতাতে এবং চলচ্চিত্র বোদ্ধাদের মন জয় করতে এ কাহিনিই যথেষ্ট ছিল। তাই এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের ১৮টি ছবির মধ্যে ‘পিয়েতা’ সেরা ছবি হিসেবে জিতে নিয়েছে গোল্ডেন লায়ন বা স্বর্ণ সিংহ। ৮ সেপ্টেম্বর ভেনাস চলচ্চিত্র উৎসবের পুরস্কার ঘোষিত হয়েছে। গোল্ডেন লায়ন বা স্বর্ণ সিংহ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোরিয়ার ভাষায় একটি গান গেয়ে শোনান পিয়েতার পরিচালক কিম কি-দুক। গানের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এমন একটি গান, যখন আমরা খুব দুঃখ পাই বা খুশি হই, তখনই কেবল গেয়ে থাকি।’পিয়েতা ছাড়াও ভেনিসের এবারের উৎসবে পুরস্কার জিতেছে সায়েন্টোলজি থিমের ওপর তৈরি পল থমাস অ্যান্ডারসনের ‘দ্য মাস্টার’। ‘সিলভার লায়ন’ পুরস্কার পেয়েছেন এ চলচ্চিত্রের পরিচালক থমাস অ্যান্ডারসন। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যৌথভাবে ফিলিপ সিমুর হফম্যান ও জোয়াকিন ফিনিক্স। হফম্যান মূলত সায়েন্টোলজির প্রতিষ্ঠাতার ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেলেন, যা তাঁকে অস্কার পুরস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে রাখবে।অস্ট্রিয়ার আলরিচ সেইডির ‘প্যারাডাইস: গ্লোব’ বিশেষ জুরি পুরস্কারে রানারআপ হয়েছে। এবারের উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘ফিল দ্য ভয়েড’ চলচ্চিত্রের অভিনেত্রী হাদাস ইয়ারন। সেরা স্ক্রিনপ্লের বা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অলিভার অ্যাসেইস, ‘অ্যাপরেস মাই’ চলচ্চিত্রটির জন্য। সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন ‘ই স্ট্যাটো টু ফিগলিও’ চলচ্চিত্রের জন্য ইতালির ড্যানিয়েল সিপরি।প্রসঙ্গত, ২৯ আগস্ট মিরা নায়ার পরিচালিত ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছিল এবারের ৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। ১১ দিনের ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৮টি ছবি প্রতিযোগিতা করছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ‘সামথিং ইন দ্য ইয়ার’ (ফ্রান্স), ‘টু দ্য ওয়ান্ডার’ (যুক্তরাষ্ট্র), ‘অ্যাট অ্যানি প্রাইস’ (যুক্তরাষ্ট্র), ‘ডরম্যান্ট বিউটি’ (ফ্রান্স, ইতালি), ‘ফিল দ্য ভয়েড’ (ইসরায়েল), ‘প্যাশন’ (ফ্রান্স, জার্মানি), ‘সুপারস্টার’ (ফ্রান্স, বেলজিয়াম), ‘পিয়েতা’ (দক্ষিণ কোরিয়া), ‘আউটরেজ বিয়ন্ড’ (জাপান), ‘দ্য উম্ব’ (ফিলিপাইন), ‘বিট্রেয়াল’ (রাশিয়া) প্রভৃতি।